‘রক্ষণশীল ভারত!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত অর্ধশতাব্দীতে উপমহাদেশের দেশগুলোতে লোকাচার আর পশ্চিমা আচারের বিবাদ বেড়েছে না কমেছে, তা তর্কসাপেক্ষ। তবে ভারতে ভিনদেশি আচারকে যে ‘বরদাশত’ করা হচ্ছে না, সেটি পরিষ্কার হতে শুরু করেছে। আফগানিস্তানের কট্টর ও রক্ষণশীল তালেবান সমাজের মতো ভারতীয় সমাজও পশ্চিমা উদারপন্থীদের কাছে আতঙ্কের বিষয় হিসেবে দেখা দিচ্ছে। বহু সংস্কৃতির ভারতীয় সমাজকে যেন তালেবান ভূতে ধরেছে।ভারতের ক্রমবর্ধমান এ ‘রক্ষণশীলতায়’ দেশটিতে সক্রিয় অনেক বিদেশি সংস্থা এখন আতঙ্কে ভুগছে। এর সর্বশেষ প্রমাণ হলো, কর্মীদের প্রতি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) জারি করা নতুন নির্দেশ। ভারত ভ্রমণের সময় খোলা পা প্রদর্শন না করতে বা আঁটসাঁট পোশাক না পরতে সম্প্রতি কর্মীদের প্রতি নির্দেশ জারি করেছে ব্যাংকটি। কারণ হিসেবে সংস্থাটি বলেছে, ওসব আচরণ করলে কর্মীরা পথেঘাটে যৌননিপীড়নের শিকার হতে পারেন।ম্যানিলাভিত্তিক এডিবি এখন উত্তর প্রদেশে তার চার হাজার প্রতিনিধিকে নিয়ে ৪৬তম বার্ষিক সভা চালাচ্ছে। এ সভায় অংশ নেওয়া প্রতিনিধিদের প্রতি নতুন নির্দেশ জারি করা হয়েছে।সভায় অংশ নিতে ৬৭টি দেশ থেকে যেসব প্রতিনিধি এসেছেন, তাঁরা নয়দা, গ্রেটার নয়দা ও দিল্লির বিভিন্ন হোটেলে অবস্থান করবেন। সংস্থাটি জানিয়েছে, সভায় বিশ্ব অর্থনীতি, এশিয়ার চ্যালেঞ্জ ও উন্নয়ন বিষয়ে আলোচনা হবে।এডিবির ওয়েবসাইটে প্রতিনিধিদের জন্য টুকিটাকি তথ্যে বলা হয়েছে, ভারতীয়রা পোশাকের ব্যাপারে ভীষণ রক্ষণশীল। তাই নারীদের বাইরে বের হওয়ার সময় শালীন পোশাকে, বিশেষত পা ঢেকে রাখতে বলা হয়েছে।এডিবির উপদেষ্টা ওই ওয়েবসাইটে বলেন, ‘ট্রাউজারস চলবে, তবে শর্টস বা খাটো স্কার্ট অনেককেই আহত করবে। ভারতীয় উষ্ণ আবহাওয়ায় শীতল থাকতে চাইলে, সুতি কাপড়ই ভালো। পায়ে চপ্পল হলেই ভালো।’ওয়েবসাইটটির ‘রিড মোর’ বাটনে ক্লিক করলে ট্রাভেল ইন্ডিয়া ডটকম ওয়েবপেজ খুলবে। ভারত ভ্রমণে কী কী করা উচিত বা উচিত নয়, তা সেখানে বিস্তারিত বলা আছে। ছবি তোলা, তীর্থস্থানে যাওয়া, খাবার খাওয়া, সময়ের ধারণা, বকশিশ দেওয়া, দিবানিদ্রা বা হুট করে কিছু বলে ফেলার মতো অনেক বিষয়ে করণীয় বাতলে দেওয়া হয়েছে ওয়েবসাইটটিতে।সমকামীদের জন্যও একটি অংশ আছে। সেখানে বলা হয়েছে, ‘ভারতে ভ্রমণের সময় আপনি দেখবেন অনেক পুরুষ একে অপরের হাত ধরে চলছে। একে যৌন সম্পর্ক হিসেবে দেখবেন না, হয়তো এদের কেউই সমকামী নয়। ভারতীয় সমাজে সমকামীরা সাধারণত গোপনীয়তা বজায় রেখে চলে, কারণ ওখানে সমকামিতা গ্রহণযোগ্য নয়। ওখানে নিজেকে সমকামী ঘোষণা করার অর্থ হলো, আপনি পরিবার ও বন্ধুদের জন্য অসম্মান বয়ে আনলেন।’ আরও বলা হয়, বড় বড় শহরে বা অভিজাত সমাজে সমকামিতা নিষিদ্ধ নয়, তবে জনসম্মুখে পরস্পরের প্রতি ভালোবাসা প্রদর্শনে সাবধান হওয়া ভালো।ওয়েবসাইটটিতে বলা হয়েছে, ‘প্রকাশ্যে আলিঙ্গন করা বা চুমু খাওয়ার মতো আচরণ (সমকামীসহ) সবার জন্য পরিত্যাজ্য। ভারতে সমকামিতা বেআইনি এবং দেশটির ফৌজদারি আইন অনুযায়ী সমকামীদের সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। যেহেতু ভারতে আইনের কড়াকড়ি প্রয়োগ হয়, তাই সেখানকার কারাগারগুলো এখন হাজতিতে পূর্ণ।’ আরেক অংশে বলা হয়েছে, ভারতে চুমু খাওয়া বা আলিঙ্গনকে যৌনকর্মের অংশ বলে মনে করা হয়। তাই ভ্রমণকারীদের এসব করা থেকে বিরত থাকতে উপদেশ দেওয়া হয়েছে, ‘দম্পতিদের হাত ধরাধরি করাও ভালো চিন্তা না।’খাওয়ার পদ্ধতি বিষয়ে বলা হয়েছে, ‘শক্ত বা তরল খাবার খাওয়ার সময় তাতে ঠোঁট লাগবেন না, কারণ ভারতীয় সমাজে এঁটো খাবারকে খুব খারাপ চোখে দেখা হয়।’উদাহরণ হিসেবে, ‘রুটিতে একটি কামড় দিয়ে অন্যের দিকে বাড়িয়ে দিলেন, এমনটি করবেন না। যখন কোনো বোতল বা কাপ থেকে তরল কিছু খাবেন, তখন পাত্রে ঠোঁট লাগাবেন না, খাবার সরাসরি মুখে ঢেলে দিন। এসব আচরণ আপনাকে হেপাটাইটিসের মতো জীবাণুর সংক্রমণ থেকে রক্ষা করবে। খাওয়ার আগে ও পরে হাত ভালো করে ধোয়া ভারতের কৃষ্টির অংশ।’