‘রবীন্দ্রনাথ ও চলচ্চিত্র’
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম যৌথভাবে রবীন্দ্র-চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে। গতকাল রোববার শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে ‘রবীন্দ্রনাথ এবং চলচ্চিত্র’ শিরোনামের এ উৎসব শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দ শামসুল হক। শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফোরামের সভাপতি মোরশেদুল ইসলাম। আলোচনা করেন কবি সাজ্জাদ শরিফ।সপ্তাহব্যাপী এ উৎসবে রবীন্দ্রনাথের কাহিনি ও তাঁকে নিয়ে নির্মিত মোট ১৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এ ছাড়া আগামী শুক্রবার ‘রবীন্দ্রনাথ ও বাংলা চলচ্চিত্র’ শিরোনামে সেমিনারের আয়োজন করা হয়েছে। শিল্পী মুস্তাফা মনোয়ারের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত থাকবেন সলিমুল্লাহ খান, আনোয়ার হোসেন, জাহিদুর রহিম এবং হাসান জাফরুল।