‘রবীন্দ্রসমগ্র’-এর দশম খণ্ড প্রকাশিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠক সমাবেশ থেকে রবীন্দ্রসমগ্র-এর দশম খণ্ড প্রকাশিত হয়েছে। কবিগুরুর সার্ধশততম জন্মজয়ন্তী উপলক্ষে এই প্রকাশনা প্রতিষ্ঠান ২৫ খণ্ডে তাঁর সমগ্র রচনা প্রকাশের উদ্যোগ নিয়েছে। প্রকাশক সাহিদুল ইসলাম জানিয়েছেন, একাদশ খণ্ডের মুদ্রণকাজ চলছে। প্রস্তুতি আছে নভেম্বর মাসে আরও অন্তত দুটি খণ্ড প্রকাশ করার। বিদ্যুতের সমস্যায় প্রকাশনা ও বাঁধাইয়ের কাজে কিছুটা মন্থরতার সৃষ্টি হয়েছে বলে প্রত্যাশিত সময়ে খণ্ডগুলো বাজারে আসতে পারছে না। গত ২৫ বৈশাখ, মে মাসে রবীন্দ্রসমগ্র-এর প্রথম খণ্ডটি প্রকাশিত হয়েছিল। এ পর্যন্ত ছয় মাসে ১০টি খণ্ড প্রকাশিত হলো। তবে বিদ্যুৎ-বিভ্রাট ও অন্যান্য প্রতিবন্ধকতা অতিক্রম করে প্রকাশনার কাজ দ্রুত করতে গিয়ে বাঁধাই ও ছাপার মানে কিছুটা সমস্যা হচ্ছে। সে ক্ষেত্রে বাদবাকি খণ্ডগুলো যদি একটু সময় নিয়ে প্রকাশ করা হয়, তবে বইগুলোর ছাপার মান আরও উন্নত হতে পারে। সে ক্ষেত্রে যাঁরা আগাম মূল্য দিয়ে গ্রাহক হয়েছেন, তাঁরা অবশ্য প্রতিটি খণ্ড প্রকাশিত হলেই হাতে পাবেন। এদিকে ইতিমধ্যে কাগজের দাম ও আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় এখন ২৫ খণ্ডের রবীন্দ্রসমগ্র-এর দাম ১০ হাজার টাকার পরিবর্তে ১২ হাজার টাকা করা হয়েছে বলে তিনি জানান। তবে আগ্রহী গ্রাহকেরা আগাম পাঁচ হাজার টাকা দিয়ে এবং বাকি সাত হাজার টাকা পরে বই গ্রহণের সময় পরিশোধ করার সুযোগ পাবেন। আগাম টাকা পাঠানো যাবে ন্যাশনাল ব্যাংকের যেকোনো শাখা থেকে ৬৭৩৩০১২১৩৬১ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যেকোনো শাখা থেকে ০১-৬৬৫১৯৩৩০১ নম্বর অ্যাকাউন্টে পাঠক সমাবেশের নামে। মুদ্রণ খরচ যেভাবে বেড়ে যাচ্ছে, তাতে ২৫ খণ্ডের সমগ্রটি প্রকাশ সম্পূর্ণ হলে এর দাম ২০ হাজার টাকা দাঁড়াবে বলে সাহিদুল ইসলাম জানিয়েছেন।সদ্য প্রকাশিত দশম খণ্ডে রয়েছে—কবিতা ও গান: বীথিকা, পত্রপুট, শ্যামলী। নাটক ও প্রহসন: শেষরক্ষা, পরিত্রাণ। উপন্যাস ও গল্প: গল্পগুচ্ছ। প্রবন্ধ: জাপান-যাত্রী, যাত্রী, পশ্চিম যাত্রীর ডায়েরি, জাভা-যাত্রীর পত্র, রাশিয়ার চিঠি ও মানুষের ধর্ম। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, ইংরেজি সমুদয় রচনা, চিঠিপত্র, গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা, আলোকচিত্র এবং চিত্রকর্ম নিয়ে ২৫টি খণ্ডে রবীন্দ্রসমগ্র প্রকাশ করছে পাঠক সমাবেশ। প্রতিটি খণ্ড ইন্দোনেশিয়ার ৭০ গ্রাম হালকা বাদামি রঙের অফসেট কাগজে ছাপা এবং শক্ত বোর্ডে রেক্সিন বাঁধাই করা।