‘রমজানে চিনির ঘাটতি থাকবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ বলেছেন, দেশে বর্তমানে এক লাখ ৯০ হাজার মেট্রিক টন চিনি মজুদ আছে। ফলে আগামী রমজানে বাজারে চিনির ঘাটতি দেখা দেবে না। দেশে বর্তমানে ছয় লাখ মেট্রিক টন ইউরিয়া সারের মজুদ রয়েছে, যা আগামী মৌসুমে সরবরাহ করা হবে।এ ছাড়া ছাতক সিমেন্ট কারখানা বেসরকারি খাতে দেওয়ার প্রস্তাব নাকচ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি তোফায়েল আহমেদ সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান। কমিটি সূত্র জানায়, ছাতক সিমেন্ট কারখানা দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত সিমেন্ট কারখানা। সম্প্রতি বেসরকারি প্রতিষ্ঠান ক্রাউন সিমেন্ট সরকারি এ প্রতিষ্ঠানের ৮০ শতাংশ মালিকানা কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) বোর্ডের বিবেচনায় আছে। বোর্ডের আগামী বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। তোফায়েল আহমেদ বলেন, দেশে শুধু ছাতক সিমেন্ট কারখানা এবং লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানির ক্লিংকার উৎপাদনের ক্ষমতা আছে। বাকি যেসব প্রতিষ্ঠান সিমেন্ট উৎপাদন করে, তারা ক্লিংকার আমদানি করে থাকে। ছাতক করাখানায় একই সঙ্গে ক্লিংকার ও সিমেন্ট উত্পাদন করে। প্রতিষ্ঠানটি এখনো লাভজনক। মাত্র ৫০০ কোটি টাকা ব্যয় করে এ প্রতিষ্ঠানটির আধুনিকায়ন করলে বছরে ১৫ লাখ মেট্রিক টন ক্লিংকার উৎপাদন করতে পারবে। একই সঙ্গে সিমেন্টও উৎপাদন করতে পারবে। এই প্রতিষ্ঠানটি কেনার জন্য প্রস্তাব এসেছে। সংসদীয় কমিটি এই প্রস্তাব নাকচ করার সুপারিশ করেছে। বেসরকারি খাতে দেওয়ার প্রয়োজন হলে সেটা দরপত্রের মাধ্যমে দিতে হবে। তবে সেটারও প্রয়োজন আছে বলে কমিটি মনে করে না। ব্রিফিংয়ে উপস্থিত কমিটির সদস্য মুহিবুর রহমান বলেন, ‘আমাদের বিরাষ্ট্রীয়করণের অভিজ্ঞতা ভালো নয়। সে জন্যই সরকারি এ প্রতিষ্ঠানটি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া ঠিক হবে না।’বৈঠকে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নিয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি বলেন, বিএসটিআইয়ের একার পক্ষে ভেজালবিরোধী অভিযান চালানো সম্ভব নয়। এ জন্য সব মন্ত্রণালয়কে নিয়ে সমন্বিত কার্যক্রম গ্রহণ করতে হবে।তোফায়েল আহমেদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য কামাল আহমেদ মজুমদার, মুহিবুর রহমান, জাহিদ মালেক, এস এম আবদুল মান্নান, আনোয়ারুল আশরাফ খান ও সুলতানা বুলবুল অংশ নেন। বিশেষ আমন্ত্রণে অংশ নেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।