‘মলেক দিন ধইরা এককেন কম্বলের জন্যি মেম্বরগরে বাড়িতে ধরনা দিচ্ছি। কিন্তুক তারা দেয় নাই। পরথম আলোক কম্বল দিয়া অনেক উপকার করলি। রাইতে অহন ঘুম আইব।’—সোয়েটার পেয়ে এভাবেই অনুভূতির কথা জানালেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পারতেতুলিয়া গ্রামের আলেয়া খাতুন। গত সোমবার ও গতকাল মঙ্গলবার নীলফামারী ও জয়পুরহাট এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ার বিভিন্ন স্থানে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:নীলফামারী: জেলার সদর উপজেলার টুপামারী ইউনিয়নের সরকারপাড়া ও ইটাখোলা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের দেড় শতাধিক দুস্থ শীতার্ত মানুষের মধ্যে গত সোমবার সন্ধ্যায় সোয়েটার ও জ্যাকেট বিতরণ করা হয়। সোয়েটার পেয়ে সরকারপাড়া গ্রামের রহিমা বেগম (৬০) বলেন, ‘এই সুইটার দিয়ায় এইবার মোর শীত যাইবে। ঠান্ডাতে যে মোর কী কষ্ট হইছে, এখান কম্বলের বাদে কত মাইসক কইছি কাও দেয় না। এই সুইটারটা দিয়া মোর খুব উপকার হইল।’ এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক অহিদুল ইসলাম, বন্ধুসভার জেলা শাখার সভাপতি নূর হোসেন, প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান, বন্ধুসভার সদস্য চয়ন, সিমি প্রমুখ।জয়পুরহাট: জয়পুরহাট শহর থেকে ১০ কিলোমিটার পশ্চিমে পালী গ্রামে আদিবাসী বেসরকারি রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিবাসী বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক আফরোজা বেগম, রিনা সরদার, রমেশ তির্কি ও কমল মিনজি, প্রথম আলোর জয়পুরহাট প্রতিনিধি আসাদুল ইসলাম, জয়পুরহাট গ্রন্থাগার ও ক্লাবের সহসভাপতি আজাহার আলী, জয়পুরহাট বন্ধুসভার সদস্য পিন্টু, সজীব, ফরহাদ ও পাপ্পু। কম্বল পেয়ে পালি গ্রামের ৯০ বছরের আদিবাসী বৃদ্ধা আসকি কুর্মি বলেন, ‘শীত্তে হামার এনা নিন (ঘুম) হয় না। সারা রাত শরীলটা খালি কাঁপে। কি ঠান্ডা বাতাস। তোমাগেরে কম্বলডা পায়া হামি ভাল করে ঘুমামো।’ এর আগে সোমবার রাতে জয়পুরহাট শহরের হরিজনপল্লিতে বন্ধুসভার বন্ধুরা বিভিন্ন হরিজন পরিবারে শীতবস্ত্র পৌঁছে দেয়।উল্লাপাড়া (সিরাজগঞ্জ): জেলার উল্লাপাড়ায় উপজেলার কাওয়াক, তেঁতুলিয়া, কোনাবাড়ি, চরপাড়া, পশ্চিমপাড়া ও শ্যামলীপাড়া গ্রামের ৫০ জন শীতার্ত মানুষের মধ্যে গতকাল কম্বল বিতরণ করা হয়। বিতরণ কর্মসূচির নেতৃত্ব দেন উল্লাপাড়া বন্ধুসভার সভাপতি মমতাজ হাসান। প্রথম আলোর উল্লাপাড়া প্রতিনিধি কল্যাণ ভৌমিক কম্বল বিতরণ কার্যক্রম সমন্বয় করেন। কম্বল পেয়ে কাওয়াক গ্রামের বৃদ্ধা সালেকা বেওয়া বলেন, ‘জারে কাহিল হইয়া গেছিলাম, কম্বলখান পাইয়া জেবনডা বাইচলোরে বাপ।’