‘রাইতোত দু-এক ঘণ্টা থাকলেও যায় আর আইসে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে কৃষকেরা জেনারেটরের সাহায্যে বৈদ্যুতিক মোটর চালিয়ে বোরো খেতে সেচ দিচ্ছেন। অব্যাহত লোডশেডিংয়ের কারণে কৃষকেরা বাধ্য হয়ে জেনারেটর ভাড়ায় এনে বোরো খেত বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।জানা গেছে, চলতি মৌসুমে কৃষকেরা প্রয়োজন অনুযায়ী বোরো খেতে পানি সরবরাহ করতে পারছেন না। এ কারণে খেত ফেটে চৌচির হয়ে গেছে। কৃষকদের অভিযোগ, সীমাহীন লোডশেডিংয়ের কারণে তাঁরা বৈদুতিক মোটর চালাতে পারছেন না। বৈদ্যুতিক মোটর চালিয়ে কৃষকেরা যাতে বোরো খেতে সেচ দিতে পারেন, এ জন্য সরকারিভাবে রাত ১১টা থেকে সকাল ছয়টা পর্যন্ত গ্রামীণ এলাকায় বিদ্যুৎ নিশ্চিতকরণের নির্দেশনা থাকলেও বিদ্যুৎ পাচ্ছেন না কৃষকেরা।উপজেলার রাধানগর ইউনিয়নের শাস্ত্রীপাড়া গ্রামে সরেজমিনে দেখা গেছে, কৃষক আবু বক্কর (৪৬) তাঁর বোরো খেত বাঁচাতে জেনারেটরের সাহায্যে বৈদ্যুতিক সেচ পাম্প চালিয়ে ভূগর্ভস্থ স্তর থেকে পানি উত্তোলন করে বোরো খেতে সেচ দিচ্ছেন। তিনি বলেন, ‘বাহে, বিদ্যুৎ থাকে না। রাইতোত দু-এক ঘণ্টা থাকলেও যায় আর আইসে। ভুঁই পানি বগরে ফাটি গেইছে। গাছের গালাত (গলায়) আটকি আছে ধান। বাইদ্য হয়া জেনাটার ভাড়া আনি ভুঁইয়োত পানি দেওচি। এ্যাংকা করি কি আবাদ করা যায়?’একই গ্রামের কৃষক মমিনুল ইসলাম ও রহমত আলী জেনারেটর ভাড়ায় এনে বোরো খেতে সেচ দিচ্ছেন। রহমত আলী (৪৮) বলেন, ‘ধান আবাদত এত দিন মেলায় টাকা খরচ করছি। ধান খ্যাত তো বাঁচাপার নাগবে। সেই জন্যে তিন দিন জেনাটার ভাড়া নিয়া আলচি। এক দিনের ভাড়া ৩০০ টাকা। ত্যাল খরচ হামার। এবার ধান আবাদ করি কোনো লাব হবার নেয়।’বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর এলাকার কৃষক মেহেরাব আলী, আক্কাছ আলী, ওবায়দুল হক শহিদুল ইসলাম লোডশেডিংয়ের কারণে বৈদ্যুতিক মোটরের পাশে কূপ খনন করেছেন। এই কূপ থেকে বালতি দিয়ে পানি তুলে তাঁরা বারো খেত বাঁচানোর চেষ্টা করছেন বলে জানান।স্থানীয় বিএনপি নেতা কাজী খয়রাত হোসেন জানান, এখন শহর এলাকার মানুষ মনে করছেন, বোরোতে সেচ দেওয়ার জন্য গ্রামে বিদ্যুৎ যাচ্ছে বেশি, আর গ্রামের কৃষকেরা মোটর চালাতে না পেরে বিদ্যুতের জন্য হা-হুতাশ করছেন। আসলে বিদ্যুৎ কোথাও থাকে না।স্থানীয় বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এ সময় দৈনিক ১১ মেগাওয়াট বিদ্যুৎ দরকার। কিন্তু পাওয়া যাচ্ছে দিনে গড়ে তিন মেগাওয়াট। এ কারণে লোডশেডিং বেশি হচ্ছে।রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ বদরগঞ্জ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. আলমগীর বলেন, ‘বিদ্যুৎ-সংকটের কারণে কিছুটা সমস্যা হচ্ছে। তার পরও উপজেলায় যেটুকু বিদ্যুৎ বরাদ্দ পাই, তা সেচ এলাকায় বেশি সময় ধরে রাখার চেষ্টা করছি।’উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল হক জানান, বোরো আবাদে সবচেয়ে বেশি প্রয়োজন পানি। এ সময় ধানগাছে থোড় আসতে শুরু করেছে। এখন খেতে সব সময় পানি রাখতে হবে। কিন্তু বিদ্যুতের কারণে কৃষকেরা জমিতে ঠিকমতো সেচ দিতে পারছেন না। বোরো খেতে সব সময় পানি না থাকলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে না।