ঢাকায় কাল শেষ হয়েছে আইটিএফ জুনিয়র টেনিস টুর্নামেন্ট। গ্রেড-৫-এর এই টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র সাফল্য দ্বৈতে বিপ্লব রাম-এর শিরোপাজয়। এই সাফল্যেও উচ্ছ্বসিত নয় ১৪ বছরের কিশোর। ধারাবাহিকতা ধরে রেখে খেলতে চায় এমন আরও অনেক টুর্নামেন্টে। হতে চায় এককে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ান খেলোয়াড় টমাসের সঙ্গে জুটি গড়ে দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছ। খেলা শুরুর আগে কি ভেবেছিলে এমন কিছু একটা হবে?বিপ্লব রাম: টুর্নামেন্টের আগে এসব নিয়ে ভাবিনি। চ্যাম্পিয়ন হতে পেরে খুব ভালো লাগছে। কিন্তু এককে চ্যাম্পিয়ন হলে সেই আনন্দটা একটু বেশি হতো। এর আগে তো একবার চ্যাম্পিয়ন হয়েছিলে আন্তর্জাতিক টুর্নামেন্টে?বিপ্লব: হ্যাঁ। তিন বছর আগে ঢাকাতেই এটিএফ অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবার এককে দ্বিতীয় রাউন্ডই পেরোতে পারলে না, সমস্যা কোথায় ছিল?বিপ্লব: ওই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে হেরেছি। ভারতের খেলোয়াড় সেদিন খুবই ভালো খেলেছিল। তুমি নাকি টেনিস ছেড়ে দিতে চেয়েছিলে? কেন?বিপ্লব: টেনিস খেলাটা আমার খুবই ভালো লাগে। কিন্তু আমাদের মতো গরিব ঘরের ছেলেরা খেলার জন্য তেমন সাহায্য-সহযোগিতা পায় না। আমার বাবা একজন মালী। ওনার সাধ থাকলেও সাধ্য নেই। টেনিস খুবই ব্যয়বহুল খেলা। এখানে র্যাকেট, বল, ড্রেস, কেডস কিনতে অনেক টাকার দরকার। কিন্তু আমার এসব কেনার কোনো সামর্থ্য নেই। কোনো স্পনসরও পাচ্ছিলাম না। ইচ্ছা থাকা সত্ত্বেও আমি এগোতে পারছিলাম না। একসময় মনে হলো, দূর, এসব খেলে কী হবে? রাগ করে খেলাই ছেড়ে দিয়েছিলাম। তোমাকে আবারও খেলায় ফেরালেন কে? বিপ্লব: সেটা ২০০৯ সালের ঘটনা। ফেডারেশনের নতুন কমিটি আসার পর আমিন স্যার আর কবির স্যার আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমিন স্যার আমার র্যাকেট-ট্যাকেট কিনে দেন। কবির স্যার ড্রেসআপের জন্য টাকাপয়সা দেন। তবে সব সময় চাই না। যখন আমার প্রয়োজন পড়ে, তখনই ওনারা দেন। খেলায় ফিরেই আমি এটিএফের এক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হই। এখনো আমার কোনো স্পনসর নেই। চ্যাম্পিয়ন তো হলে। এরপর তোমার পরিকল্পনা কী?বিপ্লব: স্বপ্ন দেখি আরও এমন অনেক টুর্নামেন্টে খেলব। কিন্তু আন্তর্জাতিক টুর্নামেন্ট আমরা বছরে একটাই খেলতে পারি। দেশের বাইরে যেসব টুর্নামেন্ট হয়, তাতে অংশ নিতে পারি না। আমাদের পাঠানো হয় না। তোমরা তো খেলো হার্ড কোর্টে। এক রকমের কোর্টে খেলতে কেমন লাগে?বিপ্লব: আমাদের কোর্ট খুবই মন্থর। তবু এখানেই খেলতে হয়। আমরা কখনো ঘাসের কোর্টে খেলিনি। ক্লে-কোর্ট তো চোখেই দেখিনি। বাইরে খেলতে গেলে তাই সমস্যায় পড়তে হয়। আমাদের দেশে সব রকমের কোর্টই থাকা উচিত। তুমি আর কোন দেশে খেলেছ?বিপ্লব: ২০১০ সালে একটি অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে খেলতে শ্রীলঙ্কায় গিয়েছিলাম। ওখানে গ্রুপ পর্যায়ে হেরে যাই। ওখানে যাওয়ার আগে মাত্র এক মাস প্র্যাকটিস করেছিলাম।