‘রাগ করে হাত কেটে ফেলেছিলাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ বছর ধরে টেবিল টেনিস খেলছেন। মা হয়েছেন কিছুদিন আগে। তার পরও ঘরকন্না সামলে খেলার টানে টিটি কোর্টে ছুটে এসেছেন সীমা দেবনাথ। লোডশেডিংয়ের কারণে পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে উন্মুক্ত টিটিতে অংশ নেওয়ার আগেই দরদরিয়ে ঘামছিলেন গত এসএ গেমসে ব্রোঞ্জজয়ী দলের সদস্য। মেয়ে মেঘাকে নিয়ে খেলাটা কষ্টের, তবুও টিটি ছাড়তে চান না এই মা টুর্নামেন্টের জন্য প্রস্তুতি কেমন?সীমা দেবনাথ: প্রস্তুতি কিছুই নিতে পারিনি। প্রায় দেড় বছর পর আবার ব্যাট হাতে তুলব। বুঝতে পারছি না কেমন খেলব। এত দিন কেন কোর্টে নামা হয়নি?সীমা: (কোলের মেয়েকে দেখিয়ে) ওর জন্য। ও সিজারিয়ান বেবি, এ জন্য খেলতে চাইলেও পারতাম না। বিমানের হয়ে গত বছর অন্তঃসত্ত্বা অবস্থায় খেলতে গিয়ে একবার মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। এরপর থেকেই খেলা বন্ধ। আবার কী মনে করে কোর্টে ফিরলেন?সীমা: খেলা আমার নেশা। খেলা ছেড়ে এক মুহূর্তে থাকতে পারি না। এটা রক্তে মিশে গেছে। আমার বাবা অনেক পছন্দ করতেন টিটি। উনিই আমাকে টিটি খেলা শিখিয়েছেন। পরিবারের আর কেউ খেলেন?সীমা: আমার দুই বোনও টিটি খেলত। বিয়ে হওয়ার পর ওরা খেলা ছেড়ে দিয়েছে। কিন্তু আপনি তো খেলা ধরে রেখেছেন?সীমা: হ্যাঁ। এই খেলা-খেলা করে কম যুদ্ধ করতে হয়নি। মেঘার বাবা মাধব দেবনাথ চিকিৎসক। ও আমাকে একদমই খেলতে দিতে চায় না। বলে, খেলার দরকার নেই, ঘরেই থাকো। কিন্তু আমি একপ্রকার বিদ্রোহ ঘোষণা করেই চলে এসেছি। আমি বলেছি আমার সংসার যদি না-ও টেকে তবুও খেলা ছাড়তে পারব না। খেলবই।  এটা নিয়ে তাহলে ঝগড়াঝাঁটি হয়?সীমা: তা তো হয়ই। এই যে দেখুন (হাতের কবজিতে সেলাইয়ের চিহ্ন দেখিয়ে) ওর সঙ্গে রাগ করে আমি হাত কেটে ফেলেছিলাম। শুধু খেলার জন্যই এটা করেছিলাম।  আপনাদের বিয়েটা কি পরস্পরের জানাশোনা থেকে?সীমা: হ্যাঁ। সে এক মজার ঘটনা। আমি একটু-আধটু লেখালেখি করি একটা ম্যাগাজিনে। সেখানে প্রতিটি গল্পের শেষে লেখকের মোবাইল নম্বর দেওয়া হয়। আমার একটা লেখা পড়ে ওর ভালো লেগে যায়। এরপর আমাকে ফোন করে। মোবাইলেই পরিচয়। এরপর বিয়ে। আপনার শ্বশুর-শাশুড়ির সমর্থন পান?সীমা: বিয়ের পর এ পর্যন্ত শ্বশুরবাড়ি যাইনি। ওনাদের এখনো দেখিইনি।  আপনি তো নড়াইলের মেয়ে। এখন নড়াইল থেকে ভালো মানের খেলোয়াড় উঠে আসছে না কেন?সীমা: শুধু নড়াইলেই নয়, দেশের যে পরিস্থিতি তাতে কোথাও খেলোয়াড় নেই। আসলে পৃষ্ঠপোষকতার অভাবেই এমনটা হচ্ছে। অনেক খেলোয়াড় ছিল যারা অর্থের অভাবে খেলাধুলা ছেড়ে দিয়েছে।  আপনি বিমানে খেলেছেন। বিমান তো তাদের ঐতিহ্য হারিয়ে ফেলেছে টিটিতে। খারাপ লাগে না? সীমা: খারাপ তো অবশ্যই লাগে। এখন বিমানে ভালো মেয়ে খেলোয়াড় নেই। দলও ভালো গড়া হয় না। এটা ভাবতেই খুব খারাপ লাগে।  আর কত দিন খেলতে চান?সীমা: যত দিন ফিট থাকব, যত দিন শক্তি থাকবে তত দিন খেলব।  টুর্নামেন্টে মেয়েদের প্রাইজমানি ছেলেদের চেয়ে কম। বিষয়টাকে কীভাবে দেখেন?সীমা: মেয়ে ও ছেলের সম-অধিকারের কথা বলা হচ্ছে। কিন্তু এই সমাজে সেটার প্রতিফলন নেই। ফেডারেশনের উচিত ছিল সবাইকে সমান প্রাইজমানি দেওয়া।