দ্বিতীয়বারের মতো গার্ডার ধসে পড়া চট্টগ্রামের বহদ্দারহাট উড়ালসড়ক নির্মাণের পরতে পরতে আছে রাজনীতি। নগর মহাপরিকল্পনাকে পাশ কাটিয়ে করা এ প্রকল্প বাস্তবায়নকারী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সরকারি দল আওয়ামী লীগের নেতা। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকও একই দলের প্রয়াত নেতা। তাঁর হয়ে যাঁরা কাজ তদারক করছেন, তাঁরাও সরকারি দলের সঙ্গে যুক্ত। তাই প্রশ্নবিদ্ধ যোগ্যতা নিয়ে এত বড় প্রকল্প পেয়ে ঠিকাদারি ও পরামর্শক প্রতিষ্ঠান যেনতেনভাবে কাজটি করছে বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রামের বহদ্দারহাট জংশনে উড়ালসড়ক নির্মাণের কাজ পেয়েছে মীর আখতার-পারিসা ট্রেড সিস্টেম (জেবি)। তবে নির্মাণের কাজটি করছে পারিসা এন্টারপ্রাইজ। এর মালিক আওয়ামী লীগের প্রয়াত নেতা জাহাঙ্গীর সাত্তার টিংকু। প্রতিষ্ঠানের হয়ে এখন কাজ তদারক করছেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি এম আবদুর রাজ্জাক। এত বড় কাজের অভিজ্ঞতা পারিসা এন্টারপ্রাইজের নেই বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এ জন্য তারা ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তারের লাইসেন্স ব্যবহার করে যৌথ প্রতিষ্ঠানের ব্যানারে কাজ নেয় । সর্বশেষ প্রণীত চট্টগ্রাম মহানগর উন্নয়ন মহাপরিকল্পনায় বহদ্দারহাটে উড়ালসড়ক নির্মাণের পরিকল্পনা নেই। নগর পরিকল্পনাবিদেরা বলছেন, রাজনৈতিক চমক সৃষ্টি করতে এখানে উড়ালসড়ক নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সিডিএর বর্তমান চেয়ারম্যান আবদুচ ছালাম চট্টগ্রাম নগর আওয়ামী লীগের অর্থ সম্পাদক। এটি অতিরিক্ত সচিব পদমর্যাদার পদ হলেও এবারই প্রথা ভেঙে রাজনৈতিক লোককে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। বহদ্দারহাট উড়ালসড়কের প্রকল্প পরিচালক সিডিএর নির্বাহী প্রকৌশলী এ এ এম হাবিবুর রহমান। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ১২টি মামলা করেছে। মামলাগুলোর বিচারকাজ চলছে। এবারের দুর্ঘটনায় প্রাণহানীর পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বহদ্দারহাট উড়ালসড়কের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে এসএআরএম-ডিপিএম অ্যাসোসিয়েটস। দুর্ঘটনার পর থেকে এ প্রতিষ্ঠানের মালিককে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করছেন, এ কাজে প্রতিষ্ঠানটির অভিজ্ঞতা আছে কি না, তা নিয়ে তাঁরা সন্দিহান। জানতে চাইলে সিডিএর প্রধান প্রকৌশলী নাসিরউদ্দিন মাহমুদ চৌধুরী বলেন, পরামর্শক প্রতিষ্ঠানের এ রকম উড়ালসড়ক নির্মাণের অভিজ্ঞতা আদৌ আছে কি না, তা তাঁর জানা নেই। তিনি জানান, এ কাজের জন্য প্রতিষ্ঠানটিকে ৯০ লাখ টাকা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যেমন রাজনৈতিক বিবেচনায় এ উড়ালসড়কের নির্মাণকাজ শুরু হয়েছে, তেমনি রাজনৈতিক কারণেই তাড়াহুড়ো করে নির্মাণকাজ শেষ করতে যাচ্ছিল সিডিএ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এনে এর ভিত্তিপ্রস্তর উদ্বোধনও করানো হয়েছিল। আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চে আবার প্রধানমন্ত্রীকে দিয়ে এটি গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়। এ জন্যই তাড়াহুড়ো করে কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়।অগ্রাধিকার বাছাইয়ে রাজনীতিই গুরুত্ব পায়: ১৯৯৫ সালে প্রণীত চট্টগ্রাম উন্নয়ন মহাপরিকল্পনায় বহদ্দারহাট উড়ালসড়ক নির্মাণের সুপারিশ নেই। নগর পরিকল্পনাবিদ সুভাষ বড়ুয়া বলেন, ‘নগর উন্নয়নের মহাপরিকল্পনায় যে অগ্রাধিকার ঠিক করা আছে, তা না মেনে বহদ্দারহাটে উড়ালসড়ক নির্মাণের পরিকল্পনাই ভুল। এ জন্যই প্রকল্পটি বাস্তবায়নের আগে আমরা এর বিরোধিতা করেছিলাম।’ তবে সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম দাবি করেন, যথেষ্ট পরীক্ষা-নিরীক্ষা করেই এ উড়ালসড়ক নির্মাণকাজ শুরু করা হয়েছে। এটি হলে নগরের যানজট সমস্যা দূর করার কাজ সহজ হবে। তিনি দাবি করেন, এ কাজ শেষ করা এখন চট্টগ্রামবাসীর দাবি। যেভাবে দুর্ঘটনা: নগর পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ঘটনার সময় উড়ালসড়কের দক্ষিণ দিক থেকে ৩ নম্বর গার্ডার ওঠানোর (লিফটিং) সময় দুটির মধ্যে একটি হাইড্রোলিক জ্যাক অকেজো হয়ে পড়ে। এতে ভারসাম্য হারিয়ে তাৎক্ষণিকভাবে গার্ডারটি ওই পাশের আরেকটি গার্ডারে ধাক্কা খায়। সেটি গিয়ে পড়ে আরেকটি গার্ডারের ওপর। এরপর তিনটি গার্ডার মুহূর্তে নিচে পড়ে যায়। এর প্রতিটি গার্ডার ১৩৭ ফুট লম্বা ও সাত ফুট চওড়া। ওজন ১০০ টন।তদন্তকারী কর্মকর্তাদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, গার্ডার ওঠানোর সময় মাত্র ছয়-সাতজন শ্রমিক ছিলেন। হাইড্রোলিক জ্যাক পরিচালনার কোনো দক্ষ কর্মী, ঠিকাদার প্রতিষ্ঠান বা সিডিএর কোনো প্রকৌশলী কিংবা পরামর্শক প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা তখন ছিলেন না। এ ধরনের কাজের সময় প্রকৌশলীদের উপস্থিত থাকার বাধ্যবাধকতা রয়েছে।দায় নিতে চায়না কেউ: গার্ডার ভেঙে পড়ার দায় নিতে চায় না ঠিকাদারি প্রতিষ্ঠান, সিডিএ বা পরামর্শক প্রতিষ্ঠান। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি হাসানুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘গার্ডার ভেঙে পড়লে ঠিকাদারের কী করার আছে? এসব দেখার দায়িত্ব সংশ্লিষ্ট প্রকৌশলীদের। সিডিএ ও পরামর্শক প্রতিষ্ঠানের প্রকৌশলীদের দায়িত্বহীনতার কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।’ হাসানুজ্জামান ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ নন বলে স্বীকার করেন। তবে মরহুম জাহাঙ্গীর সাত্তারের অনুরোধে কেবল প্রকল্প বাস্তবায়ন কাজ দেখভাল করছেন তিনি। অভিযোগ প্রসঙ্গে পরামর্শক প্রতিষ্ঠান এসএআরএম-ডিপিএম অ্যাসোসিয়েটসের প্রকৌশলী এ এম হান্নান জানান, উড়ালসড়কটি প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করানোর চিন্তা ছিল। তাই তাড়াহুড়ো কাজ করতে হচ্ছিল। গার্ডার লিফটিং কাজে নির্মাণশ্রমিকদের ভুলের কারণে দুর্ঘটনা ঘটে। আর সিডিএর প্রধান প্রকৌশলী নাসিরউদ্দিন মাহমুদ চৌধুরী বলেন, ‘গার্ডার ধসে পড়ার দায় ঠিকাদারি প্রতিষ্ঠান ও পরামর্শক প্রতিষ্ঠানের। আমাদের কাজটি দ্বিতীয় (সেকেন্ডারি) পর্যায়ে।’ এ বিষয়ে কথা বলতে পারিসা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি রাজ্জাকের মুঠোফোনে বহুবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। দুর্ঘটনার পর থেকে তাঁর ফোন বন্ধ রয়েছে। একইভাবে বন্ধ পাওয়া গেছে প্রকল্প পরিচালক এ এ এম হাবিবুর রহমানের ফোনও। পরস্পরের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যক্তিদের এ দোষ চাপানো প্রসঙ্গে নগর পরিকল্পনাবিদ ও স্থপতি জেরিনা হোসেনের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, সিডিএ, ঠিকাদারি ও পরামর্শক প্রতিষ্ঠান কোনোভাবে দায় এড়াতে পারে না। তাদের অদক্ষতা, অযোগ্যতা, গাফিলতি ও সমন্বয়হীনতার কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তাদের সবাইকে সমানভাবে দায় নিতে হবে। গত বছরের ১ জানুয়ারি ১ দশমিক ৩৩২ কিলোমিটার দৈর্ঘ্যের উড়ালসড়কটির নির্মাণকাজ শুরু হয়। আগামী বছরের ফেব্রুয়ারিতে ১০৬ কোটি টাকার এ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা। ইতিমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৭২ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। গত ২৯ জুন এই উড়ালসড়কের একটি গার্ডার পড়ে একজন রিকশাচালক আহত হয়েছিলেন। তখন ঠিকাদারি প্রতিষ্ঠানকে সতর্ক করে দেয় সিডিএ। আর ২৪ নভেম্বর সন্ধ্যায় তিনটি গার্ডার একসঙ্গে পড়লে ১২ জনের মৃত্যু হয়।