‘রাজশাহী শেষ বল পর্যন্ত ছাড়ে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক বছর ছিলেন অধিনায়কের ভূমিকায়। কিন্তু এবার কোচের ভূমিকায় খালেদ মাসুদ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রাজশাহী কাল জাতীয় লিগের টানা চতুর্থ শিরোপা জেতার পর বললেন কীভাবে সাফল্যের এই জাদুর কাঠিটা ধরে রেখেছেন টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হলো রাজশাহী। সাফল্যের রহস্য কী?খালেদ মাসুদ: স্টেডিয়ামের পাশাপাশি একাডেমি বা ট্রেনিংয়ের যে পরিবেশ দরকার, গোটা বাংলাদেশে সেটা একমাত্র রাজশাহীরই আছে। জাতীয় দলের খেলোয়াড়েরা যখন ছুটিতে বা অবসর সময়ে থাকে, তখন এখানে ওরা কঠোর অনুশীলন করে। তা ছাড়া আমাদের সবাই সবাইকে সহযোগিতা করে। সাফল্যের রহস্য এটাই। গত তিনবারের চেয়ে এবারই রাজশাহীতে তারকা ক্রিকেটার কম। বিষয়টা কতটা চ্যালেঞ্জ ছিল?মাসুদ: চ্যালেঞ্জ তো ছিলই। এবার রংপুর বিভাগীয় দল হওয়ায় বেশ কয়েকজন ভালো খেলোয়াড় রংপুর দলে চলে গেল। যেমন নাঈম ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, নাসির হোসেন, ধীমান ঘোষ। ওরা কিন্তু রাজশাহী দলে খেলেই প্রতিষ্ঠিত হয়েছে। যা-ই হোক, ভালোভাবে অনুশীলন করলে যে ভালো মানের ক্রিকেটার বের করে আনা যায়, সেটা আমরা দেখিয়েছি। রাজশাহীর সঙ্গে অন্য দলগুলোর পার্থক্যটা কোথায় দেখেন?মাসুদ: পার্থক্য একটাই—জয়ের ক্ষুধা। জেতাটা একটা অভ্যাসের ব্যাপার। যখন একটা দল চ্যাম্পিয়ন হতে থাকবে, তখন সব খেলোয়াড়ই চ্যাম্পিয়ন হতে চাইবে। তখন হারলে বা রানার্সআপ হলেও ভালো লাগবে না। এই ক্ষুধাটা আমাদের দলের খেলোয়াড়দের মধ্যে আছে। এখানে প্রতিপক্ষও জানে, রাজশাহী শেষ বল পর্যন্ত ছাড়ে না। ফাইনালের একপর্যায়ে খুলনা কেন ম্যাচে ফিরেও শিরোপা জিততে পারল না?মাসুদ: খুলনা দল পুরো লিগেই ভালো খেলেছে, অনেক বেশি পয়েন্ট নিয়ে ওরা ফাইনালে উঠেছে। কিন্তু ফাইনালে ওরা পাঁচ দিনের ম্যাচের মেজাজে খেলতে পারেনি। ওদের ব্যাটসম্যানরা বেশি শট খেলতে গিয়ে উইকেট দিয়ে এসেছে। তবে আমি মনে করি, এত বড় লিগের ফাইনাল হওয়া উচিত ছিল না। প্রতিবার চ্যাম্পিয়নের পেছনে আপনার কৃতিত্বকে বড় করে দেখা হয়। আপনি নিজের ভূমিকাটা কীভাবে দেখেন?মাসুদ: মূল কৃতিত্ব নিজেকে কখনোই দেব না। যোদ্ধারা ভালো না হলে নেতাও ভালো হতে পারে না। এখানে যারা খেলে, প্রত্যেকে ওই ভাবেই খেলার চেষ্টা করে। বলা হয়, রাজশাহী একটা পরিবারের মতো। এবং এটা আপনার ওপর নির্ভর করে দাঁড়িয়ে আছে। আপনি নিজে কি এটা মানেন?মাসুদ: এটা মানা না-মানার ব্যাপার নয়। আমি মনে করি, আমার ছোট ভাইগুলো খুব ভালো করছে। আমি একা কখনোই কোনো সিদ্ধান্ত নিই না। অনেকে হয়তো মনে করেন, আমি যা বলব, তা-ই হবে। আসলে সেটা নয়। সবার মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নিই। শেষ পর্যন্ত হয়তো আমিই দিই সিদ্ধান্তটা। আসলে আমি চাই ওদের মনের কথা বেরিয়ে আসুক। গতবারও ছিলেন অধিনায়ক। এবার কোচের ভূমিকায়। কতটা উপভোগ করছেন?মাসুদ: ভালোই উপভোগ করছি। আমার সঙ্গে যারা কাজ করেছে, এ জন্য আমি তাদের সবাইকে ধন্যবাদ দেব। এই যেমন সাদ ভাই, আলমগীর কবির, রফিকুল ইসলাম, সবাই। খেলা মিস করেন না?মাসুদ: হয়তো মিস করি। মাঝেমধ্যে তো মাঠে নামতে খুব ইচ্ছা করে। কিন্তু উপায় নেই। তার পরও বলব, সতীর্থ যারা আছে, ওদের সঙ্গ খুবই উপভোগ করি। এমনও হয়েছে যে ঢাকার বাসায় থাকি না। ওদের সঙ্গে হোটেলে থাকি, রিলাক্স করি। বসে গল্প করি। খেলা নিয়ে আলাপ-আলোচনা করি। এভাবেই সুন্দর সময় পার করি। ভবিষ্যতে কি পেশাদার কোচ হবেন?মাসুদ: তা বলতে পারব না। আল্লাহ কখন কী করেন, কে জানে! কিন্তু ইচ্ছা আছে এদিকেই থাকার।