‘রান করতে ভাগ্য লাগে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকে ব্যাটিংয়ে মনোযোগী হতে অধিনায়কত্ব ছেড়েছেন। তাঁর বেলায় উল্টো—নেতৃত্ব পেয়ে কাল সেঞ্চুরি করলেন ঢাকা গ্ল্যাডিয়েটরস অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। যে সেঞ্চুরি তাঁকে স্বপ্ন দেখাচ্ছে শ্রীলঙ্কা সফরের দলে থাকার কখন মনে হলো, সেঞ্চুরিটা হয়ে যাবে?মোহাম্মদ আশরাফুল: ১০ ওভার শেষে আমার রান ছিল ৫৬। তখন মনে হয়েছে, পুরো সময় খেলে আসলে সেঞ্চুরি হওয়ার সুযোগ আছে।  পুরো সময় খেলার লক্ষ্যই ছিল তাহলে...আশরাফুল: শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করার লক্ষ্য ছিল। আমি ৩ ওভার বল করেছি। তখনই মনে হয়েছে উইকেটটা খুব ভালো। এবারের বিপিএলের সেরা উইকেট। এমনকি ওরা ১৭৭ রান করার পর আমরা বলাবলি করছিলাম, যে ধরনের উইকেট, তাতে ওরা ২০ রান কম করেছে। দলের বিদেশি ক্রিকেটাররা বলছিলেন স্ট্রেট মারতে। আমিও প্রথম বাউন্ডারিটা মারার পর থেকেই সোজা খেলার চেষ্টা করেছি।  সব সেঞ্চুরিরই আনন্দ আছে। কিন্তু টি-টোয়েন্টির সেঞ্চুরি কি একটু বেশিই অন্য রকম?আশরাফুল: অন্যান্য সেঞ্চুরির চেয়ে টি-টোয়েন্টিরটা একটু অন্য রকম তো বটেই, এটা যেহেতু ২০ ওভারের খেলা। তা ছাড়া আজ (গতকাল) পরিস্থিতিও অন্য রকম ছিল। চার উইকেট পড়ে গেল, জেতার ব্যাপারও ছিল। এ ম্যাচে কি আগে থেকেই রান তাড়া করে জেতার পরিকল্পনা ছিল?আশরাফুল: এটাই পরিকল্পনা ছিল। আজই (গতকাল) প্রথম আমরা এত বড় একটা স্কোর তাড়া করে জিতলাম। এর আগে এ মাঠেই প্রথমে ব্যাট করে তিনবার দুই শ করেছি। চেজ করেছি কমই। তবে সেমিফাইনালের আগে সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ইচ্ছাটা ছিল। বড় স্কোর না করার পেছনে ভাগ্যকে দোষ দেন সব সময়। আজ (গতকাল) তাহলে ভাগ্যও সহায় ছিল... আশরাফুল: অবশ্যই, বড় রান করতে ভাগ্য লাগে। গত দুটো ম্যাচেই আমি এমন জায়গায় বল তুলে আউট হয়েছি, যেখানে ফিল্ডার ছিল। আর আজ যেটা মেরেছি, শাহরিয়ার নাফীস যেতেই পারেনি। ভাগ্যটা খুব গুরুত্বপূর্ণ। প্রতিটি ব্যাটসম্যানেরই রান করতে ভাগ্য লাগে।  অনেকে বলে, এক ম্যাচ ভালো খেলার পর পাঁচ ম্যাচে আপনাকে খুঁজে পাওয়া যায় না। এবার কী হবে?আশরাফুল: (হাসি) সেটা যাতে না হয়, সে চেষ্টাই তো করছি। আসলে এ ম্যাচে ১০০ করার পর কাল যদি ২০-২৫ করি, তাহলে সবার কাছে মনে হবে যে আমি ফ্লপ করেছি। এটাই সমস্যা। গত দুই ম্যাচে ঠিক শট খেলেই আউট হয়েছি, কিন্তু আমার কিছু করার ছিল না। অথচ সবাই বলেছে, ভালো করিনি। এই চাপটা যদি একটু কম হতো, তাহলে ভালো হতো। চাপটা একটু বেশি হয়ে যায়।  জাতীয় লিগ ভালো যায়নি। কিন্তু বিসিএলের পর বিপিএলেও সেঞ্চুরি। আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন নিশ্চয়ই...আশরাফুল: জাতীয় লিগে যেমন ব্যাটিং করছিলাম, তাতে নিজের কাছেও মনে হচ্ছিল, ক্রিকেট খেলাই বুঝি পারি না! বিসিএলে এক ম্যাচ খেলার পর চিন্তা করলাম, খেলব না। কিন্তু রিয়াদ (মাহমুদউল্লাহ), সানোয়ার ভাই ও বাবুল ভাই (কোচ মিজানুর রহমান) বললেন যে, খেল। ভাগ্যও সহায় ছিল। বগুড়ার ফ্ল্যাট উইকেট পেয়েছিলাম। আর বিপিএলে যে আমি ভালো খেলব, সেই বিশ্বাস ছিল। কারণ, টি-টোয়েন্টিতে শটস খেলা যায়।  প্রথম বিপিএলের পর টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছিলেন। এই বিপিএলের পর কি শ্রীলঙ্কা সফরের দলে থাকার ব্যাপারে আশাবাদী?আশরাফুল: আশা তো করি। আল্লাহর রহমতে শ্রীলঙ্কার বিপক্ষে আমার রেকর্ড ভালো। ওদের সঙ্গে আমার চারটি টেস্ট সেঞ্চুরি আছে। শ্রীলঙ্কায় গেলে সব সময়ই কিছু না কিছু করেছি। নির্বাচকেরা সেসব বিবেচনা করলে সুযোগ পেতে পারি। আমারও বিশ্বাস, সুযোগ পেলে ভালো কিছু করব।