‘রানওয়ে’ এখন ভাঙ্গায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদের শেষ ছবি রানওয়ের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে তাঁর জন্মস্থান ফরিদপুরের ভাঙ্গায়। আজ শুক্রবার বিকেল পাঁচটায় ভাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজন করা হয়েছে এই উন্মুক্ত প্রদর্শনীর। সঙ্গে আরও থাকছে তারেক মাসুদের মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নরসুন্দর। শ্রুতিচিত্রের আয়োজনে এই প্রদর্শনীতে সহযোগিতা করছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন সুহূদ সমাবেশ। রানওয়ে ছবির প্রযোজক ক্যাথরিন মাসুদ জানান, তারেক মাসুদ ১৯৫৬ সালে ভাঙ্গার নুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। চলচ্চিত্রে তিনি ভাঙ্গার বিভিন্ন ঐতিহ্য জোরালোভাবে ফুটিয়ে তুলেছিলেন। এর মধ্যে খুব উল্লেখযোগ্য হলো মাটির ময়না ছবিতে ভাঙ্গার বার্ষিক নৌকাবাইচের দৃশ্যটি। এ ছাড়া ভাঙ্গা তারেক মাসুদের অসমাপ্ত ছবি কাগজের ফুল-এর প্রধান লোকেশন।