‘রাষ্ট্র পরিচয়হীন’ এক পরিবারের মুক্তি (ভিডিও)
যে বয়সটা স্বপ্ন দেখার, আকাশ ছোঁয়ার সেই বয়সে কারাগারে বন্দিজীবন কাটাতে হয়েছে শরণার্থী কিশোরীটিকে। থাইল্যান্ডে অনুপ্রবেশের জন্য দুই বছর কারাবন্দি ছিলেন ওই কিশোরী। এই দুই বছর তার জীবনটা ছিল কান্নায় ভরা। তবে আজ তার চোখেমুখে মুক্তির আনন্দ। আজ শুক্রবার জামিনে মুক্ত হয় ওই কিশোরী। সঙ্গে তার মা ও ১২ বছরের ভাই। তারা ভিয়েতনাম ও কম্বোডিয়া সীমান্তের বাসিন্দা। কিন্তু তারা দুই দেশের মধ্যে কোন দেশেরই নাগরিক নন। ২০১০ সালে থাইল্যান্ডে অনুপ্রবেশের জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়। থাইল্যান্ডের শরণার্থীদের পুনর্বাসনের জন্য কাজ করছে থাই কমিটি হিউম্যান রাইটস কমিশন ও অভিবাসী বিভাগ। থাই কমিটি শরণার্থী পরিবারগুলোকে মুক্ত করার জন্য কাজ করছে। তাদের জামিনের জন্য চার হাজার ৮০০ ডলার দিচ্ছে তারা। ওই কমিটির সহায়তায় জামিনে মুক্ত হয় কিশোরীটি। মুক্তির আনন্দ তার চোখেমুখে। কিশোরীটি বলে, সে ভবিষ্যতে শরণার্থীদের সহযোগিতা করতে চায়। একজন আইনজীবী হয়ে তার মতো অন্য সব শরণার্থীকে সহায়তা করতে চায় ওই কিশোরী। থাইল্যান্ডের অভিবাসন-বিষয়ক কর্মকর্তারা জানান, সে দেশে ১০ লাখেরও বেশি অভিবাসীরা কারাগারে বন্দিজীবন কাটাচ্ছে। কারাগারে এখন বন্দী শরণার্থীদের প্রচণ্ড ভিড়। সেখানকার পরিবেশও অস্বাস্থ্যকর। থাইল্যান্ডের শরণার্থী-বিষয়ক শিবিরের নির্বাহী পরিচালক ভিরাউইথ তিয়ানচাইনেন জানান, থাইল্যান্ডের মানবাধিকার রক্ষার জন্য তাঁরা একযোগে কাজ করে যাচ্ছেন। রয়টার্স।