‘রাষ্ট্রপতি অসুস্থ হলে প্রমার্জনায় পদোন্নতি পাওয়াদের শরণাপন্ন হবেন কি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসুস্থ হলে রাষ্ট্রপতি প্রমার্জনায় পদোন্নতি পাওয়া চিকিত্সকদের শরণাপন্ন হবেন কি না—জানতে চেয়েছে বিএনপিপন্থী চিকিত্সকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। গত ৩১ মার্চ সরকার স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কর্মরত দেড় হাজার চিকিত্সককে পদোন্নতি দেয়। শর্ত পূরণ না হওয়ায় বেশ কিছু চিকিত্সক নেতাকে রাষ্ট্রপতির প্রমার্জনায় পদোন্নতি দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে ড্যাব আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে ওই চিকিত্সকদের পদোন্নতির আদেশ বাতিল ও স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের পদত্যাগ দাবি করা হয়। সংবাদ সম্মেলনে ড্যাবের ভারপ্রাপ্ত মহাসচিব মো. রফিকুল ইসলাম বলেন, ‘একজন রোগীর অপারেশনের জটিলতা, জটিল রোগের চিকিত্সা, রোগ নিরাময়, ভবিষ্যতের চিকিত্সক তৈরি কি মহামান্য রাষ্ট্রপতির প্রমার্জনার মাধ্যমে অতিক্রম করা সম্ভব? তাঁর প্রতি প্রশ্ন থাকল, তিনি যদি অসুস্থ হন, তাহলে এসব চিকিত্সকদের সেবা কি তিনি গ্রহণ করবেন?’ড্যাবের দাবি, রাষ্ট্রপতির প্রমার্জনার নামে যাঁদের বুনিয়াদি প্রশিক্ষণ নেই, যাঁরা সিনিয়র স্কেল পরীক্ষায় পাস করতে পারেননি, যাঁদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং শিক্ষকতার অভিজ্ঞতা নেই, তাঁদের ঢালাওভাবে পদোন্নতি দেওয়া হয়েছে। সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির জন্য সহকারী অধ্যাপক পদে তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা ও স্বীকৃত জার্নালে কমপক্ষে তিনটি বৈজ্ঞানিক প্রকাশনা থাকার শর্ত রয়েছে। নেতাদের ক্ষেত্রে এসব শর্ত মানা হয়নি। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক রাষ্ট্রপতিকে দিয়ে এসব অনিয়ম করাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে ড্যাব নেতারা অভিযোগ করেছেন। তাঁরা পদোন্নতির ক্ষেত্রে ১৮টি বিভাগে জ্যেষ্ঠতা লঙ্ঘন ও অন্যান্য অনিয়মের তালিকা প্রকাশ করেন। ড্যাবের সভাপতি এ কে এম আজিজুল হক এ সময় বলেন, ভাসকুলার সার্জারিতে সব ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও অষ্টম বিসিএসের চিকিত্সককে পদোন্নতি দেওয়া হয়নি। কেউ কেউ একই সঙ্গে সিনিয়র কনসালটেন্ট ও সহযোগী অধ্যাপক হয়েছেন।তবে চারদলীয় জোট সরকারের আমলে সরকারি কর্মকমিশনকে ব্যবহার করে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে ড্যাবপন্থী চিকিত্সকদের পদোন্নতি দেওয়ারও অভিযোগ রয়েছে।