‘রাষ্ট্রপতি যোগ্য ব্যক্তিকে প্রধান বিচারপতি করতে পারেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের এখতিয়ার রাষ্ট্রপতির। রাষ্ট্রপতি চাইলে এককভাবে যেকোনো যোগ্য ব্যক্তিকে দেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিতে পারেন। এ পর্যবেক্ষণ দিয়ে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতের পর্যবেক্ষণে বলা হয়, সংবিধানের কোথাও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতার ক্রম অনুসরণের বিধান রাখা হয়নি। যদি রাষ্ট্রপতি জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগ না করে মেধার ভিত্তিতে অন্য কোনো যোগ্য ব্যক্তিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন, সে ক্ষেত্রে কোনো কারণ জানানোর বিধান সংবিধানে রাখা হয়নি। মেধা যাচাইয়ের জন্য রাষ্ট্রপতি চাইলে এবং যথাযথ মনে করলে বিচারপতিদের সমন্বয়ে কমিশন বা কমিটি গঠন করে পরামর্শ নিতে পারেন।প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতার ক্রম অনুসরণ করার নির্দেশনা ও তা না করা হলে তার কারণ প্রকাশের নির্দেশনা চেয়ে গত ২২ আগস্ট হাইকোর্টে রিট আবেদনটি করেন চার আইনজীবী। তাঁরা হলেন হাসান এম এস আজিম, মো. আবদুস সালাম, মো. রিয়াজ উদ্দিন ও শাকিলা ফারজানা। আদালতে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন এবং রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী হাসান এম এস আজিম ও মির্জা আল মাহমুদ মামলা পরিচালনা করেন।আদেশ প্রসঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রধান বিচারপতি নিয়োগের সর্বময় ক্ষমতা রাষ্ট্রপতির। এ ক্ষেত্রে জ্যেষ্ঠতার চেয়ে মেধা প্রাধান্য পাবে। রাষ্ট্রপতি চাইলে মেধা যাচাইয়ের জন্য বিচারপতিদের সমন্বয়ে কমিশন গঠন করে পরামর্শ নিতে পারেন। এসব পর্যবেক্ষণ দিয়ে আদালত রিটটি নিষ্পত্তি করে দিয়েছেন।’তবে রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী হাসান এম এস আজিম জানান, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে। শুনানিতে হাসান এম এস আজিম বলেন, ১৯৭২ থেকে ২০০৩ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। এটি সাংবিধানিক রীতিতে পরিণত হয়েছে। অতীতে জ্যেষ্ঠতার ক্রম ভঙ্গ করে অন্তত চার থেকে পাঁচবার যে নিয়োগ দেওয়া হয়েছে, তা মেধার ভিত্তিতে ছিল না। বরং রাজনৈতিক বা অন্য কোনো কারণ ছিল। এম এস আজিম যুক্তি দেন, সংবিধানে মেধা যাচাইয়ের সুনির্দিষ্ট কোনো প্রক্রিয়ার উল্লেখ না থাকায় ক্ষমতা অপব্যবহারের যথেষ্ট সুযোগ রয়েছে। এটি বিচার বিভাগের স্বাধীনতার জন্য হানিকর।