‘রাসেল অধ্যায়’ লিখলে পেরি পাবেন ২০ লাখ ডলার!
২০১০ সালের ২৩ অক্টোবর ভারতের রাজস্থানে গিয়ে বিয়ে করেছিলেন ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ড ও পপগায়িকা কেটি পেরি। কিন্তু মাত্র ১৪ মাস টিকেছিল রাসেল ব্র্যান্ড-কেটি পেরির সংসার। সম্প্রতি ব্রান্ডের সঙ্গে বিয়ে ও বিচ্ছেদ নিয়ে একটি বই লেখার জন্য দুই মিলিয়ন ডলারের প্রস্তাব পেয়েছেন পপগায়িকা কেটি পেরি।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ফিমেল ফার্স্ট জানিয়েছে, ‘যখন রাসেল এবং পেরির মধ্যে সবকিছু ঠিকঠাক চলছিল, রাসেলকে নিয়ে সে সময় কথার ফুলঝুরি ঝরত পেরির মুখ থেকে। অথচ সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে এ ব্যাপারে দুজনই মুখে কুলুপ এঁটে আছেন। সে কারণেই বহুল আলোচিত এ বিয়ে ভাঙার পেছনের কারণ জানতে সবারই তীব্র আগ্রহ আছে। আর এ কারণেই রাসেলের সঙ্গে বিয়ে এবং বিচ্ছেদ নিয়ে একটি বই লেখার প্রস্তাব দেওয়া হয়েছে পেরিকে।’ অবশ্য ব্যক্তিগত তথ্য জনসমক্ষে আনার পারিশ্রমিক হিসেবে এই লোভনীয় প্রস্তাব কেটি পেরি গ্রহণ করবেন নাকি ফিরিয়ে দেবেন, সে ব্যাপারে কিছুই জানাতে পারেনি ঘনিষ্ঠ ওই সূত্র।উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন রাসেল ও পেরি। এদিকে খবর রটেছে, মডেল জিয়াবিকনির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন পেরি।