‘রাসেলকে চ্যাম্পিয়ন করতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাফিয়ে উঠে হেডে চমৎকার এক গোল করে প্রিমিয়ার লিগে কাল আবাহনীর বিপক্ষে দলকে জেতালেন বোজান পেতরিচ। ৬ ফুট ৩ ইঞ্চি লম্বা এই বসনিয়ান ডিফেন্ডার লিগে প্রথম খেলতে নেমেই সবার নজর কাড়লেন। ২৯ বছর বয়সী ফুটবলার ম্যাচ শেষে বললেন নিজের ক্যারিয়ার ও অন্যান্য প্রসঙ্গে ম্যাচ শুরুর আগে কি ভাবতে পেরেছিলেন, আপনার গোলেই দল জিতবে?বোজান পেতরিচ: খেলা শুরুর আগে এমনটা মোটেই ভাবতে পারিনি যে, এই ম্যাচে গোল করব। লিগে এটা আমার প্রথম ম্যাচ। খেলার আগে মনে মনে ভাবছিলাম যে একটা কিছু করতে হবে। সেই সুযোগটা এসে গেল। এ জন্য অবশ্য আমার সতীর্থরা দারুণ সাহায্য করেছে। আমি জানি, আবাহনী খুবই শক্তিশালী দল। আবাহনীর বিপক্ষে জিতেছি বলে বেশি ভালো লাগছে। তবে আমাদের আরও বেশি গোল পাওয়া উচিত ছিল। এ রকম হেড করে গোল কি আগেও করেছেন আপনি?পেতরিচ: অনেক আগে সার্বিয়ায় একটি ক্লাবের হয়ে একবার এমনভাবে গোল করেছিলাম। আজ (কাল) করলাম দ্বিতীয়বারের মতো। শেখ রাসেল ক্লাবের সঙ্গে আপনার যোগাযোগটা হলো কীভাবে?পেতরিচ: আমার ম্যানেজারের (এজেন্ট) কাছে প্রথমে এই ক্লাব সম্পর্কে জানতে পারি। উনার মাধ্যমেই এখানে আসার চেষ্টা করি। ম্যানেজার প্রথমে শেখ রাসেল ক্লাব সভাপতির সঙ্গে কথা বলেন আমার ব্যাপারে। এরপর আমাকে জানান যে, এবার ক্লাবটি এমন দল গড়েছে, যারা চ্যাম্পিয়নশিপের জন্য লড়বে। শুনে আমিও আগ্রহী হলাম। এরপর ঢাকায় চলে এলাম। আমি শেখ রাসেলকে চ্যাম্পিয়ন করতে চাই।  ক্লাব কর্মকর্তা ও খেলোয়াড়দের কেমন মনে হচ্ছে?পেতরিচ: ক্লাব কর্মকর্তা ও খেলোয়াড়েরা সবাই খুব বন্ধুবৎসল। সবাই আমাকে সব ব্যাপারে সাহায্য করে। আমি এখানে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।  আপনি নাকি ইউরোপা লিগে খেলেছেন?পেতরিচ: হ্যাঁ, ঠিকই শুনেছেন। তখন আমি বসনিয়া লিগে খেলতাম বোরাক বানজা-লুকায়। ওরা ২০০৯-১০ মৌসুমে ইউরোপা লিগের বাছাইপর্বে খেলেছে। ওই দলে ছিলাম আমি। পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে খেলেছে দলটি।  বাংলাদেশে আসার আগে কোথায় খেলেছেন?পেতরিচ: এখানে খেলার আগে গত মৌসুমে খেলেছি মালয়েশিয়ায়। ক্লাবটির নাম টি-টিম। ক্লাবটি মালয়েশিয়ার কুয়ালা তেরেঙ্গুয়ানোতে। এটি মালয়েশিয়ান ফুটবলের সর্বোচ্চ টায়ার সুপার লিগের দল। হঠাৎ এই উপমহাদেশে খেলতে আগ্রহী হলেন কেন?পেতরিচ: আমি পেশাদার ফুটবলার। যেখানে সুযোগ পাব সেখানেই খেলব। তবে এর আগে সার্বিয়ায় যে ক্লাবে খেলেছি, ওই ক্লাবটি খুব ভালো ফল করতে পারছিল না। এরপর ওরা আমাকে ছেড়ে দিল। কেমন লাগছে বাঙালি খাবার-দাবার?পেতরিচ: আসলে এখানকার খাবার খুবই ঝালযুক্ত। তবে মাঝে মাঝে চেষ্টা করি এগুলোর স্বাদ নেওয়ার। মন্দ লাগে না। আপনার পরিবারের কেউ কি খেলাধুলায় আছেন?পেতরিচ: না। আমি একাই খেলছি। আমি আমার পরিবারকে খুবই মিস করি। দেশে আমার বাবা-মা আছেন। এক বছর হলো দেশে যাই না। পেশাদার ফুটবলারদের জীবনই এমন। কী আর করা, এটাই মেনে নিতে হবে।