‘রাস্তা না থাকায় বাড়িত কাউরে আসবার কওয়া পারি না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যাওয়া-আসার রাস্তা না থাকায় বাড়িত কাউরে আসবার কওয়া পারি না। বছরের নয় মাসই হামাক হাঁটুর ওপর কাপড় তুলি আসা-যাওয়া করা লাগে। অনেক বছর ধরি হামরা ইক্কা কষ্ট করোচি। পৌরসভার মেয়র, কান্সিলার কেউই হামাকেরে রাস্তাটার কথা ভাবেনি। ভোট আসুক কাক্কাকে জবাব দেওয়া লাগে, তা দিমু।’ এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার পশ্চিম আমুট্ট গ্রামের মাদ্রসাপাড়া মহল্লার ফেরদৌসী বেগম (৪০)। শুধু ফেরদৌসী একা নন, একটি রাস্তার অভাবে ওই মহল্লার শতাধিক পরিবার চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে। রাস্তা নির্মাণের জন্য দেড় বছর আগে পৌরসভায় আবেদন করেও তাঁরা সাড়া পাননি।খোঁজ নিয়ে জানা গেছে, ওই মহল্লায় শতাধিক পরিবার বসবাস করেন। একটি পুকুরপাড় দিয়ে মহল্লার লোকজন চলাচল করে। পুকুরপাড় ভেঙে চলাচলের সরু রাস্তাটুকুতেও পানি উঠেছে। বিকল্প রাস্তা না থাকায় প্রায় সারা বছরই হাঁটুর ওপর কাপড় তুলে লোকজন ওই রাস্তা দিয়ে চলাচল করে। রাস্তাটি নির্মাণের জন্য মহল্লাবাসী একাধিকবার আবেদন করেছেন। দীর্ঘদিনেও রাস্তাটি নির্মাণ না হওয়ায় বিষয়টি মহল্লাবাসী উপজেলা চেয়ারম্যানকে জানিয়েছেন। ১৩ সেপ্টেম্বর উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক মহল্লাবাসীদের নিয়ে বৈঠক করেছেন।ুসরেজমিনে দেখা গেছে, রাস্তায় হাঁটু পানি জমে আছে। মহল্লার লোকজন পানি ভেঙে চলাচল করছেন। ছাত্রছাত্রীরা স্কুল-ব্যাগ মাথায় নিয়ে রাস্তা পার হচ্ছে। শিক্ষার্থী মিনহাজ বলে, পানি ভেঙে স্কুলে যেতে অনেক সময় বই-খাতা পানিতে পড়ে নষ্ট হয়। তা ছাড়া পানিতে সাপ ও পোকামাকড়ের ভয় থাকে।মহল্লাবাসী জানায়, দেড় যুগ আগে থেকে তাঁরা রাস্তার জন্য কষ্ট করছেন। রাস্তাটি ভেঙে পুকুরে যাওয়ায় সেখানে পানি জমে থাকে। পৌরসভা গঠনের পর তাঁদের চলাচলের রাস্তাটি নির্মাণ হবে, এমন আশাই তাঁরা করেছিলেন। কিন্তু পৌরসভা গঠনের পর এক যুগ পার হলেও রাস্তাটি নির্মাণ হয়নি। এটি নির্মাণের জন্য একাধিকবার পৌরসভায় আবেদন করেও সাড়া পাওয়া যায়নি।মহল্লার জুলহাস হোসেন জানান, পুকুরে বাণিজ্যিকভাবে মাছের চাষ করা হচ্ছে। তাই শুষ্ক মৌসুমেও শ্যালো মেশিন দিয়ে পুকুরে পানি দেওয়া হয়। বছরের নয় মাসই রাস্তায় পানি জমে থাকে। রাস্তাটি নির্মাণের জন্য পৌরসভায় একাধিকবার আবেদন করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। অথচ তাঁরা নিয়মিত পৌরকর দিয়ে আসছেন।একই মহল্লার বাসিন্দা নিকেল জানান, পানির জন্য মহল্লার ছেলেমেয়েরা স্কুলে যেতে চায় না। তাঁরা উপজেলা চেয়ারম্যানকে রাস্তাটির কথা জানিয়েছিলেন। চেয়ারম্যান সরেজমিনে রাস্তাটি দেখে মহল্লার লোকজনদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি রাস্তাটি নির্মাণের আশ্বাস দিয়েছেন।পৌরসভার কাউন্সিলর মোলায়েম হোসেন জানান, পুকুরের পানিতে রাস্তার মাটি সরে গেছে। পানি কমে গেলে রাস্তাটি মাপজোক করা হবে। এ ছাড়া রাস্তার জায়গা নিয়েও সমস্যা ছিল। উপজেলা চেয়ারম্যান মহল্লার লোকজনের সঙ্গে বৈঠক করে তা সমাধান করেছেন।উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক বলেন, রাস্তার জায়গা নিয়ে সমস্যা মিটে গেছে। পৌরসভার মেয়রকে এ বছরেই রাস্তাটি নির্মাণের উদ্যোগ নিতে অনুরোধ করা হয়েছে।পৌরসভার মেয়র কামরুজ্জামান বলেন, জায়গার অভাবে এত দিন রাস্তাটি হয়নি। জটিলতা নিরসন হওয়ায় চলতি বছরেই রাস্তাটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হবে।