‘রাস্তাগুলো কবে যে সংস্কার হবে...’
‘সিলেট থেকে জকিগঞ্জ সড়কের অধিকাংশ স্থান যেন মরণফাঁদ। কার্পেটিং উঠে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে প্রায় প্রতিদিন রিকশা-অটোরিকশা উল্টে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। সড়কের বেহালদশা দীর্ঘদিনের হলেও সংস্কারের দায়িত্ব কেউ নিচ্ছে না। অবস্থা এমন দাঁড়িয়েছে যেন সড়কগুলো তদারকি করার জন্য কেউ নেই। অথচ রাস্তাজুড়ে আমাদের ঝাঁকুনির ওপর যেতে হয়।’ জকিগঞ্জ উপজেলার লামারগ্রামের বাসিন্দা কৃষিজীবী নুরুল ইসলাম ক্ষোভের সঙ্গে এ কথাগুলো বলেন। সরেজমিনে সড়ক বরাবর এগিয়ে গিয়ে দেখা গেছে, পুরো রাস্তার বিভিন্ন স্থান খানাখন্দে ভরা। অনেক জায়গায় কার্পেটিং, ইট-পাথর ও সুরকি উঠে গেছে। অনেক সড়কের স্থানে স্থানে কার্পেটিং উঠে দেবে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সিলেট-জকিগঞ্জ সড়কের গোয়াসপুর, চন্দনভাগ, রানাপিং, ফাজিলপুর, টিকরপাড়া, মোহাম্মদপুর, দুধাইরপাতন, খাসাগ্রাম, আঙ্গুরা, চারখাই, কাঠলিপুল, কাকুরা, পইলগ্রাম, খিলোগ্রাম, শাহগলী বাজার, শরীফাবাদ, শিমুলতলা, জুলাই, সড়কের বাজার, আটগ্রাম, পলাশপুর, নান্দীশ্রী, লামারগ্রাম, হামিন্দপুর, গোলাকচান্দ, হাসপাতালগেট, কালীগঞ্জ, ভরণ, মাইজকান্দি, ফলাহাট, বাবুরবাজার, আমলসীদসহ উপজেলার অন্তত অর্ধশতাধিক স্থানের রাস্তার অবস্থা একেবারেই নাজুক। এসব রাস্তার বেশির ভাগই ছোট-বড় গর্তে ভরা। এসব গর্তে বৃষ্টির পানি জমে এবং যানবাহনের চাকা পড়ে প্রতিনিয়ত রাস্তা আরও ভাঙছে। ছোট ছোট গর্ত এখন বড় হয়ে বিশাল আকার ধারণ করেছে।সড়কে চলাচলকারী যাত্রী আফজাল হোসেন বলেন, ‘এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে মাত্রাতিরিক্ত ভাঙাচোরা সড়কের জন্য ঝাঁকুনিতে শরীরের অবস্থা একেবারে কাহিল হয়ে পড়ে।’ তিনি অভিযোগ করেন, গত কয়েক বছর ধরে সড়কটি এ ধরনের সংস্কারহীন অবস্থায় পড়ে থাকলেও এটি কারও নজরে আসছে না।’ বাসচালক হুমায়ুন জানান, রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় বাস চালানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। ফলে এসব খানাখন্দে পড়ে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। অটোরিকশা চালক শাহীনুর মিয়া বলেন, ‘সারা দিন গাড়ি চালিয়ে রাতে যখন বাসায় ফিরি তখন সারা শরীর ব্যথা করে। এসব রাস্তা কবে যে সংস্কার করা হবে একমাত্র আল্লাহ জানেন। গাড়ি চালাতে চালাতে যখন বিরক্তির চরম শিখরে পৌঁছি তখন মাঝেমধ্যে মনে হয় এসব রাস্তাঘাটে গাড়ি না চালানোই ভালো। কিন্তু শরীর ও মন না চাইলেও পেটের দায়ে অনেকটা বাধ্য হয়ে গাড়ি চালাই।’