‘রাস্তাটা আর কারেন্টকোনা চাই’
‘ভাই কী খবর কমো? হামার গ্রামের খোঁজ কোনা তো কায়ো ন্যায় না। রাস্তা নাই, বিদ্যুৎ নাই, বর্ষায় রিকশা, গাড়ি গ্রামকোনার রাস্তা দিয়া চইলবার পারে না, পোলাপানরাও স্কুল-টিস্কুল যাবার পারে না।’ কথাগুলো বলেন, তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের মুচিপাড়া গ্রামের অজিত চন্দ্র। একই ধরনের কথা বলেন গ্রামের বীণা রানী। তিনি বলেন, ‘মেলা দিন থাকি খালি শুনি ঘরে ঘরে বিদ্যুৎ দেবে, রাস্তাকোনা পাকা হবে, আজও তো কিছু হলো না?’ ৮ ফেব্রুয়ারি ওই গ্রামে পা রাখার পর পরই কথা হয় অজিত ও বীণা রানীর সঙ্গে। উপজেলার দক্ষিণ দিকে সয়ার ইউনিয়নের শেষ প্রান্তে গ্রামটি। গ্রামের লোকসংখ্যা হাজারখানেক। উঁচু-নিচু আঁকাবাঁকা মাটির রাস্তা পেরিয়ে পৌঁছাতে হয়। গ্রামবাসী জানায়, বর্ষা মৌসুম এলেই গ্রামটিতে যাওয়ার রাস্তায় হাঁটু সমান কাদা হয়। তখন গ্রামে কোনো রিকশা-ভ্যানও যায় না। জুতা বা স্যান্ডেল হাতে নিয়ে চলাচল করতে হয়। তারা এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বহু ধরনা দিয়েছে। কিন্তু কোনো ফল হয়নি। শুধু রাস্তা আর বিদ্যুতের অভাবে গ্রামের ব্যবসা-বাণিজ্য ও কৃষিকাজ স্থবির হয়ে গেছে। গ্রামের কৃষক আদর ইসলাম বলেন, ‘৩০ বছরে হামার গ্রামের এই রাস্তাকোনার কোনো উন্নতি হয়নি। বর্ষাকালে রাস্তাকোনাত হাঁটু সমান কাদা থাকে। শিশুরা স্কুলে যেতে পারে না।’ ওই গ্রামের স্কুলশিক্ষক আছাব উদ্দিন বলেন, ‘ভোটের সময় এলে নেতারা রাস্তাকোনা পাকা আর বিদ্যুৎ দিতে চান। কিন্তু ভোট নেওয়া হয়ে গেলে সবাই পালান।’ গ্রামের গৃহবধূ ছোমেদা বেগম বলেন, ‘হামরা গরিব মানুষ, পড়ানেখা নাই। বেটা এনা বড় হইলে কামোত নাগে দেই। আর ১২-১৩ বছর বয়স হইলে মেয়ের ঘরোক বিয়া দেই। এটা হামার গ্রামের চলিত।’ গ্রামটি ঘুরে জানা গেছে, এখানকার অধিকাংশ পরিবারে কমপক্ষে পাঁচ থেকে ছয়টি ছেলেমেয়ে। পাঁচ সন্তানের জননী আছমা খাতুন বলেন, ‘ছাওয়াল-পাওয়াল তো আল্লায় দেয়। হামরা কী করমো?’ ওই গ্রামের ইউপি সদস্য দুলাল হোসেন বলেন, ‘রাস্তাকোনা পাকা আর বিদ্যুতের জন্য অনেক জায়গায় দেন-দরবার হয়েছে। সাবেক এমপিকেও একাধিকবার অনুরোধ করা হয়েছে। কিন্তু লাভ হয়নি।’ সয়ার ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, এ গ্রামে যাওয়ার সরু রাস্তাটি পাকা ও বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করলে গ্রামটির চেহারা পাল্টে যাবে। কিন্তু ইউনিয়ন পরিষদের পক্ষে এ সমস্যা সমাধান করা সম্ভব নয়। তারাগঞ্জ উপজেলার চেয়ারম্যান নূরুন্নবী দুলাল বলেন, ‘গ্রামবাসী বিদ্যুৎ সংযোগ আর রাস্তাকোনা পাকা করার দাবি আমার কাছে করেছে। পর্যায়ক্রমে এ সমস্যার সমাধান করা হবে।’