‘রাস্তাডা না করলে আমরা কেউ ভোট দিতে যাব না’
‘দুই জেলার মাঝখানে বাস করি বুলি আমাদের গ্রামের রাস্তাডার দিকে কেউ খেয়াল করে না। শুধু ভোট আলে আমাদের খোঁজ হয়। কিন্তু এবার রাস্তাডা না করলে আমরা কেউ ভোট দিতেই যাব না।’আক্ষেপ করে কথাগুলো বলেন নাটোর সদর উপজেলার সীমান্তবর্তী গ্রাম চেউখালীর মহসিন মিয়া। নাটোর সদর উপজেলার চেউখালী-আবদানপুর গ্রামের মাত্র দুই কিলোমিটার কাঁচা রাস্তা পাকা না হওয়ায় মহসিন মিয়ার মতো আশপাশের ২০ গ্রামের লক্ষাধিক মানুষ যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে।নাটোর ও রাজশাহী জেলার সীমান্তবর্তী গ্রাম আবদানপুরের কাঁচা রাস্তাটি চেউখালী গ্রামের ভেতর দিয়ে ব্রহ্মপুর পাকা রাস্তায় মিলিত হয়েছে। অথচ আবদানপুর থেকে কয়েক শ গজ দূরে গেলেই রাজশাহীর বাগমারা থানার শ্রীপতিপাড়া গ্রাম। নওগাঁর আত্রাই ও রাজশাহীর বাগমারা সদর থেকে দুটি পাকা রাস্তা এ গ্রামের সেতুর কাছে এসে মিলিত হয়েছে। শ্রীপতিপাড়া সেতু থেকে আবদানপুর পর্যন্ত দুই কিলোমিটার কাঁচা রাস্তাটি পাকা করা হলে, দুই জেলার আন্তথানার যোগাযোগ উন্নয়ন সম্ভব হবে। রাস্তাটি পাকা না হওয়ায় নাটোরের নলডাঙ্গা থানার সোনাপাতিল ব্রহ্মপুর, চেউখালী, ইয়ারপুর, মাধনগর, আবদানপুর গ্রামসহ ১২টি গ্রামের মানুষ যন্ত্রচালিত যানবাহন চালাতে পারছে না।অন্যদিকে বাগমারা ও আত্রাই থানার আট গ্রামের মানুষও চলাচলে ভোগান্তির শিকার হচ্ছে। রাস্তাটি যানবাহন চলাচলের উপযোগী না হওয়ায় এলাকাবাসী ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা সদর এবং বাগমারা ও আত্রাই থানা এলাকায় হেঁটে যাতায়াত করছে। এ দুই কিলোমিটার রাস্তা বর্ষাকালে কাদায় আর শুকনো মৌসুমে ধুলায় ভরে থাকে। এবড়োখেবড়ো রাস্তায় অনেক খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ কারণে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্যসহ নানা উন্নয়নমুখী কাজেও পিছিয়ে পড়েছে এখানকার মানুষ।নাটোর জেলার নলডাঙ্গা ও নওগাঁ জেলার আহসানগঞ্জে বসে দুটি বড় হাট। এ দুটি হাটে মালপত্র নিয়ে যাতায়াতের জন্য এটাই একমাত্র পথ। এলাকাবাসীর অনেক আবেদন-নিবেদনের পরেও দীর্ঘদিন থেকে আবদানপুর চেউখালী রাস্তা পাকা না হওয়ায় জনসাধারণের মধ্যে দিন দিন ক্ষোভ সৃষ্টি হচ্ছে। রাস্তাটি পাকা করার জন্য সদর উপজেলা প্রকৌশল কার্যালয়, উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেও সুরাহা না হওয়ায় হতাশ হয়ে পড়েছে এলাকাবাসী।আবদানপুর গ্রামের প্রাক্তন শিক্ষক লুত্ফর রহমান জানান, এ রাস্তা দিয়ে হাজারো মানুষ যাতায়াত করে। কিন্তু রাস্তাটি পাকা না করায় মানুষের দুর্ভোগের শেষ নেই। চেউখালী গ্রামের আবদুস সালাম জানান, আবদানপুর পার হলেই বাগমারার শ্রীপতিপাড়া গ্রাম। ওই গ্রামেই রয়েছে পাকা সড়ক এবং খালের ওপরে একটি সেতু। অথচ এই সামান্য রাস্তাটুকু পাকা না থাকায় মানুষকে পড়তে হয় চরম দুর্ভোগে।উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মনছুর রহমান জানান, আবদানপুর-চেউখালী সড়ক পাকাকরণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রাথমিক তথ্য পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই পর্যায়ক্রমে কাজ বাস্তবায়ন করা হবে।নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, চেউখালী-আবদানপুর গ্রামের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে এই রাস্তাটি খুব শিগগিরই পাকা করা হবে। এ ব্যাপারে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।