‘রাস্তার যে অবস্থা তাতে গাড়ি চালানো মুশকিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলার ডোমার-জলঢাকা সড়কের ২৭ কিলোমিটার অংশ দীর্ঘদিনেও সংস্কার না করায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে ওই পথে দূরপাল্লার যানবাহনের চলাচলও কমে যাচ্ছে। ভাঙা রাস্তার কারণে গত এক সপ্তাহে সড়ক দুর্ঘটনায় মারা গেছে তিনজন। বাস মালিক সমিতি বলছে, ‘ভাঙা রাস্তার কারণে আমাদের ওই পথের বেশির ভাগ গাড়ি প্রত্যাহার করেছি, এ মুহূর্তে সংস্কার না হলে বাকি গাড়িগুলোও প্রত্যাহার করা হবে।’সরেজমিনে দেখা যায়, ডোমার থেকে জলঢাকা পর্যন্ত ২৭ কিলোমিটার রাস্তায় বড় বড় গর্তের কারণে অতি সাবধানে চলছে যানবাহন। এ পথের যাত্রীদের এখন চলাচলের প্রধান বাহন ভ্যান রিকশা অথবা বাইসাইকেল। ১৯ জুলাই ওই পথে ডোমার থেকে জলঢাকা যাওয়ার পথে ওই সড়কের বারো গোপালের দীঘির কাছে রাস্তার ওপর অকেজো হয়ে পড়ে থাকতে দেখা যায় একটি মালবাহী ট্রাক। এলাকাবাসী জানায়, দুই দিন ধরে ট্রাকটি সেখানে নষ্ট হয়ে আছে। ওই এলাকার অধিবাসী মীর মোনায়েম হোসেন (৩৮) বলেন, এটা নতুন কিছু না। রাস্তাটা ভেঙে যাওয়ায় প্রায় প্রতিদিন রাস্তার ওপর এভাবে যানবাহন পড়ে থাকে।সড়কের সাইড নালার কাছে এমনভাবে পড়ে থাকা একটি যাত্রীবাহী বাস মেরামত করতে দেখা যায়।কথা হয় মাইক্রোচালক জাভেদ হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘রাস্তার যে অবস্থা তাতে গাড়ি চালানো মুশকিল। আমরা এ পথে কেউ ভাড়া ধরতে চাই না, কিন্তু মানুষের জরুরি প্রয়োজনে আসতে হয়।’ওই পথের যাত্রীবাহী বাসের চালক জিল্লুর রহমান বলেন, ‘রংপুর থেকে নীলফামারী জেলার জলঢাকা হয়ে ডিমলা উপজেলার টুনিরহাটের দূরত্ব প্রায় ৭২ কিলোমিটার। আমাদের টাইম দেওয়া আছে দুই ঘণ্টা ২০ মিনিট। এর মধ্যে রংপুর থেকে জলঢাকা পর্যন্ত ৪৪ কিলোমিটারের জন্য এক ঘণ্টা আর জলঢাকা থেকে টুনির হাট পর্যন্ত ২৮ কিলোমিটারের জন্য এক ঘণ্টা ২০ মিনিট। তার পরও সঠিক সময়ে পৌঁছানো যায় না। কখন কোথায় গাড়ি ফেঁসে যাবে বা উল্টে যাবে তার কোনো নিশ্চয়তা নেই।’জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান তহিদুল ইসলাম বলেন, ডোমার থেকে জলঢাকা পর্যন্ত রাস্তাটা এতটাই খারাপ যে এটা নতুন করে মেরামত করা দরকার। তিনি বলেন, শুধু রাস্তার কারণে এ অঞ্চলের মানুষ অনেক পিছিয়ে পড়েছে। এখানকার কৃষকেরা যে ফসল ফলায় তা সহজে শহরে নিতে না পাড়ার কারণে দাম কম পাচ্ছেন।গোলনা ইউনিয়নের চেয়ারম্যান মশিয়ার রহমান বলেন, ‘রাস্তাটা করার ব্যাপারে আমরা এমপি মহোদয়কে কয়েকবার বলেছি, তিনি নিজেও দেখেছেন। কিন্তু কাজ হচ্ছে না।’এলাকাবাসী রাস্তাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি করে বলেন, এ পথে রংপুর থেকে ডোমার ডিমলা পঞ্চগড় ঠাকুরগাঁও বোদা এবং বুড়িমারী স্থলবন্দরের সরাসরি যোগাযোগ রয়েছে। জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, ‘আমরা ওই সড়কের বেশির ভাগ গাড়ি প্রত্যাহার করে নিয়েছি। রাস্তাটি সংস্কারের দাবিতে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, জেলার চার সংসদ সদস্যসহ যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এর পরও রাস্তা সংস্কার না হলে আমাদের অবশিষ্ট গাড়িগুলোও বন্ধ করে দিতে বাধ্য হব।’ তিনি বলেন, গত এক সপ্তাহে ওই সড়কে দুর্ঘটনায় চালকসহ তিনজন মারা গেছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।সওজের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুল আলম খান বলেন, প্রায় ছয় বছর থেকে ওই রাস্তা মেরামতে কোনো ফান্ড পাওয়া যায়নি। ২০০৮ সালে বোদা-দেবীগঞ্জ-ডোমার-জলঢাকা সড়কের নীলফামারী অংশের ৩০ কিলোমিটারের মধ্যে তিন কিলোমিটার রাস্তা মেরামত করা গেছে। বাকি ২৭ কিলোমিটার সড়ক বরাদ্দের অভাবে মেরামত করা সম্ভব হয়নি।ডোমার থেকে জলঢাকা পর্যন্ত বাকি ২৭ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য সাড়ে ১৪ কোটি টাকার এস্টিমেট দেওয়া হয়েছে। ঢাকা থেকে সেটি আরও কমাতে বললে পরে নয় কোটির কিছু বেশি টাকার এস্টিমেট পাঠানো হয়। ২০০৯-১০ অর্থবছরে পিএমপি প্রকল্পের আওতায় ঢাকা প্রধান কার্যালয় দরপত্র গ্রহণ করেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার লি. সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজটি পেয়েছে। কিন্তু মন্ত্রণালয়ের অনুমোদন না হওয়ায় এখনো কার্যাদেশ পায়নি। আগামী মাসে তারা কার্যাদেশ পাবে বলে আশা প্রকাশ করা হয়। মাহবুবুল আলম রাস্তার দুরবস্থার কথা স্বীকার করে বলেন, ‘এই মুহূর্তে রাস্তার কিছু এলাকা সাময়িকভাবে মেরামত করা জরুরি কিন্তু ফান্ডের অভাবে আমরা করতে পারছি না, তার পরও চেষ্টা করছি।’