‘রাস্তায় লোকজন নেই, তাই ইনকামও নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসমাবেশ ঘিরে বিপাকে পড়েছেন মতিঝিল এলাকার স্বল্প আয়ের মানুষগুলো। বিশেষ করে যাঁরা রিকশা চালান বা সড়কের পাশে চায়ের দোকান, হোটেল বা ছোট্ট পরিসরে খাবারের দোকান দিয়ে থাকেন তাঁরা পড়েছেন সবচেয়ে বেশি সমস্যায়। মহাসমাবেশের কারণে আজ সকাল থেকেই মতিঝিল এলাকার বিভিন্ন সড়কের পাশের ওই সব দোকান বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। দু-একটি চায়ের বা খাবারের দোকান খুললেও কেনাবেচা নাই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।দুপুর সাড়ে ১২টার দিকে মতিঝিল শাপলা চত্বরের পাশে কথা হয় নূরুজ্জামান নামের এক রিকশাচালকের সঙ্গে তিনি বলেন, সকালে মতিঝিলে এসেছি। এখনো ঘুরছি। কোনো যাত্রী পাচ্ছি না। বিএনপির মহাসমাবেশের কারণে বাইরে থেকে লোক আসতে না পারায় এ সমস্যা হচ্ছে বলে মনে করেন তিনি।ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে কথা হয় আরেক রিকশাচালক মো. নাসিরের সঙ্গে। সকাল আটটার দিকে রিকশা নিয়ে বাসা থেকে বের হয়েছেন তিনি। দুপুর নাগাদ ১০০ টাকার মতো আয় হয়েছে। তিনি বলেন, ‘অন্যান্য দিন এ সময়ের মধ্যে ২০০ থেকে ২৫০ টাকা আয় হয়। মহাসমাবেশের কারণে যাত্রী নাই তাই ইনকামও নাই।’মতিঝিলের চায়ের দোকানি হারুনুর রশিদ ও আবুল হাসনাত জানান, অন্যান্য দিনের তুলনায় আজ ক্রেতার সংখ্যা অনেক কম। তাই বেচাকেনাও অনেক কমে গেছে। ডিএসইর মূল ভবনের সামনে আইপিওর ফরম বিক্রি করেন সারোয়ার নামের এক বৃদ্ধ। বেলা একটার দিকে তিনি জানান, আজ তাঁর মাত্র ২০-২০ টাকা বিক্রি হয়েছে। তাঁর ভাষায়, ‘দেখছেন না লোকজন নেই, কেনা বেচা হবে কেমনে?’