‘রায় কার্যকর করতে পারলে স্বস্তি পাব’
‘বাচ্চু রাজাকাররে (আবুল কালাম আযাদ) ধইরা আইনা রায় কার্যকর করতে পারলে আমরা স্বস্তি পাব। আমার স্বামীর আত্মা শান্তি পাবে। ৪১ বছর ধইরা এ কষ্ট বুকে নিয়া বেড়াইছি। বুকের এ ভার নামাইতে চাই।’কথাগুলো বলেছেন ফরিদপুরের সালথা থানার যদুনন্দী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে মুক্তিযুদ্ধকালে নিহত চিত্তরঞ্জন দাসের স্ত্রী জ্যোত্স্না রানী দাস। আজ সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। একাত্তরের ৩ জুন ওই গ্রামের হিন্দুপাড়ায় লুটপাট শেষে চিত্তরঞ্জনকে গুলি করে হত্যা করা হয়।রায়ে সন্তোষ প্রকাশ করে জ্যোত্স্না রায় দ্রুত কার্যকরের দাবি জানান। রায়ে তাঁর মতোই সন্তোষ জানিয়েছেন মুক্তিযুদ্ধকালে ফরিদপুরে আযাদ ও তাঁর সহযোগীদের হাতে গণহত্যা, হত্যা, ধর্ষণ, অপহরণ ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবার ও নির্যাতিত ব্যক্তিরা।চিত্তরঞ্জনকে হত্যার সময় তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন জ্যোত্স্না। স্বামী নিহত হওয়ার পর তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে ভারতে শরণার্থী শিবিরে চলে যান তিনি। সেখানে তিন ছেলে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। ১৯৭১ সালের ২৮ ডিসেম্বর ওই শিবিরে জ্যোত্স্নার ছেলে গোপাল দাসের জন্ম হয়। গোপাল এখন স্থানীয় আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনিও রায় দ্রুত কার্যকরের দাবি জানান।রায় ঘোষণার পর সালথার ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামের পারিবারিক সমাধিক্ষেত্রে ছুটে যান নিহত মাধব চন্দ্র বিশ্বাসের ছেলে ভক্তরঞ্জন বিশ্বাস ও ঠাকুর দাস বিশ্বাস এবং ভক্তরঞ্জনের স্ত্রী জীবনী রানী বিশ্বাস। তাঁরা মাধবের জন্য প্রার্থনা করেন। মাধবকে একাত্তরের ১৬ মে হত্যা করা হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর সন্তোষ প্রকাশ করে ভক্তরঞ্জন বলেন, ‘বাচ্চু রাজাকার যে দেশেই থাকুক না কেন, তাকে ধরে এনে ফাঁসি দিতে হবে। তাহলে এই দেশের জনগণ শান্তি পাবে।’বোয়ালমারীর চতুল ইউনিয়নের হাসামদিয়া হিন্দুপাড়ায় একাত্তরের ১৭ মে শরত্চন্দ্র পোদ্দার, তাঁর ছেলে সুরেশ চন্দ্র পোদ্দার, জ্যোতিন্দ্র মোহন সাহাসহ সাতজনকে হত্যা করা হয়। সেখান থেকে হরিপদ সাহা ও প্রবীর কুমার সাহাকে অপহরণ করে ময়েনদিয়া বাজারের নদীর ঘাটে হত্যা করা হয়। শরত্চন্দ্রের ছেলে সুশীল কুমার পোদ্দার বলেন, তিনি মৃত্যুর আগে বাবা ও ভাইয়ের হত্যাকারীর ফাঁসি দেখে যেতে চান। জ্যোতিন্দ্র মোহনের ছেলে নিরোদ কৃষ্ণ সাহা বলেন, ‘রায়ের খবর শুনে ভালো লাগছে। আরও ভালো লাগবে, যেদিন শুনব এ রায় কার্যকর হয়েছে।’বোয়ালমারীর কলারন গ্রামে একাত্তরের ১৪ মে নিহত সুধাংশু মোহন রায়ের নাতি গৌতম রায় বলেন, ‘আমার দাবি, ওই ঘাতককে দেশে ধরে এনে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলাতে হবে এবং এ দৃশ্য টেলিভিশনে প্রচার করতে হবে।’একাত্তরে নির্যাতনের শিকার ফরিদপুরের রথখোলা এলাকার রণজিত্নাথ ওরফে বাবুনাথ বলেন, ‘মনে হচ্ছে, ৪১ বছর পর দেশ আবার স্বাধীন হলো। দেশ কলঙ্কমোচনের দিকে এক ধাপ এগিয়ে গেল। তবে এ রায় কার্যকর না হওয়া পর্যন্ত বিচার পেয়েছি এ কথা হলফ করে বলতে পারব না।’আযাদের বিরুদ্ধে আনীত আটটি অভিযোগের মধ্যে কেবল আবু ইউসুফ ওরফে পাখিকে অপহরণের পর নির্যাতনের অভিযোগ থেকে তাঁকে খালাস দিয়েছেন আদালত। রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে এ মামলায় রাষ্ট্রপক্ষের ১৮ নম্বর সাক্ষী মুক্তিযোদ্ধা আবু ইউসুফ বলেন, ‘আমাকে নির্যাতনের অভিযোগ থেকে আদালত আযাদকে খালাস দিয়েছেন কি না, জানি না।’আযাদের গ্রামের বাড়ি সালথার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া গ্রামে। কয়েক বছর ধরে আযাদদের ‘মিয়াবাড়ি’তে তালা ঝুলছে। তাঁর নিকটাত্মীয়রাও গ্রামে থাকেন না। যদুনন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও বড়খারদিয়া গ্রামের বাসিন্দা এম এ কাশেম ফায়েক বলেন, ‘রায় ঘোষণার পর এলাকা শান্ত রয়েছে।’ ওই ইউপির চেয়ারম্যান রব মোল্লা বলেন, ‘রায় কার্যকর করে এলাকার কলঙ্কমোচন করা হোক।’