‘রায় দ্রুত কার্যকর করা হোক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসুস্থ শহীদজায়া পান্না কায়সার দীর্ঘ এক মাস হাসপাতালে থেকে ফিরেছেন গত বৃহস্পতিবার। ওই দিনই জানতে পারেন, জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় হয়েছে। সারা রাত নির্ঘুম কাটিয়েছেন। গতকাল প্রথম আলোকে তিনি বলেন, ‘রায় শোনার সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে ভেসে ওঠে রায়েরবাজার বধ্যভূমি, মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ, ভেসে ওঠে শহীদুল্লা কায়সারের মুখচ্ছবি।’কান্নায় ভারী হয়ে ওঠে পান্না কায়সারের কণ্ঠ। নিজেকে সংযত করে তিনি বলেন, ‘আমার ইচ্ছা হয় আমি লিখি—হাসো বাঙালি হাসো। আমরা একটু হাসতে চাই। হাসতে চাই তখন, যখন ফাঁসিটা কার্যকর হবে। এ প্রত্যাশাই আমি সরকারের কাছে, আদালতের কাছে করছি।’পান্না কায়সার আরও বলেন, ‘যুদ্ধাপরাধীরা তো শুধু শহীদুল্লা কায়সার না, গোটা বাংলাদেশের নিরীহ বাঙালি, বুদ্ধিজীবী হত্যা করে বাংলার নদীকে রক্তাক্ত করেছে। আমাদের হূদয়কে রক্তাক্ত করেছে। তাই এদের সবার চূড়ান্ত শাস্তি নিশ্চিত করতে হবে।’পান্না কায়সার বলেন, ‘আমি তো হতাশই হয়ে গিয়েছিলাম যে বিচার হবে না। এ প্রজন্মের কেউ দেখতেও পারবে না। আমি বর্তমান সরকারকে এবং বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানাই। আমি অনুরোধ জানাব, অতি দ্রুত ফাঁসির রায় কার্যকর করা হোক।’নিজের কষ্ট ছাপিয়ে সান্ত্বনা খুঁজতে গিয়ে পান্না কায়সার আরও বলেন, ‘আর নিজের দুঃখ তো আছেই। স্মৃতি বয়ে বেড়াচ্ছি। মৃত্যু পর্যন্ত বয়ে বেড়াব। অন্তত এইটুকু শান্তি, এইটুকু কষ্ট থেকে শান্তির দীর্ঘ নিঃশ্বাস ফেলতে পারব যে হত্যাকারীর বিচার হয়েছে।’