জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়েছে। এ রায়ে হতাশ রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী একাত্তরের মামা গেরিলা বাহিনীর প্রধান শহীদুল হক মামা। তিনি রায়ের প্রতিক্রিয়ায় প্রথম বলেন, ‘কী বলব? এমন রায় কখনোই ভাবিনি। একাত্তরের যাঁরা কাদের মোল্লাকে দেখেছেন, তাঁরাই বলতে পারবেন কতটা নিষ্ঠুর ছিল সে। বিদেশ থেকে এসে এ মামলার সাক্ষী হয়েছি। সে যে ধরনের অপরাধ করেছে, তাতে মৃত্যুদণ্ড অবশ্যই কাম্য ছিল।’শহীদুল হক মামা একাত্তরে মিরপুর-মোহাম্মাদপুরে মামা বাহিনীর প্রধান ছিলেন। এই গেরিলাযোদ্ধা একাত্তরে যুদ্ধ করে দেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখেছেন।রায়ের প্রতিক্রিয়ার একপর্যায়ে এই বীর মুক্তিযোদ্ধা আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমরা এই রাজাকারদের আইনি সুবিধা দেওয়ার জন্যই কি সেদিন মৃত্যুকে পরোয়া না করে যুদ্ধে গিয়েছিলাম? খুন, ধর্ষণ, হত্যাসহ এত বড় বড় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ার পরও কেন কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো না?’ তিনি প্রশ্ন করেন, ‘তাহলে কি আইন ও দেশের স্বাধীনতার চেয়েও রাজাকারের জীবন রক্ষা করা বড় দায়িত্ব? আমার মনে হয়, শত শত শহীদ এই রায় শুনে নীরবে চোখের জল ফেলবেন।’