অধ্যাপক রাশীদুল হাসানের মেয়ে রোকাইয়া হাসিন জোর দিচ্ছেন রায় কার্যকরের ওপর। তিনি বলেন, ‘অনেক আশাবাদের কথা যে, ৪২ বছর পরে হলেও বুদ্ধিজীবীদের হত্যার দায়ে কাউকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হলো। এটা আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার। সমগ্র জাতি জেনেছে যে তারা যুদ্ধাপরাধ করেছে। একই সঙ্গে জামায়াতে ইসলামী একটি জঙ্গি সংগঠন এবং মানবতাবিরোধী তাদের কাজ—এটাও জানতে পেরেছে। কিন্তু জামায়াতে ইসলামীর আমির গোলাম আযমের যে বিচার হলো, তা আমাদেরকে অনেক ব্যথিত ও মর্মাহত করেছে। যে সব হত্যার নায়ক, বুদ্ধিজীবী হত্যার নায়ক, তার বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগ প্রমাণিত হয়েছে, সেখানে তাকে যে দণ্ড দেওয়া হয়েছে, এটা মেনে নিতে পারছি না।’ তিনি বলেন, ‘বিচারব্যবস্থার ওপর আমাদের আস্থা আছে। আশা করব, এই সরকারই যেন রায়গুলো কার্যকর করা শুরু করে।’ এ ছাড়া সরকার পরিবর্তন হলেও যেন রায়ের কোনো পরিবর্তন না হয়, সে বিষয়েও প্রয়োজনে সংসদে আইন করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।রোকাইয়া হাসিনা আরও বলেন, ‘আসলে আমরা ৪২ বছর ধরে অপেক্ষায় আছি। নানা রকম তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে এসেছি। সমাজে প্রতিষ্ঠা পেতে অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু কেউই আশা ছেড়ে দিইনি। আশায় বুক বেঁধে আছি। মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে—এটাই প্রত্যাশা।’ইন্ট্রো: একাত্তরের বুদ্ধিজীবী হত্যার অন্যতম হোতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায়ের পর প্রথম আলোর কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন চার বিশিষ্ট শহীদ বুদ্ধিজীবীর নিকটজনেরা। তাঁরা কেউ স্বামী হারিয়েছেন, কেউ হয়েছেন পিতৃহারা। জীবনের অনেক ঘাত-প্রতিঘাতের ভেতর বয়ে বেড়িয়েছেন স্বজন হারানোর বেদনা। এই ফাঁসির রায়ে তাঁরা স্বস্তি পেয়েছেন এবং রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন।