কুস্তি মানেই শক্তির খেলা। কুস্তিতে তাই বাড়তি পুষ্টিকর খাবারের চাহিদা থাকবেই। জাতীয় জুনিয়র কুস্তি খেলতে ঢাকায় এসে শাহীন হোসেন এসবের কিছুই পাচ্ছেন না। তবু সতীর্থদের তুলনায় একটু বেশি খান বলে তাঁকে নিয়ে মজা করেন অন্যরা। তবে এসব নিয়ে মোটেও মন খারাপ হয় না জুনিয়রে পাঁচবারের সোনাজয়ী রংপুরের এই তরুণের আপনি নাকি এক বেলায় ১৮ প্লেট ভাত খান!শাহীন হোসেন: (হাসি) ঢাকার খাবার হোটেলে যে ছোট প্লেটে ভাত দেয়, তাতে ১৮ প্লেট ভাত আর বেশি কী! তা ছাড়া আমি একটু বেশিই খাই। এটা নিয়ে সবাই মজা করে। তবে আমার এসব নিয়ে কোনো মাথাব্যথা নেই। এমনিতেই কুস্তিবিদদের বেশি খাওয়া লাগে। আমাদের শক্তি অর্জনের দরকার আছে না! আমার সিনিয়র ভাইয়েরা তো আরও বেশি খান। দুধ, ডিম, কলা—এগুলো না খেলে শক্তি পাওয়া যাবে না। এটা শক্তির খেলা। কয়েকটা রুটি খেয়ে তো কুস্তি লড়া যাবে না! এই শরীর নিয়ে শুধু কি কুস্তিই খেলেন?শাহীন: না। আমি জুডো এবং বক্সিংও খেলি। আগে কাবাডিও খেলতাম। এখনো মাঝে মাঝে কাবাডি খেলি। তবে অন্যান্য কাজে ব্যস্ত থাকি বলে সব সময় খেলতে পারি না। কী কাজে ব্যস্ত থাকেন?শাহীন: রংপুর পৌর বাজারে আমার সবজির ব্যবসা আছে। শুধু কুস্তি খেলে কি আর পেট চলে আমাদের? এ জন্য ব্যবসা করতে হয়। এখানে একটা সোনা জিতলে কেউ পুরস্কার দেয় না। ঢাকায় খেলতে এসেছি, কিন্তু যাতায়াতের কোনো সুব্যবস্থা নেই। কমলাপুর স্টেডিয়ামে থাকতে দিয়েছে আমাদের। ওখান থেকে আমরা হেঁটে এসেছি। শুধু রংপুরে যাওয়ার সময় ৫০০ টাকা গাড়ি ভাড়া দেওয়া হয়। অত দূর থেকে আসতেও নানা রকম সমস্যায় পড়তে হয়। কী রকম সমস্যা? একটু খুলে বলবেন? শাহীন: গতবারের ঘটনা। ঢাকা থেকে খেলে রংপুরে ফিরছিলাম। বগুড়া যাওয়ার পর পথের মাঝে গাড়ি থেকে নামিয়ে দিল আমাদের। বলল, গাড়ি নষ্ট। একটু নামেন। এরপর ওই গাড়ির ড্রাইভার দরজা জানালা বন্ধ করে দিল এক টান...। পরে রংপুরে যাওয়ার গাড়ি আর মেলে না। শেষ পর্যন্ত অনেক রাতে একটা বাসের ছাদে উঠে কী কষ্ট করে যে গেলাম! এমন কষ্ট করেও কুস্তিটা চালিয়ে যাচ্ছেন?শাহীন: এটা আমাদের পারিবারিক খেলা বলতে পারেন। আমার চাচা খেলতেন, ভাই খেলেন। ওদের দেখাদেখি আমিও খেলতে আসি। এখন আমার ওস্তাদ রফিকুল ইসলামের কাছে অনুশীলন করি। কুস্তির প্রতি ভালোবাসা আছে বলেই খেলে যাচ্ছি। আপনারা অনুশীলন করেন কোথায়?শাহীন: রংপুর জেলা ক্রীড়া সংস্থা জিমনেসিয়ামে প্রতিদিন দুই বেলা অনুশীলন করি। তবে সেটাও কোনো প্রতিযোগিতা শুরু হবে জানার পরই। কুস্তি খেলাটা তো নিয়মিত হচ্ছেই না। বেশি বেশি প্রতিযোগিতা হলে তবেই ভালো খেলোয়াড় বের হবে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পাবে বাংলাদেশ।