‘রুশদি খুন হলে ইসলামবিরোধী চলচ্চিত্র হতো না’
ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদিকে হত্যার জন্য পুরস্কারের অর্থ পাঁচ লাখ বাড়িয়ে ৩৩ লাখ ডলার করেছে ইরান। দেশটির এক ধর্মীয় নেতার মতে, রুশদিকে কয়েক বছর আগে হত্যা করা হলে ইসলামের প্রতি অবমাননা কিংবা মধ্যপ্রাচ্যজুড়ে বিক্ষোভ সৃষ্টিকারী ইসলামবিরোধী চলচ্চিত্র নির্মিত হতো না। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি রুশদির বিরুদ্ধে একটি ফতোয়া জারি করেন। সে সময় রুশদি রচিত ‘দ্য স্যাটানিক ভার্সেস’ নামের বইটি ধর্মীয় অনুভূতির প্রতি অবমাননাকর উল্লেখ করে তাঁর মৃত্যুদণ্ড দাবি করেন খোমেনি। এর ২৩ বছর পর ফের রুশদিকে হত্যার ফতোয়া বাস্তবায়নের আহ্বান জানালেন আর এক ধর্মীয় নেতা আয়াতুল্লাহ হাসান সানেই।সানেই বলেন, রুশদিকে হত্যার নির্দেশ পালন করা হলে ইসলামের প্রতি অবমাননাকারী চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’ প্রচারিত হতো না। তিনি বলেন, ইমামের (আয়াতুল্লাহ) নির্দেশ পালিত হলে কার্টুন, লেখালেখি কিংবা চলচ্চিত্রের মাধ্যমে ইসলামের অবমাননা হতো না। আয়াতুল্লাহ সানেই বলেন, যুক্তরাষ্ট্র ও বর্ণবাদী ইহুদিদের আশ্রয়ে ইসলামের শত্রুরা ধৃষ্ঠতা দেখাচ্ছে। কেবল ইসলামি এই আদেশ (রুশদিকে হত্যা) মানা হলেই এ ধরনের অপতত্পরতা বন্ধ হবে।ইসলামবিরোধী ষড়যন্ত্র রুখতেই খোমেনি ফতোয়া জারি করেছিলেন উল্লেখ করে সানেই বলেন, বর্তমানে এর বাস্তবায়ন যেকোনো সময়ের চেয়ে বেশি দরকার। তিনি আরও বলেন, ওই আদেশ বাস্তবায়নকারীকে অতিরিক্ত পাঁচ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে।১৯৮৯ সালের পর থেকেই সালমান রুশদিকে হত্যার জন্য পুরস্কার ঘোষণা করে আসছে ইরান। এর আগে রুশদিকে হত্যার জন্য ২৮ লাখ ডলার অর্থ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছিল। সানেই নতুন করে আরও পাঁচ লাখ ডলার পুরস্কারের ঘোষণা দেওয়ায় তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ লাখ ডলারে।