‘রূপ দেখিলাম রে নয়নে...’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রূপ দেখিলাম রে নয়নে...’ মরমি শিল্পী হাসন রাজার গানের এই পঙিক্তকে শিরোনাম করে সুনামগঞ্জের সাংস্কৃতিক সংগঠন লোকদল শিল্পীগোষ্ঠী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী তাদের যুগপূর্তি উৎসব পালন করল। শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে ১ ও ২ অক্টোবর এ উৎসব অনুষ্ঠিত হয়।১ অক্টোবর সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। বিকেলে শহীদ আবুল হোসেন মিলনায়তনে প্রথম দিনের আলোচনায় সংগঠনের সাবেক সভাপতি পীযূষ চন্দ পিকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন। দ্বিতীয় দিনের আলোচনায় সংগঠনের সভাপতি বিধান চন্দ্র বণিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ফয়জুর রহমান। এ ছাড়া দুই দিনের আলোচনায় সিলেটের নজরুল ললিতকলা একাডেমির অধ্যক্ষ বিপ্রদাস ভট্টাচার্য, লোকদলের প্রতিষ্ঠাতা সভাপতি দেওয়ান জাফরান রাজা চৌধুরী, সৌখিন নাট্য সংস্থার সাধারণ সম্পাদক শাহ আবু নাসের, প্রান্তিক শিল্পীগোষ্ঠীর সভাপতি মহসিন খান, শিল্পী কল্যাণ সংস্থার সভাপতি শেরগুল আহমদ, লোকজ সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ প্রদীপ কুমার চন্দ, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক অনিসিমাস চৌধুরী, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রান্তিক শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শামীম সারোয়ার, সংস্কৃতিকর্মী শামসুল আবেদিন, শামসুন্নাহার, লোকদলের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, কপিল ঋষি প্রমুখ বক্তব্য দেন। উৎসবে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক প্রয়াত কবি ও পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীনকে বিশেষভাবে স্মরণ করা হয়। দ্বিতীয় দিন সংগঠনের সভাপতি বিধান চন্দ্র বণিককে সংবর্ধনা ও স্বর্ণপদক প্রদান করা হয়। প্রতিদিন আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের সদস্য এবং লোকজ সংগীত বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন। দুই দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকদল ও লোকজ সংগীত বিদ্যালয়ের দুই শতাধিক সদস্য অংশ নেন। তাঁরা হাসন রাজা, রাধা রমন, দুরবিন শাহ, বাউলসম্রাট শাহ আবদুল করিমের গান পরিবেশন করেন। অনুষ্ঠান চলে মধ্যরাত পর্যন্ত।