ঘরোয়া ফুটবলে রেফারিং বিতর্ক চলছেই। পরশু মোহামেডানের বিপক্ষে ড্র ম্যাচ শেষে রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আবাহনীর ইরানি কোচ আলী আকবর পোরমুসলিমি। এই অবস্থায় দেশের সামগ্রিক রেফারিং নিয়ে কথা হলো বাফুফের রেফারিজ কমিটির কো-চেয়ারম্যান, ফিফা-এএফসির ম্যাচ কমিশনার ও সাবেক ফিফা রেফারি মনিরুল ইসলামের সঙ্গে রেফারিং নিয়ে প্রায় প্রতিদিনই অভিযোগ উঠছে। সর্বশেষ আবাহনী কোচের অভিযোগ সম্পর্কে কী বলবেন?মনিরুল ইসলাম: আবাহনী কোচের অভিযোগ কাগজে পড়েছি। ব্যাপারটা খতিয়ে দেখছি। রেফারির ভুল ধরা পড়লে ব্যবস্থা নেব। আবাহনী কোচ বলেছেন, টেকনিক্যালি ভালো খেলোয়াড়দের নিরাপত্তা দেওয়া উচিত। অথচ তারা বিরামহীন ফাউলের শিকার হলেও রেফারি ব্যবস্থা নিচ্ছেন না। মনিরুল ইসলাম: অবশ্যই, ভালো খেলোয়াড়দের নিরাপত্তা দিতে হবে। ফিফার নির্দেশনাও তাই। আমরা আবাহনী-মোহামেডান ম্যাচের রেফারি মিরনকে ডাকব। তার ভুল আছে কি না, পরীক্ষা করে দেখব। এমনিতে রেফারিং নিয়ে নিয়মিত পর্যবেক্ষণ আছে আপনাদের?মনিরুল: আছে। যেকোনো অভিযোগই আমলে নিই। বড় অভিযোগ পেলে গুরুত্বসহ যাচাই করি, যাতে ওই ভুলটা কম হয়। রেফারিদের ভুল সংশোধনের প্রক্রিয়াটা কেমন?মনিরুল: প্রতি সপ্তাহে রেফারিদের নিয়ে সেশন হয়। প্রজেক্টরে ম্যাচ দেখার ব্যবস্থা আছে। রেফারি বড় ভুল করলে অবশ্যই শাস্তি হয়। যেমন রেফারি ফিফা ব্যাজধারী হলে অনেক সময় গ্রেড নামিয়ে দেওয়া হয়। আর কোনো ব্যবস্থা?মনিরুল: রেফারিরা এ দেশেরই ছেলে। ভুল হতেই পারে। তবে ইচ্ছাকৃত নয় নিশ্চয়ই। আমরা দেখি, ভুলটা ধারাবাহিক কিনা। সেটি হলে ওই রেফারিকে ম্যাচ দেওয়া হয় না। বড় একটা সময় বসিয়েও রাখা হয়। এ বছর কেউ শাস্তি পেয়েছেন?মনিরুল: তৈয়ব হাসানকে সতর্ক করা হয়েছে। কদিন আগে গোললাইনে হাত দিয়ে বল ধরলেও তিনি লাল কার্ড দেননি, শুধু পেনাল্টি দিয়েছেন। লাল কার্ড দেওয়া উচিত ছিল। একই অপরাধে আগের দুই দিন দুটি লাল কার্ড হয়েছে। ওখানে লাল কার্ড দিতেই হবে। এটাই নিয়ম। এই যে ধারাবাহিকতার অভাব, এটা আমরা নোট করেছি। গত বছরের মূল্যায়ন কেমন ছিল?মনিরুল: গত বছর তৈয়ব ও আমিনুল ইসলামকে কিছুদিন বিরত রাখা হয়। এ থেকেই বোঝা যায়, রেফারি বড় ভুল করলে কোনো ছাড় নয়। রেফারিং নিয়ে এই যে প্রতিনিয়তই কথা তোলা আমাদের সংস্কৃতিতে ঢুকে গেছে, নাকি আসলেই সমস্যা?মনিরুল: সারা বিশ্বেই রেফারিং নিয়ে সমস্যা হয়। বাইরের রেফারিরা আরও বড় বড় ভুল করে। আমাদের ক্লাব অফিশিয়ালদের বলব, তাত্ক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে আমাদের জানালে সত্যতা থাকলে অবশ্যই ব্যবস্থা নেব। বাংলাদেশের রেফারিরা বাইরে ভালো করেন বলে আপনারা বলে থাকেন, কিন্তু দেশে কেন এত বিতর্ক?মনিরুল: একেবারে বিতর্কমুক্ত রেফারিং বাংলাদেশের বাস্তবতায় আশা করা বাড়াবাড়ি। তবে রেফারিং নিয়ে বিতর্ক কমানোর চেষ্টা চলছে। এখানে আইন জানার ব্যাপার আছে। ক্লাবগুলোয় আমরা যাব ভাবছি, আইনকানুন সম্পর্কে আরও কিছু ব্রিফিং দেব। রেফারিংয়ে শিক্ষিত ছেলেদের আনার কথা বলেছিলেন। কতদূর অগ্রগতি?মনিরুল: মাস দুয়েক আগে একটা কোর্স করে বেশ কিছু শিক্ষিত ছেলে পেয়েছি। ফুটবলজ্ঞান আছে, এমন ছেলেদের রেফারিংয়ে আনার প্রচেষ্টা অব্যাহত আছে। দেশে এখন রেফারির সংখ্যা কত হবে?মনিরুল: সারা দেশে হাজারের মতো। ঢাকায় শীর্ষ পর্যায়ে ৩৭ জন। ওপরের দিকে রেফারি-সংকট নেই। তবে জুনিয়র লেবেলে খেলাধুলা কম হওয়ায় রেফারির অভাব আছে। বাংলাদেশের রেফারিদের প্রযুক্তিগত সুযোগ-সুবিধাও তো বোধহয় বাড়ানো উচিত?মনিরুল: অবশ্যই বাড়ানো উচিত। আমরা ফিফা থেকে প্রজেক্টর, ল্যাপটপ পেয়েছি। আরও কিছু সরঞ্জামের সঙ্গে একটা জিমনেসিয়ামও চাওয়া হয়েছে। রেফারি যদি ঠিকমতো দৌড়াতেই না পারে, ম্যাচ পরিচালনা করবে কীভাবে?