‘রেস ২’ ছাড়লেন দীপিকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় ধরনের ধাক্কাই খেলেন বলিউডের প্রযোজক রমেশ তোরানী। সোনাক্ষী সিনহার পর এবার দীপিকা পাড়ুকোনও রমেশের ‘রেস ২’ ছবি থেকে নিজেকে গুটিয়ে নিলেন। এরই মধ্যে চার দিন শুটিং করলেও বারবার ছবিটির শিডিউলে পরিবর্তন আনার কারণে শিডিউল জটিলতার অজুহাতে ছবিটিতে আর অভিনয় করবেন না বলেই সম্প্রতি সাফ জানিয়ে দিয়েছেন দীপিকা।এ প্রসঙ্গে দীপিকার ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে জিনিউজ জানিয়েছে, ‘ঘন ঘন ছবির শুটিং শিডিউলে পরিবর্তন আনায় ভীষণ বিরক্ত হয়েছেন দীপিকা। ছবির অন্যান্য শিল্পীর শিডিউলের সঙ্গে নিজের শিডিউল মেলাতে একরকম হিমশিমই খেতে হয়েছিল তাঁকে। তার পরও এদিক-সেদিক করে এ বছর ছবিটির জন্য মোট ৬০টি শিডিউল দিয়েছিলেন তিনি। অথচ পরে আবারও ছবির শিডিউলে পরিবর্তন আনা হয়েছে। এ অবস্থায় ছবিটিতে আর কোনোভাবেই অভিনয় করা সম্ভব নয় তাঁর পক্ষে। সে ক্ষেত্রে অয়ন মুখার্জিসহ আরও কয়েকজন বলিউডের নির্মাতাদের ছবিতে তাঁর অভিনয় নিয়ে জটিলতা দেখা দেবে। কিন্তু সেটা কোনোভাবেই হতে দিতে রাজি নন তিনি। এসব কিছু বিবেচনা করেই তিনি ‘রেস ২’ ছবি থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।’আব্বাস-মাস্তান পরিচালিত ‘রেস’ ছবির এই সিক্যুয়েলে বিভিন্ন চরিত্রে রয়েছেন সাইফ আলি খান, জন এব্রাহাম, সঞ্জয় দত্ত, অনিল কাপুর, জ্যাকুলিন ফার্নান্দেজ এবং আমিশা প্যাটেল। যদিও ছবিটির মুক্তির দিন ধার্য করা হয়েছে চলতি বছরের ৩০ নভেম্বর। যে হারে এর পাত্র-পাত্রীরা ছবি ছাড়ছেন, তাতে একমাত্র ভবিষ্যত্ই জানে কবে এর শুটিং শেষ হবে।