‘রোগ ভালো কত্তি অ্যানে আলাম রোগ আরো বড়তিছ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পরায় দুই মাস হলো রোগ ভালো কত্তি অ্যানে আলাম (আসলাম), রোগ সারবে কি, রোগ আরও বড়তিছ। পনেরো দিন হুলো অপারেশন করিছে, এহুনো ভালো হতি পাললাম না। আমাগের হুইছে মরণ।’ খুলনার ৫০ শয্যাবিশিষ্ট দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা চালনা পৌরসভার পার-চালনা গ্রামের কৃষক গনি সর্দারের (৩৫) স্ত্রী শিরিনা বেগম (২৮) ক্ষোভের সঙ্গে এসব কথা বলেন। প্রায় একই ধরনের ক্ষোভ প্রকাশ করেন উপজেলার জয়নগর গ্রামের বাসন্তী বৈদ্য (৩০)। তিনি বলেন, ‘অ্যাপেনডিসের ব্যথা নি হাসপাতালে আয়সেলাম, ডাক্তার অপারেশন করি আমার ধারদে (কাছ থেকে) পাঁচ হাজার টাহা নিছ। অ্যাত টাহা দিতি হলি এআনে আসতি হবিক কেন?’সরেজমিনে খোঁজ নিয়ে এবং রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, এখানে চিকিৎসা নিতে এসে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছেন। শয্যা-সংকট, নোংরা পরিবেশ, নিম্নমানের খাবার এবং চিকিৎসক সংকটের কারণে রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। রোগীদের উপচে পড়া ভিড়ের কারণে হাসপাতালের বারান্দার মেঝেতে গাদাগাদি অবস্থায় স্বাস্থ্যসেবা নিতে হচ্ছে। অবস্থানগত কারণে দাকোপ উপজেলা ছাড়াও পাশের বটিয়াঘাটা, রামপাল, পাইকগাছা, কয়রা উপজেলা এলাকার মানুষ এই হাসপাতালে চিকিৎসা নিয়ে থাকেন। হাসপাতালটি দুই বছর আগে কোটি টাকা ব্যয়ে ৩১ শয্যা থেকে ভবন নির্মাণ করে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। তবে স্বাস্থ্যসেবার তেমন কোনো উন্নতি হয়নি। এখানে প্রতিদিন ৯০ থেকে ১২০ জন রোগী ভর্তি হয়। শয্যা সংকুলান না হওয়ায় বারান্দার মেঝেতে নোংরা পরিবেশে চিকিৎসা দেওয়া হয়। শৌচাগারে পানির অভাব প্রায়ই লেগে থাকে। তা ছাড়া ভাঙা দরজা এবং ভেতরে ময়লার স্তূপের মধ্যেই রোগীদের শৌচাগার ব্যবহার করতে হয়। এ অবস্থায় রোগীরা সুস্থ হতে এসে আরও অসুস্থ হয়ে পড়েন। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এখানে ২০ জন চিকিৎসা কর্মকর্তা থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ১৪ জন। এর মধ্যে ১০ জন চিকিৎসকই নতুন, তাঁরা গত জুলাই মাসে নিয়োগ পেয়েছেন। তাঁদের মধ্যে উপজেলার বিভিন্ন স্বাস্থ্য উপকেন্দ্রের জন্য আটজনকে নিয়োগ দিলেও সেখানে তাঁদের বসার জায়গা নেই। ফলে অধিকাংশ নতুন চিকিৎসক প্রায়ই অনুপস্থিত থাকেন, যাঁরা আসেন তাঁরাও চালনা স্বাস্থ্য কমপ্লেক্সেই যেনতেনভাবে কাজ সারছেন। বিভিন্ন বিভাগের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকার কথা থাকলেও শুধু গাইনি বিভাগে একজন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম আকবর হোসেন প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালটি বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। সবচেয়ে বড় সমস্যা রোগীদের থাকার জন্য পর্যাপ্ত শয্যার ব্যবস্থা নেই। ৫০ শয্যা চালু হলেও সে অনুযায়ী শয্যাসংখ্যা বাড়েনি। ফলে রোগীদের বারান্দায় থাকতে হচ্ছে।’