বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে সেলিব্রিটি টক শো আমার আমি। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন নওশীন, প্রযোজনা করছেন অনন্ত জাহিদ। অনুষ্ঠানে আজ থাকছেন দুজন অতিথি—আগুন ও কানিজ সুবর্ণা। কথা হলো আগুনের সঙ্গে।কী করছেন?আমরা এখন কক্সবাজার থেকে চট্টগ্রামে যাচ্ছি। আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষে পর্যটন মন্ত্রণালয় ও পর্যটন রিয়েল এস্টেট ইনভেস্টারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (প্রিআব) যৌথভাবে এক রোড শোর আয়োজন করেছে। কক্সবাজার থেকে শুরু হয়েছে এই রোড শো। ‘রোড টু সুন্দরবন’ নামের এই আয়োজনে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়েছে। তারই অংশ হিসেবে শুক্রবার কক্সবাজারে আমি গান করেছি। আজ (শনিবার) চট্টগ্রামে, ২৭ সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে এবং ২ অক্টোবর খুলনায় অনুষ্ঠান হবে। এ ধরনের একটা আয়োজনের সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে।শুনলাম, আপনার গানের অ্যালবামটি নাকি ঈদের পরে বাজারে এসেছে?হ্যাঁ, ঈদের দ্বিতীয় দিনে আর্ব এটি প্রকাশ করেছে। নাম কী যে কান্না পেয়েছিল। আমার সর্বশেষ অ্যালবামটি ছিল ঠিকানা। এটি এসেছিল বছর দুয়েক আগে।আপনার এই নতুন অ্যালবামটি নিয়ে কিছু বলুন।এখানে আমার নিজের লেখা ও সুর করা ছয়টি গান রয়েছে। অন্যদের গানও আছে। আমার বাবা খান আতাউর রহমানের শেষ ছবি এখনো অনেক রাত-এ ‘ও আমার জন্মভূমি’ গানটি গেয়েছিলাম। আমার নতুন অ্যালবামে গানটি আবার গেয়েছি। এ ছাড়া একটি গানে রুমানা ইসলামের মেয়ে, মানে আমার ভাগ্নি প্রমা কণ্ঠ দিয়েছে। ও খুবই ভালো গেয়েছে। আমার পরবর্তী নতুন অ্যালবামের জন্য এরই মধ্যে একটি গান করে ফেলেছি। এটি লিখেছেন ও সুর করেছেন অভিনেতা মীর সাব্বির। এটাতেও আমি আর প্রমা কণ্ঠ দিয়েছি।‘আমার আমি’ অনুষ্ঠানে কোন বিষয়গুলো নিয়ে কথা বলেছেন?আমার গান, নাটকে অভিনয়—এসব নিয়েই বেশি কথা হয়েছে। পাশাপাশি আমার বাবা-মাকে নিয়েও কথা হয়েছে। তাঁদের স্মরণ করে আমি ‘কী যে কান্না পেয়েছিল’ গানটি করেছি। আর গানটি করতে গিয়ে আমি সত্যিই কেঁদে ফেলেছি। আসলে গানটার মধ্যে ও রকম একটা গল্প আছে। তা শ্রোতারা শুনলেই বুঝতে পারবে।