রংপুর পৌরসভা অনেক পুরোনো। ১৮৭৬ সালে এটি প্রতিষ্ঠিত হয়। ১৯৮৬ সালে প্রথম শ্রেণীতে এটিকে উন্নীত করা হয়। বর্তমানে পৌর মেয়র, ১৫টি ওয়ার্ডে ১৫ জন কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনে পাঁচজন নির্বাচিত নারী প্রতিনিধি রয়েছেন এই পৌরসভায়। বর্তমানে এখানকার লোকসংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। ২০১০ সাল পর্যন্ত এখানকার পৌর এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন খাতে প্রায় সাড়ে ২৩ কোটি টাকা ব্যয় করা হয়েছে।নর্দমাগুলোর বেহাল দশা: ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে এখানকার নর্দমাগুলো। অথচ এগুলো পরিষ্কারেরও কোনো উদ্যোগ নেই। এতে পানি জমে পরিবেশ দূষিত হয়ে উঠছে। সেই সঙ্গে চারদিকে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ।পৌরসভা সূত্রে জানা গেছে, এখানে ১০৯টি পাড়া-মহল্লায় মোট ৪০ কিলোমিটারের মতো নর্দমা আছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, শহরের এরশাদনগর, কামারপাড়া, আলমনগর, মুসলিমপাড়া, আলমনগর কলোনি, বনানীপাড়া, আদর্শপাড়া, নিউ জুম্মাপাড়া, গুপ্তপাড়া, মুলাটোল, নূরপুরসহ আরও অনেক এলাকার নর্দমাগুলোর অবস্থা শোচনীয়।আলমনগর এলাকার ব্যবসায়ী আলফাজ হোসেন জানান, নর্দমাগুলো সব সময় কাদায় ভরা থাকে। পানির প্রবাহ একেবারে নেই বললেই চলে। মশা-মাছি জন্মানোর আখড়া এগুলো।ওই এলাকার আরেক ব্যবসায়ী তোফাজ্জল মিয়া বলেন, ‘কোনো দিনই কাউকে নর্দমাগুলো পরিষ্কার করতে দেখিনি। নর্দমার বেহাল অবস্থা বছরের পর বছর ধরে চলে আসছে। এগুলোর নোংরা পানিতে রাস্তাঘাট সয়লাব হয়ে থাকে।’গুপ্তপাড়ার চাকরিজীবী দীপক রায় বলেন, বৃষ্টি হলেই নর্দমা উপচে পানি রাস্তায় ওঠে। তখন ছেলেপুলে নিয়ে চলাচল করা খুবই কষ্টকর হয়ে পড়ে। গা ঘিনঘিন করে ওঠে। আর রোদ উঠলে নর্দমাগুলো পচা দুর্গন্ধ ছড়ায়।এদিকে নর্দমাগুলোর বেহাল দশা প্রসঙ্গে ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজমল হোসেন বলেন, ‘আমরা নিজেরাও এমন দুর্ভোগের শিকার। মাস্টার পরিকল্পনা বাস্তবায়িত না হওয়ায় নর্দমাগুলোর বেহাল দশা দূর হচ্ছে না।’বর্ধিত এলাকার দুর্ভোগ আরও বেশি: পৌরসভা সূত্র জানায়, ১৯৮৫ সালে পৌরসভার পরিধি বাড়ানো হয়। এতে বেশ কিছু এলাকা বর্ধিত করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য এলাকাগুলো হলো: শহরের পশ্চিম দিকে রামপুরা, দোলাপাড়া, পীর্জাবাদ, ভগি, বালাপাড়া, পার্বতীপুর, যুগীপাড়া, ইসলামবাগ ও কেন্দ্রীয় বাস টার্মিনাল। শহরের পূর্ব দিকে তাজহাটের পাশে পাটবাড়ী, মোল্লাপাড়া, মহাদেবপুরসহ লালবাগ হাট ও মাহিগঞ্জের আশপাশের কিছু এলাকা। কর বাড়ানোর জন্য পৌরসভার আয়তন বাড়ানো হয়। বর্ধিত এলাকার অধিবাসীরা পৌর এলাকার বাসিন্দা হলেও গত ২৫ বছরেও পৌরসভার তেমন কোনো নাগরিক সুবিধা পাননি বলে এলাকাবাসীর অভিযোগ। সরেজমিনে গিয়ে দেখা গেছে, এসব এলাকায় নেই পানি সরবরাহের কোনো ব্যবস্থা। অধিকাংশ রাস্তা এখনো কাঁচা এবং চলাচলের অনুপযোগী। পয়োনিষ্কাশনব্যবস্থাও নেই। বিদ্যুতের সংযোগ থাকলেও অনেক দূরে দূরে বৈদ্যুতিক খুঁটি। এলাকাবাসী নিজ উদ্যোগে বাঁশের খুঁটি দিয়ে বিদ্যুতের সংযোগ নিয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বর্ধিত এলাকার নাগরিকদের দুর্ভোগের চিত্র তুলে ধরলেন অনেকেই। পাটবাড়ী এলাকার ব্যবসায়ী রাজা মিয়া বলেন, ‘খুব কষ্ট করে এখানে আমরা বসবাস করছি। এত বছর হয়ে গেল পৌরসভার অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু মনেই হয় না যে শহরে বাস করছি।’রামপুরা এলাকার ব্যবসায়ী জয়নাল অবেদীন বলেন, ‘আমরা আগেই ভালো ছিলাম। কারণ তখন অন্তত পৌর কর দিতে হতো না। এখন তো ওই আগের দশাতেই আছি। উল্টো কর দিতে হয়।’ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি: রংপুর পৌরসভার সরবরাহ করা পানি ময়লা ও দুর্গন্ধযুক্ত। এই পানি ব্যবহার করে নানা সমস্যায় আক্রান্ত এখানকার মানুষ। পরিষ্কার পানি সরবরাহের জন্য বিভিন্ন এলাকা থেকে পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও এর কোনো সুরাহা হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ।কিছু এলাকায় এখনো পানির সরবরাহ লাইন নেই। এদিকে যেসব এলাকায় পানি সরবরাহ করা হয়, সেগুলোতেও প্রায় সময়ই ময়লা ও দুর্গন্ধ থাকে। এ কারণে তা অধিকাংশ সময়ই ব্যবহারের অনুপযোগী থাকে বলে এলাকাবাসী অভিযোগ করেন।পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্র জানায়, ১৯৬১ সালে এখানে পানির সরবরাহ কার্যক্রম শুরু হয়। প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য পানি সরবরাহের সংযোগ রয়েছে সাড়ে পাঁচ হাজার। পানির পাইপলাইনসহ যন্ত্রাংশগুলো অনেক পুরোনো হওয়ায় ময়লা পানি বের হয়। এসব পাইপের কোনো সংস্কারও নেই বছরের পর বছর ধরে।শহরের শালবন এলাকার গৃহিণী রোকসানা পারভিন জানান, পৌরসভার সরবরাহ করা পানিতে প্রায় দিনই থাকে ময়লা-দুর্গন্ধ। মুন্সীপাড়ার গৃহিণী দুলালী বেগম ও কেরানীপাড়ার আলেয়া বেগম জানান, এই পানি দিয়ে রান্নাবান্না করা যায় না। তার পরও বাধ্য হয়ে করতে হয়। এই পানি খেয়ে পরিবারগুলোতে অসুখ-বিসুখ লেগেই থাকে বলে এসব গৃহবধূ জানান।এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন বলেন, ‘পানি সরবরাহের পাইপ, ওভারহেড ট্যাংক—সবই ব্রিটিশ আমলের জিনিসপত্র। এ কারণে মাঝে মাঝে পানি ময়লা ও গন্ধযুক্ত হয়। পানির সরবরাহব্যবস্থা উন্নয়নে পৌরসভা কাজ করে যাচ্ছে। কোনো সময় ওভারহেড ট্যাংকে সমস্যা হলে আমরা পাম্প দিয়ে হলেও নগরবাসীকে পানি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।’বাস টার্মিনাল, হাট-বাজারে বিড়ম্বনা: রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, পৌর বাজার, লালবাগ হাট থেকে প্রতিবছর লাখ লাখ টাকা রাজস্ব আদায় করছে পৌরসভা। ওই টাকা থেকেই সেখানকার উন্নয়ন হওয়ার কথা। কিন্তু বছরের পর বছর ধরে উন্নয়নের কোনো ছোঁয়াই লাগেনি হাট-বাজারগুলোতে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাস টার্মিনালের অভ্যন্তরীণ রাস্তাগুলোর দশা বেহাল। ইট বিছানো রাস্তার অধিকাংশ জায়গা ভাঙা, এবড়োখেবড়ো। কাদা-পানি জমে হাঁটাচলা করাই দুষ্কর হয়ে পড়েছে। এ ছাড়া নোংরা ও দুর্গন্ধময় শৌচাগারগুলো একেবারেই ব্যবহারের অনুপযোগী। ১৯৮৬ সাল থেকে পৌরসভা এসব বাস টার্মিনাল থেকে রাজস্ব আদায় করে এলেও আজও এগুলোতে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি।মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, রাজস্ব আয়ের টাকা থেকে পৌর কর্তৃপক্ষের উন্নয়নকাজ করার কথা। কিন্তু বারবার আশ্বাস দিলেও তারা কিছু করছে না।লাখ লাখ টাকার ইজারা আদায় করা হলেও রংপুর পৌর বাজারেরও উন্নয়ন হচ্ছে না। বাজারের ভেতরের রাস্তা নির্মান কিংবা সংস্কারের কোনো উদ্যোগ নেই। পয়োনিষ্কাশনব্যবস্থাও ভেঙে পড়েছে। দুর্গন্ধে বাজারে ঢোকা কঠিন। বৃহত্তর রংপুর-দিনাজপুর জেলার মধ্যে লালবাগ হাট সবচেয়ে বড় বলে জানা গেছে। এখানে সপ্তাহের প্রতি রবি ও বুধবার সকাল থেকে রাত অবধি চলে কেনাবেচা। এ ছাড়া অন্যান্য দিন নিয়মিত বাজার বসে। অথচ বছরের পর বছর ধরে এই হাটের কোনো উন্নয়ন নেই। সরেজমিনে গিয়ে দেখা গেল, হাটটি বিশাল এলাকা নিয়ে গড়ে উঠলেও পুরো হাটে শৌচাগার মাত্র একটি। হাটের পশ্চিম দিকের ল্যাট্রিন থেকে ময়লা উপচে পড়ে। দুর্গন্ধে সেখানে চলাফেরা করাই দুষ্কর। পয়োনিষ্কাশনের জন্য নির্মিত নর্দমাগুলো পুরোপুরি ভরাট হয়ে বন্ধ হয়ে গেছে।ব্যবসায়ী লিয়াকত হোসেন বলেন, এখানকার ইজারার টাকা দিয়ে প্রতিবছর উন্নয়নকাজ হওয়ার কথা। কিন্তু তা করা হচ্ছে না। কোনো পণ্যের জন্য কোনো নির্ধারিত স্থান নেই। হাটের ইজারাদার আবদুল্লাহেল কাফী বলেন, ইজারার টাকা পৌর কর্তৃপক্ষকে দিয়েও দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ উন্নয়নের বিষয়টি তাদের দেখার কথা। অথচ হাটের কোনো উন্নয়ন নেই। বাজারে সারা বছরই কাদা থাকে। চলা পর্যন্ত যায় না।পৌর নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন বললেন, হাটের উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান করা হচ্ছে। তবে কবে নাগাদ তা বাস্তবায়ন করা হবে তা জানা যায়নি।নেই ডাস্টবিন: পৌর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লার মোড়ে মোড়ে পৌরসভার পক্ষ থেকে ২০০ ডাস্টবিন বসানো হয়েছিল। এগুলোর অধিকাংশ এখন আর দেখা যায় না। যে গুটিকয়েক ডাস্টবিন এখনো দেখা যায়, সেগুলোতেও ময়লা উপচে পড়েছে। আর এসব ডাস্টবিন থেকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ বিপন্ন করে তুলছে। শহরের মেডিকেল মোড়, আরকে রোড, চেকপোস্ট, সেন্ট্রাল রোড, গুপ্তপাড়া মোড়সহ আরও বেশ কিছু এলাকায় ভাঙা ডাস্টবিনে ময়লা ফেলা হয়। এলাকাবাসী জানান, এই ময়লা সরানোর তেমন কোনো উদ্যোগ নেই। যানজটে নাকাল: বিকল্প রাস্তা না থাকায় শহরের পৌর বাজার এলাকা থেকে সোনালী ব্যাংক পর্যন্ত রাস্তায় যানজট লেগেই থাকে। এ ছাড়া এই এলাকায় গড়ে উঠেছে বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান, সেই সঙ্গে রয়েছে বহু বিপণিবিতান। এই রাস্তার পাশে গড়ে ওঠা কাঁচাবাজারসহ বিপণিবিতানগুলোতে কেনাকাটাসহ চলাফেরায় নাগরিকদের যেন বিড়ম্বনার শেষ নেই। পৌরসভার পক্ষ থেকে বিকল্প রাস্তা করার কথা বারবার বলা হলেও তা বাস্তবায়নের কোনো লক্ষণই নেই বলে নাগরিকেরা অভিযোগ করেন। যানজটে আটকা পড়ে প্রায় দিনই বিদ্যালয়ে যেতে দেরি হয় বলে রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, জিলা স্কুল, রংপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করে। বেহাল রাস্তা: শহরের পাড়া-মহল্লার অধিকাংশ রাস্তারই বেহাল দশা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, তাজহাট, বাবুপাড়া, স্টেশন রোড, ফায়ার সার্ভিসের পাশের রাস্তা, বোতলা, মুলাটোল, কেরানীপাড়া, জলকর, বাবুখাঁসহ অধিকাংশ পাড়ার অভ্যন্তরীণ রাস্তাগুলোর বেহাল দশায় নাগরিকদের চরম বিড়ম্বনায় পড়তে হয়। এসব এলাকার লোকজন পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন-নিবেদন করলেও রাস্তাগুলোর সংস্কারে উদ্যোগ নেই বললেই চলে। তাজহাট বাবুপাড়ার ব্যবসায়ী রহিম মিয়া এলাকার রাস্তার বেহাল দশা প্রসঙ্গে বলেন, ব্যবসা-বাণিজ্যের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। কিন্তু কয়েক বছর ধরে রাস্তাটি চলার অযোগ্য হয়ে পড়েছে। এটি নিয়ে পৌরসভার যেন কোনো ভাবনাই নেই। জলকর এলাকার রমজান হোসেন বলেন, সড়কের মাঝখানে একটি বড় গর্ত। দায়ে পড়ে এলাকাবাসীকেই মাটি ফেলে তা ঠিক করতে হয়েছে। পৌরসভার নজরে পড়েনি মানুষের ভোগান্তি। অথচ কর তো ঠিকই দিতে হয়।পৌর কর্তৃপক্ষ যা বলেন: পৌরসভার নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন বলেন, এ বছর এখানে রাস্তাঘাটসহ বিভিন্ন আবকাঠামো উন্নয়ন খাতে প্রায় সাড়ে ২৩ কোটি টাকা ব্যয় করা হয়েছে। যেসব সমস্যা আছে, তা-ও ধীরে ধীরে ঠিক করা হবে।মেয়র এ কে এম আবদুর রউফ বলেন, যা বরাদ্দ পাওয়া গেছে, এর সবই উন্নয়ন খাতে ব্যয় করা হয়েছে। তবে প্রয়োজনের তুলনায় টাকার পরিমাণ কম হওয়ায় সব কাজ করা সম্ভব হয়ে ওঠে না। তিনি আরও বলেন, শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় ময়লা ফেলার জন্য অনেকগুলো ডাস্টবিন বসানো হলেও এলাকাবাসীই যেমন-তেমন করে ব্যবহার করে এসব ডাস্টবিন নষ্ট করেছে। নর্দমাগুলোতেও এলাকার বাসিন্দারা ময়লা-আবর্জনা ফেলতে ফেলতে ভরাট করে ফেলেছে। নাগরিকদের অসচেতনতায় তাদের ভোগান্তিও বাড়ছে বলে মেয়র মবন্তব্য করেন। আর বাস টার্মিনালে উন্নয়নের ব্যাপারে মোটর মালিক সমিতির সহযোগিতা পাওয়া যায় না বলে তিনি উল্টো অভিযোগ করেন।