‘রোদে পুইড়াও চাইল পাই নাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কিছুক্ষণ দাঁড়ায়া থাকলে বুঝবার পারবেন, এত তাড়াতাড়ি চাইল (চাল) শেষ হয় ক্যামনে। একজনেই ২০-৩০ কেজি চাইল নেয়, চাইলের বস্তাও বেইচা দেয়। পরে যারা আহে, হেরা কোনো কোনো দিন খালি হাতে ফিরা যায়।’ সোয়ারীঘাটে খোলাবাজারে বিক্রি হওয়া চাল কিনতে আসা ইসলামবাগের ষাটোর্ধ্ব আইয়ুব আলী এভাবেই বলছিলেন। তাঁর ছেলে এখানে কাজ করেন, ছেলের কাছ থেকে টাকা নিয়ে সোয়ারীঘাট থেকেই চাল কিনে বাড়ি ফিরছিলেন। তিনি অভিযোগ করেন, একজনের কাছে পাঁচ কেজি চাল বিক্রির নিয়ম থাকলেও বেশি টাকা নিয়ে বিক্রেতারা ১০-২০, এমনকি ৩০ কেজি চালও বিক্রি করছে কারও কারও কাছে। এ ক্ষেত্রে প্রতি ১০ কেজিতে ১০ টাকা বেশি দিতে হচ্ছে। আবার চালের বস্তাও বেশি টাকায় বিক্রি করে দেন ডিলার। যার জন্য ১২টা না বাজতেই চাল শেষ হয়ে যায়। সোয়ারীঘাটে ট্রাকে করে বিক্রি হচ্ছিল খোলাবাজারের চাল ও ময়দা।দরিদ্র জনগোষ্ঠীর কথা চিন্তা করে বাংলাদেশ খাদ্য অধিদপ্তর খোলাবাজারে চাল ও ময়দা বিক্রি শুরু করে। কিন্তু অনেক জায়গায়ই চাল কিনতে না পেরে ময়দা কিনে বাড়ি ফিরছে সাধারণ মানুষ। আবার খালি হাতেও ফিরছে অনেকে। এর কারণ, নিয়ম না মেনে বেশি চাল বিক্রি করা।কামরাঙ্গীরচর ব্রিজের ওপর চাল বিক্রি হয় দুটি ট্রাকে। একটায় পুরুষ, অন্যটায় চাল কেনে নারীরা। এখানেও দেখা গেছে দীর্ঘ সারি। জানা গেল, এক হাজার ২০০ লোক চাল নিতে পারে দুটি ট্রাক থেকে। তার পরও অনেককে খালি হাতে ফিরতে হয়। সারিতে দাঁড়িয়ে থাকতে থাকতেই একসময় চাল শেষ হয়ে যায়। ‘সামনে গিয়া দ্যাহেন, একজনরে ২০ কেজি চাল দিতাছে। আর কোন সকালে আইছি, এহনো চাল পাই নাই।’ বলছিলেন কামরাঙ্গীরচরের মাতবর বাজারের ময়না বেগম। ‘দাঁড়ায়া থাকতে থাকতে পা লাইগ্যা যায়, এর পরও যদি চাইল না পাই, তহন ক্যামনডা লাগে কন?’ ক্ষোভ প্রকাশ করলেন তাঁর পাশে দাঁড়ানো নূরবাগের মনোয়ারা। সারিতে দাঁড়ানো নারীরা জানালেন, ট্রাক আসার অনেক আগেই তাঁরা চলে আসেন। প্রচণ্ড রোদের মধ্যে অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকতে হয়। বৃষ্টিতে ভিজে হলেও চাল তাঁদের চাই। কিন্তু দীর্ঘ সারি যেন শেষ হয় না। হবে কী করে? সামনে থেকেই ১০-২০ টাকা বেশি দিলে সারিতে দাঁড়াতে হয় না। তাই সারি যেন শেষ হয় না। ‘আমরা ঘরে কাম ফালাইয়া থুইয়া আইছি, এহানেই সারা দিন লাগলে ঘরের কাম করুম কহন।’ বললেন বড়গ্রাম এলাকার রেহানা।কামরাঙ্গীরচর এলাকায় প্রায় প্রতিদিন অনেকে চাল না পেয়ে ফিরে যান। ১০ অক্টোবর দুপুরে গিয়ে দেখা গেছে, আলাদা দুটি জায়গায় চাল দেওয়া হচ্ছে। সারিতে দাঁড়ানো নারী ও পুরুষেরা চিৎকার-চেঁচামেচি করছিল, ‘পাঁচ কেজির বেশি চাইল দিয়েন না’; ‘রোদের মইদ্যে দাঁড়ায়া থাইকাই কালকে চাইল পাই নাই, আজকে যুদি না পাই, তাইলে খবর আছে’; ‘লাইন ছাড়া চাইল দ্যান ক্যান?।’ কিন্তু কে শোনে কার কথা! তাঁদের কথা যেন বিক্রেতাদের কান পর্যন্ত যাচ্ছে না। দুটি ট্রাকেই ১০, ২০ ও ৩০ কেজি চাল বিক্রি করা হচ্ছিল একেকজনের কাছে। আর এ জন্য বিক্রেতা পাচ্ছেন নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা। ২৪ টাকা কেজি হিসেবে পাঁচ কেজি চালের দাম ১২০ টাকা। ১০ কেজি চাল নিলে দিতে হয় ২৫০ টাকা। এভাবেই ১০ টাকা নিজেদের পকেটে নিচ্ছেন বিক্রেতারা।এখানকার একজন ডিলার নুরুল আমিন নিজেই এই কাজ করছিলেন। অবশ্য তিনি পুরো এক বস্তা চাল বিক্রি করেন না বলে জানান।একই অবস্থা দেখা গেছে মিরপুরের শেওড়াপাড়ায়। ১১ অক্টোবর দুটি ট্রাকের চাল দেওয়া শেষ দুপুর ১২টার মধ্যেই। চাল নিতে এসে অনেকেই ফিরে যাচ্ছেন, আবার অনেকে ময়দার জন্য ভিড় করছেন। তালতলার বাসিন্দা সেলিনা আক্তার বলেন, ‘দেরি করে আইলেই আর চাউল পাওয়া যায় না।’ এখানে দুটি ট্রাকের মধ্যে একটিতে ময়দা বিক্রি হচ্ছিল। তাই ভিড় ছিল বেশি। ডিলার আকতার হোসেনের বিক্রয়কর্মী ইউনুস বলেন, ‘আজকে আমরা ময়দা দিচ্ছি না। তাড়াতাড়ি কাজ করি বলে, তাই দুই-তিন ঘণ্টার মধ্যেই চাল শেষ হয়ে যায়।’খোলাবাজারে বিক্রি হওয়া চাল কম দামে কিনতে পারছে নিম্ন আয়ের লোকজন। প্রতিদিন প্রতি ট্রাক থেকে দেওয়া হচ্ছে তিন হাজার কেজি চাল। একজন সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারবে। এতে একটি ট্রাক থেকে ৬০০ ব্যক্তি চাল নিতে পারবেন। কিন্তু বেশির ভাগ জায়গায় ৬০০ ব্যক্তি চাল নেওয়ার অনেক আগেই চাল শেষ হয়ে যাচ্ছে।১০ অক্টোবর সোয়ারীঘাটে গিয়ে দেখা গেছে, সকাল ১০টায় চাল দেওয়া শুরু হলেও শেষ হয়ে যায় দুপুর সোয়া ১২টার মধ্যে। জিঞ্জিরার কুলসুম ও মর্জিনা এসে চাল না পেয়েই ফিরে গেলেন। এখানকার আলতাব হোসেন ডিলারের বিক্রয়কর্মী রুহুল আমিন কারও কারও কাছে পাঁচ কেজির বেশি চাল বিক্রি করলেও তা অস্বীকার করেন।নগরের খোলাবাজারে বিক্রি হওয়া সব জায়গায় এমন চিত্র দেখা গেছে। কোনো কোনো ক্রেতার অভিযোগ, অনেক ডিলার বস্তা ভর্তি চাল বাইরে বিক্রি করে দেন। এ প্রসঙ্গে কামরাঙ্গীরচরের বাসিন্দা স্বপ্না বলেন, ‘বস্তা বাইরে বিক্রি না করলে, এই একই চাল দোকানে ক্যামনে কিনতে পাওয়া যায়।’ অন্যদিকে চাল বিক্রির সময় ক্রেতার নাম-ঠিকানা, স্বাক্ষর কিংবা টিপসই, পরিমাণ লেখার কথা থাকলেও অনেক জায়গায় তা লিখতে দেখা যায়নি। আবার ডিলারদের নিজেদের ইচ্ছামতো নাম-স্বাক্ষর-টিপসই দিতেও দেখা গেছে। এসব কথা অবশ্য বরাবরই অস্বীকার করে আসছেন ট্রাকের চালবিক্রয়কর্মীরা।