বাংলাদেশের টেস্ট এলেই মনে পড়ে তাঁর কথা। জাতীয় লিগে ৫ উইকেট নিয়ে কাল নিজেকে জানানও দিয়ে রাখলেন কিছুটা। ৫ উইকেটের উদ্যাপনটাও হলো ব্যতিক্রমী। সেই উদ্যাপন, কালকের ম্যাচ ও সামনের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে মিরপুরে কাল কথা বললেন ঢাকা বিভাগের পেসার শাহাদাত হোসেন ৫ উইকেট নেওয়ার পর দেখা গেল ড্রেসিংরুম-গ্যালারির দিকে হাত তুলে দেখাচ্ছেন। কেমন ভঙ্গিও যেন করছিলেন হাত দিয়ে!শাহাদাত হোসেন: ৫ উইকেট নিয়েছি, তাই ৫ আঙুল তুলে দেখালাম। আর হাতের ওই ভঙ্গিটা চিনতে পারেননি? ক্রিস্টিয়ানো রোনালদো গোল করার পর বাতি জ্বলা-নেভার মতো করে যেমন ভঙ্গি করে হাত দিয়ে, সেটাই করলাম। রোনালদোর মতো কেন?শাহাদাত: রোনালদো আমার প্রিয় খেলোয়াড়। এমনিতে আমি আর্জেন্টিনার সাপোর্টার, মেসিকেও ভালো লাগে। কিন্তু রোনালদো খুব হার্ডওয়ার্কার। বল নিয়ে যেভাবে দ্রুতগতিতে ছোটে, সেটা ভালো লাগে। আর খুব স্টাইলিশও। সব মিলিয়েই রোনালদোকে আমার দারুণ লাগে। আমি আমার খেলায় ওর মতো উদ্যাপন করলাম, এই তো। আপনাদের ব্যাটিংয়ের সময় দেখা গেল পুরো সময়টাই আপনি বাউন্ডারির বাইরে ছুটোছুটি করলেন, চিৎকার করে কী সব বলছিলেন। ৫ উইকেট নেওয়ায় মন বেশ ফুরফুরে!শাহাদাত: ৫ উইকেট না পেলেও এমন করতাম। খেয়াল করলেই দেখবেন, এমনটা আমি সব সময়ই করি। আসলে জাতীয় লিগে তো মাঠে দর্শক বেশি আসে না। আমাদের ব্যাটসম্যানদের উৎসাহ দেওয়ার তেমন কেউ নেই। আমিই তাই মাঠের বাইরে থেকে যতটা সম্ভব ব্যাটসম্যানদের উৎসাহ দেওয়ার চেষ্টা করি সব সময়। উইকেটে তো বেশ বাউন্স ছিল, এখানে বোলিংটা নিশ্চয়ই উপভোগ করেছেন?শাহাদাত: বাউন্স ছিল, তবে সত্যি বলতে খুব বেশি নয়। আমি বাউন্স আদায় করে নিয়েছি। নিজের সবটা দিয়ে বোলিং করেছি। সকালে উইকেট একটু ভেজা ছিল, বল থেমে আসছিল। তখন শর্ট বল বেশি করিনি, সামনে বল করেছি। পরে শর্ট বল বেশি করেছি, বিশেষ করে লোয়ার-অর্ডারদের। আমার মনে হয় লোয়ার-অর্ডারদের জন্য শর্ট বল খুব কাজে দেয়। শেষ দুটি উইকেট তো শর্ট বলেই পেলাম। মার্চের এশিয়া কাপের পর আর জাতীয় দলে খেলা হয়নি আপনার। কিন্তু সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, আর টেস্ট ক্রিকেট এলেই তো আপনার কথা মনে পড়ে সবার...শাহাদাত: আশা তো করিই দলে থাকার। আগের ম্যাচেও ভালো বোলিং করেছিলাম (রাজশাহীর বিপক্ষে দুই ইনিংসে পেয়েছিলেন ৫ উইকেট)। আমি চেষ্টা করে যাচ্ছি, এখন দেখা যাক...। দলে যদি রাখা হয়, প্রস্তুতিটা কি যথেষ্ট হয়েছে?শাহাদাত: ভালোই হয়েছে। জাতীয় দলে বেশ কিছুদিন না খেললেও কিন্তু খেলার মধ্যে ছিলাম। ভারতে গেলাম ‘এ’ দলের হয়ে। ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্সের বিপক্ষে খেললাম। জাতীয় লিগে দুটি ম্যাচ খেলা হচ্ছে। একটা ক্যাম্পও হয়েছে রিচার্ড ম্যাকিন্সের পরিচালনায়। ওই ক্যাম্পটা খুব কাজে লেগেছে। সব মিলিয়ে প্রস্তুতি ভালোই হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও কি আজকের মতো উইকেট চাইবেন?শাহাদাত: দলে সুযোগ পাওয়ার আগেই এসব বলা হয়তো ঠিক হবে না। তবে এটুকু বলতে পারি, উইকেটে একটু বাউন্স থাকা ভালোই। দেশে বাউন্সি উইকেট তো আমরা পাই না। স্পিনই যেহেতু আমাদের মূল শক্তি, স্পিনিং উইকেট বানানোই স্বাভাবিক। তবে ওয়েস্ট ইন্ডিজের এখন সুনীল নারাইনের মতো স্পিনার আছে। শুনছি, উইকেট নাকি একটু বাউন্সি হতে পারে। আমাদের এখানে একবারই অমন উইকেট পেয়েছিলাম, চট্টগ্রামে ৫ উইকেট করে নিয়েছিলাম আমি আর সাকিব (২০১০ সালের জানুয়ারিতে)। অমন উইকেট পেলে, প্রতিপক্ষ যে-ই থাকুক, ইনশাআল্লাহ, আমি ভালো করব।