‘র্যাবের সঙ্গে ধস্তাধস্তি’, নারী গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে গতকাল শুক্রবার র্যাবের অভিযান চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন রহিমা বেগম (৪০) নামের এক নারী।র্যাব দাবি করেছে, মাদকবিরোধী অভিযানের সময় র্যাবের এক সদস্যের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে পিস্তল কেড়ে নেওয়ার চেষ্টা করেন ওই নারী। এ সময় পিস্তল থেকে একটি গুলি বের হয়ে তাঁর মাথার বাঁ পাশে বিদ্ধ হয়। আহত নারী একজন মাদক ব্যবসায়ী।তবে আহত রহিমার স্বজনদের অভিযোগ, ওই নারীর মাথা লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন র্যাবের এক সদস্য। এতে তিনি আহত হন। আহত রহিমা বেগম র্যাব হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।র্যাবের কর্মকর্তারা জানান, গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে ভৈরব শহরের পঞ্চবটী পুকুরপাড় এলাকায় র্যাব মাদকবিরোধী অভিযান চালায়। এলাকাটি মাদক ব্যবসার আখড়া হিসেবে পরিচিত।প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের সময় প্রথমে র্যাব সদস্যরা ইদু মিয়ার ছেলে ফারুক মিয়াকে (৩৫) গ্রেপ্তার করে পাশের আলম মিয়ার বাড়িতে নিয়ে যান। গুলিবিদ্ধ রহিমার বাড়ি আলম মিয়ার বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে। আলম মিয়ার বাড়ির পাশের বাড়িটি রহিমার ভাশুর রমজান মিয়ার। ঘটনার সময় রমজান মিয়ার বাড়িতে ছিলেন রহিমা। ওই বাড়িতে ফারুককে নিয়ে ঢোকার পর রহিমা বেগম র্যাব সদস্যদের পরিচয় জানতে চান এবং ফারুক মিয়াকে ধরে নেওয়ার কারণ জিজ্ঞেস করেন।রমজান মিয়ার দাবি, এতে ক্ষুব্ধ হয়েই র্যাবের এক সদস্য রহিমাকে লক্ষ্য করে গুলি করেন।আলম মিয়ার ভাইয়ের স্ত্রী প্রত্যক্ষদর্শী খাদিজা বেগম (১৫) ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খোরশেদ আলম ও সহকারী কমিশনার (ভূমি) শামীম আহমেদকে সাংবাদিকদের সামনে বলেন, র্যাব সদস্যরা রহিমাকে গুলি করেছেন।ইউএনও খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রত্যক্ষদর্শীর কাছ থেকে ঘটনার বর্ণনা শুনেছি। রহিমা গুলিবিদ্ধ হয়েছেন ঠিক। কিন্তু কার ছোড়া গুলিতে তিনি আহত হয়েছেন, তা স্পষ্ট করে জানা যায়নি।’ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির জানান, ঘটনা জানার পর পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে আছে।র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল গাজী মোহাম্মদ আহসানুজ্জামান প্রথম আলোকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পঞ্চবটীতে অভিযান চালায় র্যাব। অভিযানে ৪১ বোতল ফেনসিডিলসহ রহিমা বেগম এবং তাঁর এক সহযোগী ফারুক মিয়াকে আটক করা হয়। তাঁদের নিয়ে স্থানীয় আলম মিয়ার বাড়িতে যাওয়ার পর রহিমা বেগম র্যাব সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। একপর্যায়ে এক সদস্যের কাছ থেকে পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় পিস্তল থেকে একটি গুলি বের হয়ে রহিমার মাথার বাঁ পাশে লাগে।গুলিবিদ্ধ রহিমাকে গতকাল সন্ধ্যা সোয়া সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় র্যাব। হাসপাতালে ভর্তির পরপরই চিকিৎসকেরা অস্ত্রোপচার করেন। রহিমার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।এলাকাবাসী জানান, পঞ্চবটী এলাকাটি স্থানীয়ভাবে মাদকপল্লি হিসেবে পরিচিত। ভৈরবের বেশির ভাগ মাদক ব্যবসা পঞ্চবটী পুকুরপাড় থেকে নিয়ন্ত্রিত হয়। রহিমা বেগম একসময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয় মানুষ জানান।রহিমার স্বামী ধন মিয়ার দাবি, ১০ বছর আগে কিছু সময়ের জন্য মাদক ব্যবসা করেছেন তাঁরা। এখন আর করছেন না।