‘র্যাবই আমার স্বামীকে হত্যা করেছে’
কুষ্টিয়ায় নিহত ঢাকার ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা রফিকুল ইসলাম মজুমদারের স্ত্রী আয়শা বেগম বলেছেন, ‘র্যাবই আমার স্বামীকে হত্যা করেছে।’ তিনি এই খুনের জন্য সরকারকে দায়ী করেন এবং এর সুষ্ঠু বিচার চান। আজ সোমবার রাত আটটার দিকে রফিকুল ইসলামের লাশ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে নিজ বাড়িতে পৌঁছায়। সেখানেই তাঁর জানাজা হয়। এ সময় রফিকুল ইসলামের বাড়িতে গ্রামবাসীর ভিড় জমে। রফিকুল ইসলামের বাবা মনিরুজ্জামান মজুমদার শোকে বারবার জ্ঞান হারান। বৃদ্ধা মা সুফিয়া বেগম কেঁদে কেঁদে বলেন, ‘আমার পোলা কী দোষ করছে আমি জানতে চাই।’ রফিকুলের চার বোন সাজেদা বেগম, মাজেদা বেগম, রওশন আক্তার ও নূরজাহান বেগম খুনিদের বিচার চান। গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুষ্টিয়ার কুমারখালী থানা এলাকার একটি পেঁয়াজের খেতে হাতকড়া পরা অবস্থায় বিএনপির নেতা রফিকুল ইসলামের লাশ দেখতে পায় এলাকাবাসী। ওই দিন র্যাবের পোশাক পরা সশস্ত্র ব্যক্তিরা ঝিনাইদহের শৈলকুপা থেকে তাঁকে ধরে নিয়ে যান। এর দুই ঘণ্টা পরই কুষ্টিয়ায় তাঁর লাশ পাওয়া যায়। রফিকুলের স্বজন ও প্রতিবেশীদের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনই তাঁকে ধরে নিয়ে খুন করেছেন। হাতকড়ার ওপর খোদাই করে ‘পুলিশ’ লেখা রয়েছে। তবে পুলিশ-র্যাব কেউ এই হত্যা বা গ্রেপ্তারের দায় স্বীকার করেনি। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন বলেন, বাজারে ‘পুলিশ’ লেখা হাতকড়া কিনতে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা এ সুযোগটা কাজে লাগিয়েছে। রফিকুল ইসলাম ঢাকার ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ও গুলিস্তান এলাকার ঢাকা মহানগর কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সহসভাপতি ছিলেন।