‘লং লিভ মাই কান্ট্রিম্যান’: ফাঁসির মঞ্চে তাহেরের শেষ কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে কর্নেল তাহের বলেছিলেন, ‘লং লিভ মাই কান্ট্রিম্যান’। ১৯৭৬ সালের ২০ জুলাই ভোরে ফাঁসি কার্যকরের ৩০ সেকেন্ড আগে তিনি এ শব্দগুলো উচ্চারণ করেছিলেন বলে জানিয়েছেন দণ্ড কার্যকরের সময় উপস্থিত তত্কালীন ম্যাজিস্ট্রেট খন্দকার ফজলুর রহমান।কর্নেল তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের চূড়ান্ত শুনানিতে আজ বুধবার ফজলুর রহমান এ তথ্য জানান। একই সঙ্গে তুলে ধরেন তাহেরের সঙ্গে আলাপচারিতার অংশ বিশেষ।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি চলছে। আজ খন্দকার ফজলুর রহমান ছাড়াও তত্কালীন এসডিও মকবুল হোসেন ও হাবিলদার আবদুল হাই মজুমদার বক্তব্য দেন। শুনানি গ্রহণের পর আদালত কাল বৃহস্পতিবার সকালে ঢাকার জেলা প্রশাসক মহিবুল হককে হাইকোর্টে হাজির হতে নির্দেশ দিয়েছেন।এ ব্যাপারে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, কর্নেল তাহেরের গোপন বিচারের বিষয়ে নথিপত্র জেলা প্রশাসকের কার্যালয়ে রয়েছে কি না, সে বিষয়ে জানাতে জেলা প্রশাসককে আসতে বলা হয়েছে।শুনানিতে কর্নেল তাহের দণ্ড কার্যকর ও তাঁর সঙ্গে কথোপকথনের বর্ণনা তুলে ধরেন খন্দকার ফজলুর রহমান। তিনি বলেন, ‘সন্ধ্যায় তাঁকে (তাহের) তওবা পড়ান মৌলভি সাহেব। ২০ জুলাই ভোররাতে (২১ জুলাই) তিনটার দিকে জেলার ফাঁসি কার্যকরের বিষয়টি তাঁকে অবহিত করেন। ওই সময় কর্নেল তাহের তাঁর নিজের লেখা একটি কবিতা আমাকে পড়ে শোনান। কনডেম সেলে থাকা তাহের কবিতাটি ও দুটি পাইপ (সিগেরেটের) তাঁর বড় ভাইয়ের কাছে পৌঁছে দিতে বলেন। আমাকে (ফজলুর রহমান) বলেন, দেখেন রশি ঠিক আছে কি না, ভেজলিন দেওয়া হয়েছে কি না? গ্যালোতে (ফাঁসির মঞ্চ) নিয়ে যাওয়ার সময় তাহের বলেন, আমি মাস্ক (মুখোশ) পরে যেতে চাই না। আমি বলি আইনে আছে মাস্ক পড়ে যেতে হবে। এর ব্যত্যয় ঘটানো যাবে না। আদালত জানতে চান, উনি কি স্বাভাবিক ছিলেন? জবাবে ফজলুর রহমান বলেন, উনি স্বাভাবিক ছিলেন।’ফজলুর রহমান বলেন, ‘জেলার রুমাল ধরে দাঁড়িয়ে থাকেন। রুমাল ছেড়ে দেওয়ার পর রশি টান দেওয়া হয়। আধা ঘণ্টার মতো রশিটা ঝুলতে থাকে। ঠিক আধা ঘণ্টা পড় রশিটা স্থির হয়ে যায়। এরপর সিভিল সার্জেন মৃত্যু নিশ্চিত করেন। এরপর চলে যাই।’ আদালত জানতে চান, ‘মৃতদেহ কোথায় নিয়ে যাওয়া হয়।’ জবাবে ফজলুর রহমান বলেন, ‘আমি জানি না।’হাবিলদার আবদুল হাই মজুমদার বলেন, ‘পঁচাত্তরের শেষ দিকে আমাকে গ্রেপ্তার করা হয়। তাহের বিদ্রোহী বলে রাজসাক্ষী দিতে বলে। নির্যাতন চালানো হয়। আমি বলেছিলাম, তাহের বিদ্রোহী নন। তাঁর (তাহেরের) বিরুদ্ধে আমি সাক্ষ্য দেব না। পরে আমাকে এক বছর তিন মাস কারাদণ্ড দেওয়া হয়।’