‘লক্ষ্য ঐতিহ্য ফিরিয়ে আনা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল থেকে বলতে গেলে হারিয়েই গিয়েছিল বিজেএমসি। প্রায় তিন যুগ পর আবারও ফেডারেশন কাপ দিয়ে নতুন করে শুরু হলো দলটির পথচলা। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামল বিজেএমসি। দলটির অধিনায়ক আলফাজ আহমেদের কণ্ঠে শোনা গেল পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় অনেক দিন পর বিজেএমসি ফুটবলে ফিরল। আপনি সেই দলের অধিনায়ক, কেমন লাগছে?আলফাজ আহমেদ: খুবই ভালো লাগছে। বেশি ভালো লাগছে এই ভেবে, শুরুটা আমাদের খারাপ হয়নি। মোহামেডানের মতো বড় দলের বিপক্ষে ড্র করলাম। শেষ ১৬ মিনিট ১০ জন নিয়ে খেললাম। নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের এই দলের শক্তি কেমন। তবে জিতলে আরও বেশি ভালো লাগত। ফুটবলে বিজেএমসির ঐতিহ্য ছিল। সেটা কতটুকু ফেরাতে পারবেন বলে মনে হয়?আলফাজ: দেখুন, এই বিজেএমসি থেকে উঠে এসেছেন সালাম ভাই (মুর্শেদী), আসলাম ভাইদের মতো ফুটবলার। পুরান ঢাকার হাসান ভাই, বাসুদা, সুহাসদা একসময় খেলতেন বিজেএমসিতে। এমন একটি দলে আমি খেলতে পারছি বলে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে। আবারও বিজেএমসি ঢাকার ফুটবলে দাপট দেখাবে সেটাই আমরা চাই। আমি আশাবাদী, ভবিষ্যতে বিজেএমসি আবারও শক্তিশালী একটা দল হিসেবে গড়ে উঠবে। এই দলে কি তেমন সম্ভাবনাময় কোনো খেলোয়াড় আছে?আলফাজ: অবশ্যই আছে। অনূর্ধ্ব-১৯ দলের কাকন খুবই ভালো খেলছে। ওর মতো আরও দু-একজন রয়েছে। এরা যদি ঠিকমতো প্রশিক্ষণ পায়, বিজেএমসি থেকে বড় মাপের ফুটবলার তৈরি হবে।  আপনার দলের বিদেশিদের সম্পর্কে কিছু বলুন...আলফাজ: বাঙ্গুরা আর বেইবেক—দুজনই পরীক্ষিত ফুটবলার। ভালোই খেলেছে ওরা। রশিদিও ভালো মানের খেলোয়াড়। তবে এক ম্যাচ দেখে তো কিছু বলা যাবে না। আশা করছি, আগামী ম্যাচ থেকে আরও ভালো সার্ভিস পাব ওদের কাছ থেকে। আপনি এই বয়সেও দারুণ খেলছেন। রহস্যটা কী?আলফাজ: (হাসি) রহস্য কিছুই না। দলে সব সময় আমার সেরাটাই দিতে চেষ্টা করি। আজ (কাল) দুটি ভালো সুযোগ পেয়েছিলাম। কিন্তু দারুণ সেভ করেছে মোহামেডানের গোলকিপার। আমাদের দুর্ভাগ্য, গোল পাইনি।  কিন্তু পুরো সময় তো খেলার সুযোগ পেলেন না...আলফাজ: আসলে আমাদের দলে অনেক খেলোয়াড়। কোচ পরীক্ষা করছেন কে কেমন। এখানে সবাই প্রতিষ্ঠিত খেলোয়াড়। নির্দিষ্ট একটা কৌশল অনুসারেই দলে পরিবর্তন এনেছেন তিনি। উঠে আসতে হয়েছে বলে দুঃখ নেই। এই মৌসুমে আপনাদের লক্ষ্য কী?আলফাজ: পুরো মৌসুমে আমরা একটা ভালো অবস্থানে দেখতে চাই নিজেদের। আমাদের মূল লক্ষ্য হলো বিজেএমসির পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনা।  ক্লাবের সভাপতি মৌসুম শেষে এক লাখ টাকা পুরস্কার দেবেন খেলোয়াড়দের। নিশ্চয়ই এটা একটা বাড়তি অনুপ্রেরণা?আলফাজ: হ্যাঁ। খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য সুন্দর একটা ঘোষণা এটা। আমি আমার সারা জীবনে কোনো ক্লাব থেকে এমন ঘোষণা পাইনি। আমাদের রেজাল্ট যা-ই হোক না কেন, আমরা টাকা পাব—সবাই এটাকে খুবই ভালোভাবে নিয়েছে। আমরা এই পুরস্কারের মান রাখতে চাই।