এর মধ্যেই চলে গেছে প্রায় চার মাস। মাঠের বাইরে থাকতে হবে আরও অন্তত তিন মাস। তবে দক্ষিণ আফ্রিকা থেকে কাঁধের অস্ত্রোপচার করিয়ে কাল বিকেলে দেশে ফেরা পেসার রুবেল হোসেন আশাবাদী, মাঠে ফিরতে পারবেন টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই। বিশ্বকাপ সামনে রেখেই শুরু করবেন পুনর্বাসন অস্ত্রোপচারের পর এখন কী অবস্থা কাঁধের?রুবেল হোসেন: আমার ডান কাঁধে দুটি অস্ত্রোপচার হয়েছে। অনেক সময় লেগেছে অস্ত্রোপচারে। তবে এখন অনেকটাই ভালো আছি। ব্যান্ডেজ থাকলেও নাড়াচাড়া করতে পারছি। অল্প অল্প ব্যথা আছে। মাঠে ফিরতে কয়দিন লাগবে?রুবেল: ডাক্তার বলেছেন তিন সপ্তাহ মুভমেন্ট করা যাবে না। এর মধ্যে এক সপ্তাহ হয়ে গেছে। তিন সপ্তাহ পর পুনর্বাসন শুরু হবে। ধাপে ধাপে নেটে বোলিং শুরু করব। তবে সেটা কবে থেকে, তা বোঝা যাবে মাস খানেক পর। সব ঠিকঠাকভাবে এগোলে তিন মাসের মতো লাগবে মাঠে ফিরতে। ডাক্তার তাই বলেছেন। চোটে পড়ার আগে তো খুব ভালো বোলিং করছিলেন। সেই ধারাবাহিকতায় বাধা পড়ে গেল...রুবেল: হ্যাঁ, একটু তো সমস্যা হলোই। আবার নতুন করে শুরু করতে হবে। কিন্তু এ নিয়ে এখন আর চিন্তা করে লাভ নেই। আমার এখন একটাই টার্গেট—যত তাড়াতাড়ি মাঠে ফেরা যায়। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেও অনেক খেলা আছে। এই সময়ে মাঠের বাইরে থাকা কতটা হতাশাজনক?রুবেল: হতাশাজনক তো অবশ্যই। কিন্তু আবারও বলি, এসব নিয়ে ভেবে লাভ নেই। আমি চাই, দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে। ইচ্ছা আছে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার। সেটাকে সামনে রেখেই প্রস্তুতি নেব। টুকটাক চোটে আগেও পড়েছেন। সেগুলোর সঙ্গে এবারের চোটটাকে কীভাবে তুলনা করবেন?রুবেল: এটাই আমার জীবনের সবচেয়ে ভোগান্তির ইনজুরি। এ রকম ইনজুরিতে আর কখনো পড়িনি। এর আগে একবার পায়ে চোট পেয়েছিলাম। তখন দুই-আড়াই মাসের মতো মাঠের বাইরে ছিলাম। কিন্তু এবার এর মধ্যেই প্রায় চার মাস হয়ে গেছে। আরও তিন মাস মাঠের বাইরে থাকতে হবে। চোট-আঘাত পেসারদের সঙ্গী। তো এটা থেকে দূরে থাকতে কি কোনো পরামর্শ দিয়েছেন দক্ষিণ আফ্রিকান চিকিৎসক?রুবেল: ফিটনেস বাড়ানোর কথা বলেছেন। নিয়মিত এক্সারসাইজ করতে বলেছেন। ভারী কিছু নিতে নিষেধ করেছেন। ফিটনেস ভালো থাকলে ইনজুরি কম হয় খেলোয়াড়দের। তবে আমার কপালও খারাপ। ইনজুরিতে পড়লাম কিনা ডাইভ দিতে গিয়ে! টিভিতে পরে দেখেছি, অমন কোনো বাজেভাবে ডাইভ দিইনি যে ইনজুরিতে পড়ে যাব। দেখে মনেই হয়নি এরপর আমার সিরিয়াস কিছু হবে। আসলে ফিটনেসটা অনেক গুরুত্বপূর্ণ। হয়তো ওখানেই কোনো ঘাটতি ছিল আমার। পুনর্বাসন-প্রক্রিয়াটা কী রকম হবে?রুবেল: আমাদের ফিজিও বিভব সিং আমার সঙ্গে ছিলেন। ডাক্তার তাঁকে সবকিছু বুঝিয়ে দিয়েছেন। আপাতত চিকিৎসা চলবে। দু-এক দিনের মধ্যে আল্ট্রাসনো করে দেখা হবে কী অবস্থা। জায়গাটা এখন টাইট হয়ে আছে। এটাকে রিলিজ করতে হবে। পুনর্বাসন শুরু হওয়ার পরই আসলে বোঝা যাবে অবস্থার কতটা উন্নতি হচ্ছে।