ফুটবল খেলতে গিয়ে মাথা ফাটিয়ে ফেলেছেন, প্রস্তুতি ম্যাচটায় তাই খেলা হচ্ছে না। চারটি সেলাই পড়েছে মাথায়, তার পরও হাসিখুশি রয়েছেন। জিম্বাবুয়ে সফরে ভালো করার ব্যাপারে অবশ্য দারুণ প্রত্যয়ী পেসার রবিউল ইসলাম মাথা ফাটার পর তো আপনার হাসিটা আরও বেশি চওড়া হয়েছে!রবিউল ইসলাম: কী আর করব! ফুটবল খেলতে গিয়ে রুবেলের মাথার সঙ্গে লেগে গেল। দুর্ঘটনা দুর্ঘটনাই, কিছুই করার নেই। তাই হাসছি...এমনিতেও আমি হাসিখুশি থাকতেই পছন্দ করি। অভিষেক টেস্টে ভালো না করার পরও দলে টিকে গেছেন। এবারই নিজেকে প্রমাণ করার লড়াই...রবিউল: হ্যাঁ...লর্ডসে অভিষেকটা বাজে হওয়ার পর দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ পাইনি। ওই সিরিজের পর এই প্রথম টেস্ট খেলছে বাংলাদেশ। আমার লক্ষ্য একাদশে ফেরা। একাদশে থাকলে ভালো কিছু করতে পারব বলেই বিশ্বাস। সেই লর্ডসেই এখন ২০০০তম টেস্ট হচ্ছে, অভিষেক টেস্টের স্মৃতি মনে পড়ে না?রবিউল: কাল (পরশু) খেলা দেখেছি। হ্যাঁ, অনেক কথাাই মনে পড়ে। তবে স্মৃতিটা আমার জন্য সুখকর নয়। অভিষেকের আগে মনে মনে ভেবেছিলাম, লর্ডসে খেলব, দারুণ কিছু করব। খুব রোমাঞ্চিত ছিলাম। এটাই হয়তো কাল হয়েছে। বেশি ভেবে ভেবে নার্ভাস হয়ে গিয়েছিলাম। মাঠে নেমে নিজের কাজটা ঠিকঠাক করতে পারিনি। আপনার অভিষেক টেস্টে ৫ উইকেট নিয়েছিলেন শাহাদাত হোসেন। তাঁরও কিন্তু লর্ডসে অভিষেকের অভিজ্ঞতা দুঃসহ। পরে টেস্ট দলের মূল পেসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এটাও তো আপনার অনুপ্রেরণা হতে পারে?রবিউল: অবশ্যই। সিনিয়ররা সব সময়ই আমার অনুপ্রেরণা। আমি নিজেও চেষ্টা করছি ওই স্মৃতি ভুলে যেতে। ওই যে বললাম, ভেতরে ভেতরে খুব বেশি উত্তেজিত ছিলাম। এরপর নিজেকে বুঝিয়েছি, একটা ইনিংস খারাপ যেতে পারে। নিজে তো জানি, লর্ডসে যেমন বোলিং করেছি, আমি আসলে অতটা খারাপ বোলার নই। নিজেকে প্রমাণের তাড়না তাই আমারও আছে। নির্বাচকদের ধন্যবাদ, আমাকে দলে রেখেছেন। একাদশে থাকলে যোগ্যতা প্রমাণের সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু নিজেকে প্রমাণের দায় আবার চাপ হয়ে চেপে বসবে না তো?রবিউল: চাপ ভাবলে চাপ। এবার আমি অতটা ভাবাভাবিতে যেতে চাই না। কী আর হবে, লর্ডসের চেয়ে খারাপ তো আর হবে না! এবার নিজের বোলিংয়ের দিকে মনযোগ দিতে চাই। আমার প্রথম লক্ষ্য জিম্বাবুয়ে সফরের প্রস্তুতি ম্যাচটায় ভালো করা। তাহলে হয়ত একাদশে থাকা নিশ্চিত হবে। বাকীটা তারপর দেখা যাবে। একটু পেছনে ফেরা যাক...আপনার শুরুর কথা কিছু বলুন...রবিউল: কবে খেলা শুরু করেছি, মনে নেই। আমি সাতক্ষীরার ছেলে, খেলি ছোট থেকেই। জোরে বল করতাম। ইচ্ছে করে পেসার হইনি, হয়ে গেছি আর কি! কীভাবে হলাম জানি না। সাতক্ষীরার কিছু বড় ভাই আমাকে অনেক সাহায্য করেছেন। এরপর পেসার হান্টে ভালো করলাম, ২০ জনের শর্ট লিস্টে টিকে গেলাম। ক্যাম্প হলো। এরপর এগিয়ে যাওয়া। আমি সরাসরি প্রিমিয়ারে খেলেছি। ইমরান স্যার (সারোয়ার ইমরান) আমাকে সিটি ক্লাবে নিয়ে এসেছিলেন। জাতীয় দলে খেলতে পারি বা অতদূর যেতে পারি, এটা কবে বুঝতে পারলেন?রবিউল: সিটি ক্লাবের পর প্রিমিয়ারে খেলি ভিক্টোরিয়ার পক্ষে। ভালো করার পর একাডেমি দলে জায়গা হয়। শ্রীলঙ্কা একাডেমির সঙ্গে দেশের মাটিতে একটা সিরিজ হয়েছিল আমাদের। আমি ৮ উইকেট নিয়েছিলাম দুটি চারদিনের ম্যাচে। ওয়ানডের ফাইনাল ম্যাচে ৫ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছিলাম। তারপরই মনে হলো, হয়ত একদিন খেলব দেশের হয়ে। এখন ভবিষ্যত লক্ষ্য?রবিউল: বড় কোনো লক্ষ্য নেই। অনেক দূরেও তাকাচ্ছি না। আপাতত লক্ষ্য দলে জায়গা পাকা করা।