বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম পর্ব শেষ হলো কাল। প্রায় তিন মাসে প্রতিটি দল খেলেছে মাত্র ১০টি করে ম্যাচে। শম্বুকগতির এই লিগের প্রথম পর্বে কেমন খেলা হয়েছে? লিগের বিভিন্ন দিক নিয়ে মূল্যায়ন করলেন অবনমনের শঙ্কায় থাকা রহমতগঞ্জের কোচ মাহমুদুল হক (লিটন) প্রথম পর্ব তো শেষ হলো। আপনার মূল্যায়ন কী?মাহমুদুল হক: সামগ্রিকভাবে খারাপ বলব না। নতুন কিছু ছেলে উঠে আসছে। এটা ফুটবলের জন্য ভালো। অন্য দলের কথা বলতে পারব না। তবে বিদেশিরা আন্তরিক হলে হয়তো আমাদের অবস্থা একটু ভালো হতো। ৯ পয়েন্ট নিয়ে আমরা বিপৎসীমার মধ্যেই আছি। তবে আশা করি, দ্বিতীয় পর্বে ভালো করব। লিগের কোন দিকটা আলাদা করে চোখে পড়েছে?মাহমুদুল: বাজে রেফারিং সবচেয়ে খারাপ দিক। রেফারিদের ভুল হতেই পারে। তার পরও কিছু ভুলের ক্ষমা হয় না। এবার সেই রকম অনেক ভুল হয়েছে। যে কারণে ছোট দল বেশি ভুগেছে। এমনিতে গতবারের তুলনায় এখন পর্যন্ত লিগে কোনো উন্নতি দেখেছেন? মাহমুদুল: উন্নতি বলতে খেলা ভালোই হচ্ছে। সমমানের দল বেশি হওয়ায় শিরোপা লড়াই জমে ওঠার আভাস ছিল। কিন্তু বাস্তবে তা ফলেনি। দু-একটি বাদে বাকি দলগুলো শ্রম এবং অর্থ বিনিয়োগ অনুযায়ী ফল পায়নি। সাতজন বিদেশি নিবন্ধন দেওয়া হলো এবার। খেলতে পারছেন চারজন। বিদেশিরা কেমন করছেন? মাহমুদুল: গতবারের মতো ভালো বিদেশি এবার নেই। দু-চারজন হয়তো ঠিক আছে। বাকিরা সেভাবে নজর কাড়তে পারেনি। বিদেশির সংখ্যা অবশ্যই কমিয়ে দেওয়া উচিত। আপনার দলের বিদেশিদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সমস্যাটা কোথায়?মাহমুদুল: ওরা ক্যাম্পে থাকে না। ঠিকমতো অনুশীলন করে না। আমরা বিদেশির ওপর নির্ভর করে দল গড়ি। সেই বিদেশিরা এভাবে শৃঙ্খলা ভাঙলে দল মুখ থুবড়ে পড়বেই। এটা একটা মহাসমস্যা। কিন্তু বিদেশিরা বলেন, তাঁরা বেতন পান না ঠিকমতো। এর জন্যই খেলায় মনোযোগ দিতে পারেন না...মাহমুদুল: এটা বাজে কথা। আমি তো ঠিকমতো বেতন পাই। অন্যরাও পায়। ৫ তারিখের বেতন ১০ তারিখ হতেই পারে। ওটা নিয়ে ওদের অভিযোগ করা ঠিক নয়। একটা ব্যাপার নিশ্চয়ই লক্ষ করেছেন। আমাদের স্থানীয় তারকা খেলোয়াড়েরা অনুজ্জ্বল। স্থানীয়দের মধ্যে মাত্র ৪ গোল করে শীর্ষে আছেন এমিলি! মাহমুদুল: প্রতিটি দলেরই স্ট্রাইকিংয়ে খেলে মূলত বিদেশিরা। সেখানে দেশি স্ট্রাইকারদের সুযোগ কোথায়? আমার দলেও দুজন তরুণ স্ট্রাইকার আছে। আমি তাদের সুযোগ দিতে পারছি না। এভাবে চললে দেশি খেলোয়াড়েরা হারিয়ে যাবে। লিগের ব্যবস্থাপনা কেমন?মাহমুদুল: আমরা মাঠে যাচ্ছি, ড্রেসিংরুম ব্যবহার করছি...এগুলো ঠিক আছে। মাঠে দর্শক নেই। এটাই বেশি খারাপ লাগে। আরেকটা বিষয়, দু-একটি বাদে বাকি দলগুলোর অনুশীলন মাঠ নেই। এটাও বড় সমস্যা। লিগে এই যে লম্বা লম্বা বিরতি, এতে খেলায় মনোযোগ রাখা কতটা কঠিন?মাহমুদুল: অনেক কঠিন। লম্বা বিরতি শুধু দল নয় লিগের ক্ষতি করছে। সেই ১ ফেব্রুয়ারি লিগ শুরু হলো। এত দিন আমরা খেললাম মাত্র ১০টি ম্যাচ। এবার পুরোনো ঢাকার দুই গঞ্জ অবমনের শঙ্কায় আছে। দুই দলের অনুশীলনই নাকি ঠিকমতো হয় না। এই দুরবস্থা কেন?মাহমুদুল: ফরাশগঞ্জের কথা বলতে পারব না। তবে আমার দল রহমতগঞ্জের অনুশীলন ঠিকমতোই হয়। বিদেশিরা ঠিকভাবে আসে না এই আরকি! এ ছাড়া আর সব ঠিক আছে। কী মনে হয় এবার চ্যাম্পিয়ন হবে কারা?মাহমুদুল: আবাহনীর সম্ভাবনা শতকরা ৯০ ভাগ। তাদের স্থানীয় এবং বিদেশি খেলোয়াড় সবাই ভালো। ব্যবস্থাপনাও ভালো।