‘লরেন্স অলিভার পুরস্কার’ পেয়েছে আকরাম খানের ‘দেশ’
যুক্তরাজ্যের মূলধারার সম্মানজনক লরেন্স অলিভার পুরস্কার পেয়েছে কোরিওগ্রাফার আকরাম খানের দেশ। বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, মুক্তিসংগ্রাম, শিকড়ের সন্ধান আর সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে আকরাম খান তৈরি করেছেন তাঁর প্রথম নৃত্য প্রযোজনা। আকরাম খানের ভাষায়, স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে এই প্রযোজনাটি তৈরি করেছেন।প্রথম আলোকে আকরাম খান জানান, জন্ম বাংলাদেশে না হলেও দেশ কিংবা শিকড়ের প্রতি টান অনুভব করেন তিনি। দেশের বাইরে থাকলেও বড় হয়েছেন নিজ পরিবারে, বাংলাদেশি আবহের মাঝে। তিনি বললেন, ‘আমার ভালোবাসা, রাগ আর ক্ষোভ রয়েছে দেশ-এর মাঝে। এমন অস্থির বাংলাদেশ আমরা চাইনি। নতুন প্রজন্ম কী চায়? আমি বিশ্বাস করি, অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। বাংলাদেশকে ঘিরে তৈরি আমার প্রথম কাজটি পুরস্কার পাওয়ায় বেশি ভালো লাগছে।’ এরই মধ্যে হংকং, বেলজিয়াম, ফ্রান্সে আকরাম খানের ড্যান্স কোম্পানি দেশ প্রযোজনাটির অনেকগুলো প্রদর্শনী করেছে। আর এসব প্রদর্শনীর কারণেই দারুণ আলোচিত হয় দেশ।২০০৫ সালে নৃত্যে অবদানের জন্য মেম্বার অব ব্রিটিশ এম্পায়ার (এমবিই) খেতাবে ভূষিত হন আকরাম খান। এবার লন্ডন অলিম্পিকে তাঁর নৃত্যশৈলী দেখবে পুরো বিশ্ব।