‘লাইনে দাঁড়িয়ে কলা-রুটিতে সেহরি, টিকিট পেলাম না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঈদে পরিবার নিয়ে বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল। ভেবেছিলাম একটি কেবিন নেব। সেই আশায় রাতেই কমলাপুরে টিকিটের লাইনে দাঁড়িয়েছিলাম। লাইনে দাঁড়িয়ে কলা-রুটি খেয়ে সেহরি সারলাম। কিন্তু সকালে কেবিন বা এসির টিকিট পেলাম না। শোভন চেয়ারের টিকিটের লাইন এত লম্বা! টিকিট পাওয়ার কোনো উপায় নেই। কাল আবার চেষ্টা করব।’কথাগুলো বলছিলেন ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেসের টিকিট কাটতে আসা যাত্রী মশিউর রহমান।মশিউরের মতো এমন অনেক মানুষ দাঁড়িয়েছিলেন টিকিটের লাইনে। অনেকেই টিকিট পেয়েছেন। বাকিদের ফিরতে হয়েছে নিরাশ হয়ে। ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য আজ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকা ও চট্টগ্রামসহ কয়েকটি স্টেশন থেকে অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা চলবে ২৫ আগস্ট পর্যন্ত। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টিকিট বিক্রি চলবে। আজ কমলাপুর রেলস্টেশনে দেওয়া হচ্ছে ২৬ তারিখের অগ্রিম টিকিট। কমলাপুর রেলস্টেশনে টিকিট কাউন্টারে গিয়ে দেখা গেছে, লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস, রাজশাহীগামী একতা এক্সপ্রেস, জামালপুরগামী যমুনা ও অগ্নিবীণা এক্সপ্রেসের টিকিটের জন্য ছিল ক্রেতাদের দীর্ঘ লাইন। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট পথের টিকিটের জন্যও লাইন ছিল ক্রেতাদের।