‘লাথি দেওয়া’ পরিদর্শক কবীর এখনো দায়িত্বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তেজিত ভঙ্গিতে নিচের ঠোঁট কামড়ে ধরে, পায়ের স্যান্ডেল খুলে প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিক জাহিদুল করিমকে লাথি মারছিলেন এক ব্যক্তি। সাদা-গোলাপি প্রিন্টের শার্ট, বাঁ-হাতে ওয়্যারলেস সেট। জাহিদুলকে মারধরের সময় প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিক খালেদ সরকার এই ভঙ্গিমার ছবিটি তোলেন।এরই মধ্যেই বিভিন্ন গণমাধ্যমে ওই ছবিটি প্রকাশিত হয়েছে। প্রথম আলোর তিন আলোকচিত্র সাংবাদিককে নির্যাতনের অভিযোগে পুলিশ জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) শহীদুল ইসলামসহ এখন পর্যন্ত পুলিশে ১০ সদস্য বরখাস্ত হয়েছেন। তবে ‘লাথি দেওয়া’ সেই ব্যক্তিটি এখনো দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি হলেন শেরেবাংলা নগর থানার পরিদর্শক-তদন্ত (ইন্সপেটকর) আহমেদ কবীর। আরেকটি ছবিতে তাঁর দেহের আংশিক দেখা গেছে, তখন তাঁর হাতে লাঠি ছিল।ওই দিনের ঘটনায় আহত হয়ে রাজধানীর ট্রমা সেন্টার হাসপাতালে ভর্তি আছেন জাহিদুল করিম। তিনি জানান, লোকটি তাঁকে লাথি মেরেছেন। থানায় নেওয়ার সময় লাঠি নিয়ে তাঁদের পিটিয়েছেন। তবে লোকটির পরিচয় জানতেন না জাহিদুল। আজ কয়েকজন সাংবাদিক শেরেবাংলা নগর থানায় গিয়ে তাঁকে দায়িত্বরত দেখে অন্যদের তা জানান।শেরেবাংলা নগর থানায় গিয়ে ঘটনা সম্পর্কে জানতে চাইলে আহমেদ কবীর লাথি দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি তো তাদের ধরতে গেছিলাম। আমি তাদের মারধর করিনি। ঘটনার সময় পড়ে গিয়ে হাতের আঙুলে ব্যথা পাই।’এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও সামাজিক সেবা শাখার অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ঘটনার পর তাত্ক্ষণিকভাবে যাঁদের নাম এসেছে, তাঁদের সবার বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন তদন্ত চলছে, সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছে তদন্ত কমিটি। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এই ঘটনায় যদি আরও কেউ জড়িত থাকেন, তাহলে অবশ্যই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর তাত্ক্ষণিকভাবে শাস্তিপ্রাপ্ত কেউ যদি নির্দোষ প্রমাণিত হন, তাহলে সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।