‘লাদেন অর্থকষ্টে ছিলেন’
আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন জীবনের শেষ দিনগুলোতে চরম অর্থকষ্টে পড়েছিলেন। লাদেনেরস্ত্রী আমাল আহমেদ আবদুলফাত্তাহ বলেছেন, তিনি অ্যাবোটাবাদের ওই বাড়িতে টানা পাঁচ বছর কাটিয়েছেন। এই সময়ে তিনতলা ওই বাড়িটির বাইরে যাওয়া তো দূরের কথা, একবারের জন্যও নিচতলায় নামেননি। গতকাল শুক্রবার পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা বার্তা সংস্থা এপিকে এ কথা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, তাঁরা এটা জেনেছেন যে জীবনের শেষ দিনগুলোতে লাদেন চরম অর্থসংকটে পড়েছিলেন। এ ছাড়া তাঁর আল-কায়েদা নেটওয়ার্ক দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। প্রতিপক্ষের গ্রুপটির নেতৃত্বে ছিলেন তাঁর একসময়ের সেকেন্ড ইন কমান্ড আইমান আল জাওয়াহিরি। গোয়েন্দা কর্মকর্তা আরও জানান, বিন লাদেনকে হত্যার পর অ্যাবোটাবাদের বাড়ি থেকে মার্কিন সেনারা তাঁর তিন স্ত্রীসহ সন্তানদের পাকিস্তানের সেনা হেফাজতে তুলে দেন। মার্কিন সেনা অভিযানকালে বিন লাদেনের স্ত্রীদের মধ্যে ইয়েমেনের বংশোদ্ভূত আমাল আহমেদ আবদুলফাত্তাহ গুলিবিদ্ধ হন। আমাল তাঁদের জানিয়েছেন, ওই বাড়িতে আসার পর তিনি গোপনীয়তা রক্ষার স্বার্থে এক দিনের জন্যও ওপর তলা থেকে নিচে নামেননি। দ্য গার্ডিয়ান জানায়, বিন লাদেন তাঁর তিন স্ত্রী ও কয়েকজন সন্তানকে নিয়ে অ্যাবোটাবাদের ওই বাড়িতে অন্তত পাঁচ বছর বাস করে আসছিলেন।গোয়েন্দা কর্মকর্তারা জানান, বিন লাদেন এত দিন কীভাবে ওই বাড়িতে আত্মগোপন করেছিলেন; কীভাবে সেখানে সময় কাটাতেন—স্ত্রীদের জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য নেওয়া হচ্ছে। এ ছাড়া মার্কিন সেনারা কীভাবে অভিযান চালিয়েছে সে ব্যাপারেও তাঁদের কাছ থেকে পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে বলে তিনি জানান। অন্য একজন গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, পাকিস্তানি কর্মকর্তাদের হেফাজতে থাকা বিন লাদেনের স্ত্রী ও সন্তানদের সঙ্গে সিআইএ কর্মকর্তাদের দেখা করতে দেওয়া হচ্ছে না। তিনি জানান, সোমবারের ওই অভিযানের আগেই পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের সেনা ও গোয়েন্দা সংস্থাগুলোর সহযোগিতামূলক সম্পর্কে ভাঙন ধরেছিল। অভিযানের পর সে ভাঙন আরও গভীর হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে পাকিস্তানের সেনাবাহিনীর মেজর জেনারেল আতাহার আব্বাস সিএনএনকে বলেন, জিজ্ঞাসাবাদ শেষে পাকিস্তানের আইন অনুযায়ী বিন লাদেনের পরিবারের সদস্যদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। এপি, রয়টার্স, সিএনএন ও বিবিসি অনলাইন।