‘লাদেনই ছিলেন আল-কায়েদা নিয়ন্ত্রক’
পাকিস্তানের অ্যাবাটাবাদে বসে ওসামা বিন লাদেনই সক্রিয়ভাবে আল-কায়েদা নিয়ন্ত্রণ করতেন। নাম প্রকাশ না করার শর্তে পেন্টাগনের এক কর্মকর্তা এ মন্তব্য করেছেন বলে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে। আল-কায়েদার নিয়ন্ত্রণ লাদেনের হাতে ছিল না বলে গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে পেন্টাগনের ওই কর্মকর্তার এই মন্তব্যে আল-কায়েদার বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ পরিচালনায় লাদেনের সক্রিয় অংশগ্রহণকেই নির্দেশ করে। নাম প্রকাশ না করা ওই পেন্টাগন কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, ‘অ্যাবোটাবাদের ওই বাড়িটি ছিল আল-কায়েদার শীর্ষ নেতার একটি সক্রিয় কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র। এটা পরিষ্কার যে, তিনি কেবল সংগঠনটির কৌশলগত চিন্তাবিদই ছিলেন না। তিনি অভিযান পরিকল্পনা এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণেও ছিলেন সক্রিয়।’ওই কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের অ্যাবোটাবাদের বাসভবনে বসে লাদেন আল-কায়েদার সন্ত্রাসবাদী কার্যক্রমের সবকিছুই নিয়ন্ত্রণ করতেন। ওই বাসভবনে প্রাপ্ত বিভিন্ন তথ্যপ্রমাণ মূল্যায়ন করে মার্কিন গোয়েন্দারা মনে করছেন, লাদেন আল-কায়েদার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন।