‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র হজ পালিত হচ্ছে আজ। সকাল থেকেই আরাফাতের ময়দান মুখরিত ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে। এভাবে তালবিয়া পাঠ করে মহান সৃষ্টিকর্তার কাছে নিজের উপস্থিতি জানাচ্ছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান। আজ মিনা থেকে আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন তাঁরা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তাঁরা এখানে অবস্থান করবেন। মসজিদে নামিরা থেকে হজের খুতবা দিচ্ছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ আল শাইখ। বাংলাদেশসহ বিশ্বের ১৫০টির বেশি দেশ থেকে এবার প্রায় ২২ লাখ মুসলমান হজ পালন করছেন। বাংলাদেশ থেকে গেছেন এক লাখ ১১ হাজার ২৭৯ জন। আজ আরাফাতের ময়দানে খুতবার পর জোহর ও আসরের নামাজ আদায় করবেন হাজিরা। তাঁরা সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করে পাঁচ কিলোমিটার দূরের মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। রাতে সেখানে অবস্থান করবেন খোলা মাঠে। শয়তানকে নিক্ষেপের জন্য প্রয়োজনীয় পাথর সংগ্রহ করবেন সেখান থেকে। কাল মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে হাজিদের কেউ ট্রেনে, কেউ গাড়িতে, কেউ হেঁটে মিনায় যাবেন এবং নিজ নিজ তাঁবুতে ফিরবেন। মিনায় বড় শয়তানের উদ্দেশে সাতটি পাথর মারার পর পশু কোরবানি দিয়ে মাথার চুল ছেঁটে (মাথা ন্যাড়া করে) গোসল করবেন। সেলাইবিহীন দুই টুকরো কাপড় বদল করবেন। এরপর স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে কাবা শরিফ সাতবার তাওয়াফ করবেন। কাবা শরিফের সামনের দুই পাহাড় সাফা ও মারওয়ায় ‘সাঈ’ (সাতবার দৌড়াবেন) করবেন। সেখান থেকে তাঁরা আবার মিনায় যাবেন। মিনায় আরও এক বা দুই দিন অবস্থান করে হজের অন্য আনুষঙ্গিক কাজ শেষ করবেন। এরপর আবার মক্কায় ফিরে বিদায়ী তাওয়াফ করবেন। আগে যাঁরা মদিনায় যাননি, তাঁরা বিদায়ী তাওয়াফের পর মদিনায় যাবেন। যাঁরা আগে মদিনায় গেছেন, তাঁরা নিজ নিজ দেশে ফিরবেন।